করোনা দেখা শিশু–কিশোরেরা
মার্চে এসএসসি পরীক্ষা শেষ হলো ছেলের। ব্যবহারিক পরীক্ষা চলার সময় থেকেই তার বন্ধুরা পরীক্ষা শেষ করে কী কী করা যায়, এই ছুটিটা কীভাবে কাটানো যায়, সেসব নিয়ে আলাপ করতে শুরু করেছিল। এর মধ্যে অবশ্যই ছিল সপরিবার অনেক দিন পর সবার কোথাও বেড়াতে যাওয়া। কারও পরিকল্পনা কারাতে শেখার, কেউ সাঁতার শিখবে। কেউ বেহালা। কিন্তু তারপরই এল মহামারি। সবকিছু গেল বন্ধ হয়ে। থেমে গেল চলাচল, বাস–ট্রেন–প্লেন, সব ধরনের শিক্ষালয়ও বন্ধ।
এসএসসি পরীক্ষার পর এই কিশোরেরা বিরাট ধাক্কা খেয়েছিল এ ঘটনায় সন্দেহ নেই। তার পরপরই শুরু হওয়ার কথা ছিল এইচএসসি পরীক্ষা। পরীক্ষার টান টান উত্তেজনার ঠিক আগমুহূর্তেই বন্ধ হয়ে গেল সবকিছু। পরীক্ষা কবে হবে, আদৌ হবে কি না, পড়াশোনা কীভাবে চলবে, পড়া চালিয়ে যাবে নাকি তারা সব ছেড়েছুড়ে দেবে—সবকিছু নিয়েই চরম অনিশ্চয়তা। এ ধরনের পরিস্থিতিতে অভিভাবকেরাই ঘাবড়ে যান আর কোমলমতি শিশু–কিশোরদের তো কথাই নেই। অপরিচিত পরিস্থিতি আর অনিশ্চয়তার সঙ্গে মোকাবিলা করা আসলে বড়দের জন্যও কঠিন। ছোটদের জন্য তো অবশ্যই। ঠিক কীভাবে অভিভাবক ও কিশোর–কিশোরীরা এ পরিস্থিতি সামাল দিয়েছেন আর এখনো দিচ্ছেন?
ছুটিও আর ভালো লাগে না
শহরের মোটামুটি সচ্ছল শিশু–কিশোরদের হয়তো প্রথম প্রথম এই হঠাৎ কুড়িয়ে পাওয়া ছুটি মন্দ লাগেনি। নিজেদের স্কুল–কলেজ তো বন্ধই, মা–বাবারাও আর অফিস যাচ্ছেন না, বাড়িতেই সবাইকে সর্বক্ষণ পাওয়া যাচ্ছে—এ তো বিরাট পাওয়া! কিন্তু কিছুদিন পরই নিশ্চয় সবার বিষয়টা আর আগের মতো ভালো লাগেনি। কারণ, এ ছুটি তো আসলে ছুটি নয়, বাধ্যতামূলক ‘নির্বাসন’। এ এমন এক ছুটি, যেখানে বাইরে খেলতে যাওয়া নিষেধ, বন্ধুর সঙ্গে দেখা করা নিষেধ, নানাবাড়ি যাওয়া বন্ধ, রেস্তোরাঁ বা কোথাও বেড়াতে যাওয়াও চলবে না। এমনকি অনেক বাড়িতে ছাদেও ওঠা নিষেধ। দিনের পর দিন ঘরের ভেতর কত আর টেলিভিশন দেখে কি গেম খেলে কাটানো যায়?
মার্চ–এপ্রিল–মে মাসের সেই সময়টা বন্ধুবান্ধব তাদের সন্তানদের নিয়ে নানা রকম উৎকণ্ঠা–উদ্বেগ প্রকাশ করেছে। কেউ কেউ সন্তানদের অস্থির আচরণ, খিটখিটে মেজাজ, বিরক্তির কথাও বলেছেন। তখনই উপলব্ধি হয়েছে যে শহরের শিশু–কিশোরদের শৈশব আসলে আরও আগে থেকেই হৃত হয়ে আছে। আমি নিজে স্মরণ করতে চেয়েছি যে আমি এসএসসি পরীক্ষার পরের ছুটিতে কী করেছি। আমাদের কেন ছুটিতে কক্সবাজার বান্দরবান না গিয়েও মন খারাপ লাগেনি, বন্ধুদের নিয়ে বাইরে রেস্তোরাঁয় খেতে যাওয়ার কথা মনে হয়নি, কেন কোনো কোর্স টোর্সে ভর্তি হওয়ার কথা মাথায়ই আসেনি। সত্যিই তো, আমরা তবে কী করতাম?
