করুণাময়ী সড়কের করুণ হাল
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা গ্রামের দশম শ্রেণির ছাত্রী রিটা ফারিয়া প্রতিদিন দুই কিলোমিটার পথ হেঁটে বিদ্যালয়ে যায়। এর মধ্যে এক কিলোমিটার রাস্তা কাঁচা। সেখানে সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়। কাদাপানির কারণে নোংরা হয়ে পড়ে পোশাক ও জুতো। অনেক সময় বই-খাতাও পানিতে পড়ে ভিজে যায়।
রিটার মতো আনোয়ারার পরৈকোড়া ইউনিয়নের নয়নতারা উচ্চবিদ্যালয়ের বহু শিক্ষার্থীকেই এমন দুর্ভোগ পোহাতে হয়। তাদের যাতায়াতের একমাত্র পথ করুণাময়ী সড়ক নামে পরিচিত কাঁচা রাস্তা। এই রাস্তার পশ্চিম প্রান্তে করুণাময়ী উচ্চবিদ্যালয়ের পাশেই যোগেশচন্দ্র মেমোরিয়াল কলেজের অবস্থান। এই কলেজের অনেক শিক্ষার্থীকেও কাদাপানি মাড়িয়ে পড়াশোনা করতে আসতে হয়। এমন দুর্ভোগ দূর করতে গ্রামীণ রাস্তাটিতে ইট বিছিয়ে চলাচলের উপযোগী করার দাবি তাদের।
পরৈকোড়া ইউনিয়নের শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়নের লালানগর বাজার থেকে পরৈকোড়া নয়নতারা উচ্চবিদ্যালয় ও যোগেশচন্দ্র মেমোরিয়াল কলেজ পর্যন্ত এক কিলোমিটার দীর্ঘ করুণাময় সড়কটি কাঁচা হওয়ায় ইউনিয়নের পূর্ব কৈন্যারা, তালসরা, মুরালী, পরৈকোড়া ও বাথুয়া গ্রামের ৩০০ শিক্ষার্থীকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয়। সামান্য বৃষ্টি হলেই কাদায় ভরে ওঠে সড়কটি।
নয়নতারা উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্মৃতি দাশ অভিযোগ করে বলে, ‘এভাবে বিদ্যালয়ে যেতে ইচ্ছে হয় না। মা-বাবা জোর করে পাঠায় বলে যাই। নোংরা পানিতে স্কুলের পোশাক, জুতো, বই-খাতা নষ্ট হয়। ক্লাসে বসে আর পড়ায় মন দিতে পারি না।’
পরৈকোড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) ৪ নম্বর ওয়ার্ডের সদস্য বিকাশ দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘১৯৮০ সালে সড়কটি নির্মাণ করা হয় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে। এত বছরেও পাকা হয়নি এটি। এই সড়ক দিয়ে দুটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় হাজার খানেক শিক্ষার্থী যাতায়াত করে। বর্ষায় কাদা ও শুকনো মৌসুমে ধুলা মাড়িয়ে যাওয়া-আসা করতে হয় তাদের। শিক্ষার্থীদের সমস্যার কথা জানিয়ে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি। কিন্তু কোনো ফল পাইনি।’
আনোয়ারা উপজেলার ভারপ্রাপ্ত প্রকৌশলী তাসলিমা জাহান বলেন, ‘এ ব্যাপারে খোঁজ নেওয়া হবে। এরপর সড়কটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’