করের নতুন খাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আসছে নতুন অর্থবছরের বাজেট। এ সময় করের নতুন খাত নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান অর্থমন্ত্রী। অথচ তিনি চাইলে বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীদের ওপর বসাতে পারেন বিভিন্ন কর, বাড়াতে পারেন রাজস্ব আয়। কীভাবে? পথ বাতলে দিচ্ছে রস+আলো।
: ফেসবুকে প্রোফাইল খুলতে রেজিস্ট্রেশন ফি দিতে হবে। বছর শেষে পুরোনো আইডির মালিকেরা দেবেন হোল্ডিং ট্যাক্স। বাড়তি কর দিয়ে কালো প্রোফাইল (ফেক আইডি) করা যাবে সাদা।
: যার ফ্রেন্ড–ফলোয়ার বেশি, তিনি বেশি কর দেবেন। ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে গুনতে হবে ডাকমাশুল। কোনো মেয়ে যদি কোনো ছেলের ফ্রেন্ড রিকোয়েস্ট একসেপ্ট করে, তাহলে ছেলেটি নির্দিষ্ট ‘অ্যাড ফি’ না দেওয়ার আগ পর্যন্ত চ্যাট অপশন চালু হবে না।
: ফেসবুকে পরিচয় থেকে কারও সঙ্গে প্রেম–পরিণয় হলে খুশি হয়ে যত ইচ্ছা তত টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া যাবে।
: ‘অ্যাড মি! অ্যাড মি!’ বলে গলা ফাটালে দোষী ব্যক্তিকে অন্যূন এক লাখ টাকা জরিমানা অথবা দুই মাসের সশ্রম কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা যেতে পারে।
: চেক-ইনের জন্য দিতে হবে নির্দিষ্ট পৌরকর। প্রতি ইমোর বিল এক টাকার কয়েন।
: প্রতি পোকে দিতে হবে দশ টাকা, অন্যথায় পুলিশের লাঠির পোক।

: লাইক দেওয়ার জন্য গুনতে হবে ‘লাইক শুল্ক’।
: কোনো খাবারের ছবি আপলোড করা যাবে না। করলে আরেক দিন সে খাবার রান্না করে ফ্রেন্ড লিস্টের সবাইকে খাওয়াতে হবে। অথবা খাবারের মূল্যের সমপরিমাণ টাকা সবাইকে প্রদান করতে হবে, যাতে সবাই রেস্তোরাঁ থেকে সে খাবার খেয়ে নিতে পারে।
: সপ্তাহে একবারের বেশি প্রোফাইল পিকচার ও কভার ফটো পরিবর্তন করলে ‘ছবি শুল্ক’ প্রদান করতে হবে। নিজের ছবি ছাড়া কুকুর-বিড়াল, ফুল-ফল, পশু-পাখি, লতা-পাতার ছবি দিলে পরিবেশ মন্ত্রণালয় থেকে নির্দিষ্ট ফির বিনিময়ে ছাড়পত্র নিতে হবে। সেলফি আপলোড করলে দিতে হবে দ্বিগুণ কর।
: ‘ইন এ রিলেশনশিপ উইথ...’-এর ওপর থাকবে সর্বাধিক কর। রিলেশনশিপ ভেঙে গেলে ক্ষতিপূরণ হিসেবে ফেরত দেওয়া হবে পূর্বে পরিশোধিত করের ২৫ শতাংশ। প্রেমে ছ্যাঁকা খাওয়ার পর প্রোফাইল ডিঅ্যাকটিভেট করতে দরকার হবে নির্দিষ্ট অঙ্কের কর।
: স্ট্যাটাস ও কমেন্টসের জন্যও শব্দসংখ্যা অনুযায়ী কর গুনতে হবে। বৃষ্টি কিংবা ভূমিকম্পের স্ট্যাটাসের ট্যারিফ বেশি হবে।

শুধু আয় নয়, এ খাতে বরাদ্দও দিতে হবে। হুট করে মাসের মাঝপথে মেগাবাইট শেষ হয়ে যাবে বলে অনেক সম্ভাবনাময় ফেসবুকার ফেসবুকে আসতে পারেন না। সরকার এদের ইন্টারনেট বিলের জন্য থোক বরাদ্দ রাখবে। নিরবচ্ছিন্ন ফেসবুকিং নিশ্চিত করতে এ খাতে বিশেষ ভর্তুকি, প্রণোদনা বাজেট এবং সম্পূরক বাজেটও ঘোষণা করা যায়।