অভিভাবক হিসেবে চেয়েছি নিজের শৈশবের কথা শেয়ার করতে সন্তানদের সঙ্গে। হুম,
আমরাও রোজ বিকেলে খেলতে যেতাম বটে, কলোনিতে থাকতাম বলে খেলার দলটা বড়ই
ছিল, ধুলমাখা পা নিয়ে সন্ধ্যায় বাড়ি ফিরে হাত–মুখ ধুয়ে নাশতা খেয়ে টিভিতে ‘ম্যাকগাইভার’ দেখতাম। অনেক অপশন ছিল না বলে টেলিভিশনের প্রতিটি কার্টুন প্রতিটি সিরিজই উপভোগ্য ছিল। এসএসসির পরের ছুটিতেই পড়ে শেষ করেছিলাম মোটা মোটা সব বই, সুনীল, সমরেশ, আশাপূর্ণা দেবী থেকে শুরু করে
হুমায়ুন, মিলন, তসলিমা অব্দি সব গোগ্রাসে, রাত জেগে। ফিতাওয়ালা ক্যাসেটে গান শুনতাম তখন আমরা, সোলসের তপন চৌধুরী বা ফিডব্যাকের মাকসুদের তুঙ্গ জনপ্রিয়তা তখন। ও আচ্ছা, লুকিয়ে লুকিয়ে গল্প, কবিতা লিখতে শুরু করারও বয়স ছিল ওটা। ভাগ্য ভালো যে আমার সন্তানেরাও বই পড়তে ভালোবাসে, টানা দিনরাত বইয়ের মধ্যে ডুবে থাকতে পারে। বাইরে যাওয়া নিষেধ বলে মা–বাবার সঙ্গে দাবা বা স্ক্রাবলের মতো খেলাতেও মেতে উঠতে তাদের সমস্যা হয়নি। তাদের জীবনের নতুন উপাদান হলো কম্পিউটার বা মোবাইলের নানা গেমস। নিয়ন্ত্রিত উপায়ে তার ব্যবহারে তো কোনো ক্ষতি নেই। নতুন মজা হলো এখন বাড়িতেই আছে নেটফ্লিক্স বা গোটা সিনেমা হল, চাইলে কত কিছু দেখা যায় সবাই মিলে। ঘরের কাজে অংশগ্রহণ তো আছেই। তাই সময়টা খুব খারাপ কাটেনি ওদের। কিন্তু অনেক সমবয়সী মা–বাবারা উৎকণ্ঠিত হয়েছেন বাচ্চাদের বইটই পড়ার অভ্যাস নেই বলে, বাচ্চারা তাদের সঙ্গে কোনো ঘরোয়া খেলা খেলতে আগ্রহী নয় বলে, বাচ্চারা সারা দিন কম্পিউটারে বা মোবাইলে মুখ গুঁজে আছে বলে।
সেসব সু–অভ্যাস
এই যে আমরা শহুরে মা–বাবারা সন্তানদের নানা রকম সু–অভ্যাস গড়ে তুলতে সময় দিইনি, পরীক্ষার পড়া আর কোচিংয়ের বাইরে আর কিছু করতে শেখাইনি, পারিবারিক নির্মল সম্পর্কগুলো গড়ে তোলার অবকাশ পাইনি। এই যে আমরা কেবল অফিস থেকে ফেরার পথে ফাস্ট ফুড কিনে এনে বা ছুটির দিনে বাইরে খেতে নিয়ে গিয়ে ভেবেছি এটাই তাদের খুশি রাখার সর্বোত্তম উপায়—এগুলো নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে তাহলে।
সংগ্রাম যাদের জীবন
দেশে যে আরও হাজার হাজার শিশু–কিশোর আছে, যাদের সমস্যা ‘দিন গুজরান’ করা, ‘সময় কাটানো’ নয়—তারা কী করেছে? যে কিশোরটি কাজ করত আমার গলির মাথার স্টার হোটেলে কিংবা কাঁটাবনের গাড়ি মেরামতের দোকানে যে ছেলেটি আমার গাড়ির চাকায় হাওয়া দিত, রোজ রোজ বাসের বা হিউম্যান হলারের গায়ে বাড়ি দিয়ে যাত্রীদের ডাকতে দেখতাম যাকে তারা কোথায়? যাদের অভিভাবকেরা চাকরিচ্যুত হয়েছেন, রোজগারপাতি বন্ধ হয়ে গেছে যাদের পরিবারের, যারা স্থান ত্যাগে বাধ্য হয়েছে তারা?
