করেরহাট ইউপি নির্বাচনের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনি জটিলতায় দীর্ঘ নয় বছর ধরে আটকে আছে মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন। এতে ক্ষোভ দেখা দিয়েছে এলাকার মানুষের মধ্যে। নির্বাচনের দাবিতে ১৪ অক্টোবর বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। করেরহাট উচ্চবিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ ও করেরহাট বাজারে মিছিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন ছাড়াও অরাজনৈতিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপজেলা বিএনপির সাবেক সভাপতি এম আলাউদ্দিনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা আবু ছালেক, এস এম আবুল হোসেন, এনায়েত হোসেন, করেরহাট উচ্চবিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. শাখাওয়াত উল্লাহ, বিএনপির নেতা গোলাম মাওলা, ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল কাশেম, বিএনপির নেতা মো. কামাল উদ্দিন, উপজেলা সার ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শেখ সেলিম প্রমুখ। জানা গেছে, ২০০৪ সালে মিরসরাই উপজেলার তৎকালীন নির্বাহী কর্মকর্তা আবদুল কাইয়ূম সরকার করেরহাট ইউনিয়নের ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড নিয়ে একটি সীমানা গেজেট প্রকাশ করেন। ওই গেজেট বাতিল করে ১৯৯৬ সালে প্রকাশিত স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সীমানা গেজেট পুনর্বহাল করার দাবিতে করেরহাট এলাকার ভোটার হেদায়েত উল্লাহ চৌধুরী স্থানীয় সরকার সচিবের কাছে আবেদন করেন। স্থানীয় সরকার সচিব আবেদনটি আমলে নেওয়ার ফলে মেয়াদ শেষে ওই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়নি। সম্প্রতি মিরসরাই উপজেলার ১৫টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হলেও আইনি জটিলতার কারণে নির্বাচন কমিশন করেরহাট ইউনিয়নের তফসিল ঘোষণা করেনি। ২০০৩ সালে সর্বশেষ এই ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। করেরহাট ইউনিয়নের ভোটার ও অলিনগর গ্রামের বাসিন্দা হেদায়েত উল্লাহ চৌধুরী জানান, গত ২ ফেব্রুয়ারি তাঁর করা আবেদন এবং এলাকার মানুষের দাবির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় ১৯৯৬ সালের গেজেট বহাল রেখে বিজ্ঞপ্তি প্রকাশ করে। উপজেলা নির্বাচন কার্যালয় নির্বাচনের প্রস্তুতিও নিচ্ছিল। কিন্তু গত ৬ সেপ্টেম্বর জনৈক কোরবান আলী উচ্চ আদালতে ’৯৬ সালের গেজেটের বিরুদ্ধে রিট দায়ের করেন। এই রিটের পরিপ্রেক্ষিতে আবারও আটকে গেছে করেরহাট ইউনিয়নের নির্বাচন। ১৪ অক্টোবর সমাবেশে বক্তারা অভিযোগ করেন, বিশেষ একটি মহল তাদের স্বার্থ উদ্ধারের জন্য নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তাঁরা ’৯৬ সালের গেজেট বহাল রেখে ১০ নভেম্বরের মধ্যে করেরহাট ইউপি নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান। অন্যথায় আগামী সময়ে কঠোর আন্দোলনের হুমকি দেন।