আমার অফিসের পাশেই একটা এনজিওচালিত স্কুল কাম ডে–কেয়ার ছিল। গ্রিন রোড, হাতিরপুল এলাকার গৃহকর্মী, পোশাকশিল্পের কর্মী, বস্তিবাসী মায়েরা সেখানে তাদের বাচ্চাদের রেখে সারা দিনের জন্য কাজে যেতেন আর সেই শিশু–কিশোরেরা স্কুল থেকে ফিরে সেখানে ছবি আঁকত, কেউ ঘুমাত, কেউ টেলিভিশনে কার্টুন দেখত। বন্ধ হয়ে যাওয়া সেই স্কুলটির দিকে চেয়ে এখনো রোজ দীর্ঘশ্বাস ফেলে ভাবি কোথায় হারিয়ে গেল সেই শিশু–কিশোরেরা? তাদের মা–বাবারা কি আর এই শহরে আছে, নাকি তারা ফিরে গেছে তাদের গাঁয়ে? রোজ সকালবেলা রাস্তাজুড়ে কলকল করে চলা লাল কামিজ বা শার্ট পরা সেই দরিদ্র শিশু–কিশোরেরা হ্যামিলিনের শিশুদের মতোই কোথায় হারিয়ে গেল এ শহর থেকে!
দুঃসময় যেন তাদের করেছে পরিণত
আমার বাড়িতে যে সাহায্যকারী আছে, সে একদিন জানায় গ্রামে তার ছোট বোনটি ষষ্ঠ শ্রেণিতে পড়ত, এখন কত দিন হয় স্কুল বন্ধ, কাজটাজও জোটে না, এভাবে আর কত দিন, তাই তার বাবা ভাবছে মেয়েটিকে বিয়ে দিয়ে দেবে। শুনে আঁতকে উঠি—কী বলো, এত অল্প বয়সে বিয়ে? সে দীর্ঘশ্বাস ছেড়ে বলে, কী করবে তাহলে?একা বাবার পক্ষে এত মুখ খাওয়ানো কি সম্ভব? পড়াশোনাই যখন হচ্ছে না তখন বিয়েই ভালো! শুনে মনে পড়ে কবে যেন পত্রিকায় পড়েছি কত হাজার শিশু স্কুল থেকে ঝরে গেল এই মহামারির কারণে, কত বালিকার বিয়ে হয়ে গেল অকালে। কত কৈশোর হারিয়ে গেল এ বছর! এরই মাঝে একদিন আমার মেয়ে মন খারাপ করে জানায় তার স্কুলের বন্ধু মাইশার আম্মু নাকি কোভিড হয়ে মারা গেছেন! মহিলার কথা মনে পড়ে আমার, তাঁর মেয়ে প্রতিবছর স্কুলে ড্রেস অ্যাজ ইউ লাইকে প্রথম হয়, একদিন কথা প্রসঙ্গে বলেছিলেন, ‘আমার সবকিছু সাজানো শখ মেয়েকে, ঘরসংসার, নিজেকেও। দীর্ঘশ্বাস ফেলে ভাবি কোথায় রইল পড়ে সাজানো ঘরবাড়ি! কদিন পর শুনি মেয়ের প্রিয় এক স্কুলশিক্ষিকাও নাকি চলে গেছেন করোনার কারণে। কয়েক দিন আগে ভীষণ মন খরাপ করে ছেলে এসে বলল, আচ্ছা মা, করোনা হলে কি প্যানক্রিয়াস নষ্ট হয়? আমাদের প্রিন্সিপাল রবি পিউরিফিকেশন যে করোনার পর প্যানক্রিয়াসে সংক্রমণ হয়ে মারা গেলেন!’
আহা, কত শিশু–কিশোর না জানি এভাবে তাদের মা–বাবাকে অকালে হারিয়েছে, হারিয়েছে শিক্ষক ও প্রিয়জনদের। তারাই–বা এখন কেমন আছে? এই করোনাকালে শিশু–কিশোরেরা আরও পরিণত হচ্ছে নিশ্চয়, মুখোমুখি হচ্ছে কঠিন সব বাস্তবতার, শিখছে মানিয়ে নিতে, মেনে নিতে অনেক কিছু। হারাচ্ছে অনেক কিছু, আবার ফিরে পাচ্ছেও। আজ থেকে আট–দশ বছর পর, এই করোনাদর্শী কিশোর–কিশোরীরাই দেশটাকে আবার নতুন করে সাজাবে, ওদের হাত ধরেই তো আমরা ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখব। তাই এ মুহূর্তে তাদের পরিচর্যা করাটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যেন তা ভুলে না যাই।