তুফান ঘটকের ফোন নম্বর দরকার? আপনি যে গাছের নিচে দাঁড়িয়ে আছেন, সেই গাছের গায়েই হয়তো তাঁর সাইনবোর্ড লাগানো। কিংবা যে ভবনের পাশে দাঁড়িয়ে আছেন, সেটির দেয়ালেই তাঁর সাইনবোর্ড রয়েছে। আবার স্থানীয় একটি দৈনিক হাতে নিয়েছেন, সেখানেও তাঁর বিজ্ঞাপন। তুফান ঘটকের নাম রাজশাহী শহরের সব মানুষের মুখে মুখে। ‘তুফান’ নামটি মুখে মুখে বলেই তাঁর আসল নাম যে সাইদুর রহমান, সেটাও অনেকের অজানা।
নাম শুনেই বোঝা যায়, তুফানের দৌড় কেমন। করোনাকালে সবকিছু স্থবির হয়ে পড়েছে। যেকোনো পেশার ওপরেই করোনার প্রভাব। কিন্তু তুফান ঘটক? লকডাউন কি তাঁকে ‘লক’ করতে পেরেছে?
এই দুই প্রশ্নের উত্তর থেকে সমাজের একটা চিত্র পাওয়া যাবে। সেটা হলো করোনাভাইরাসের মতো অতিমারির সময়ে বিয়ের ব্যাপারে সমাজের মানুষের ভাবনা কী। কারণ, ব্রিটিশ আমলে যখন বাল্যবিবাহবিরোধী আইন পাস হয়, তখনই বাল্যবিবাহের হিড়িক পড়েছিল। কনের পক্ষে দাদি-নানি ‘কবুল’ বলে নাকি শিশুদের বিয়ে দিয়েছেন। করোনায় জীবন-মৃত্যুর অনিশ্চয়তার মধ্যে মানুষ তেমনটি করছে না তো! নিশ্চয় এর জবাব পাওয়া যাবে তুফান ঘটকের কাছে।
তুফান ঘটকের সঙ্গে যোগাযোগ হলো ফোনে। ফোন—হ্যালো, কেমন আছেন—জিজ্ঞেস করতেই তুফান ঘটক বললেন, ‘ভালো নেই ভাই।’ শুনে মনে হলো, যা হোক করোনাকালে বিয়ের আয়োজন তবে বন্ধ। দেখা করতে চাইলে বললেন, ‘ভাই, তিন দিন পরে আসেন। আমার মেয়ে মারা গেছে। ঢাকায় এসেও আর বাঁচাতে পারলাম না। মেয়ের চিকিৎসায় আমি নিঃস্ব হয়ে গেলাম।’
রাজশাহী নগরের কলাবাগান এলাকায় তাঁর চেম্বার। কথা অনুযায়ী গত ২৫ এপ্রিল চেম্বারে গিয়ে ঢুকতেই দেখা গেল, দরজায় লেখা রয়েছে, ভদ্রতা বজায় রাখুন, ঘটক ছাড়া কারও সঙ্গে কথা বলা নিষেধ। ভেতরে ঘটকের একজন সহকারী। ঘটক কিছুক্ষণের জন্য বাইরে ছিলেন। নোটিশ দেখে আর সহকারীর সঙ্গে কথা বলা হলো না। ঘটকের টেবিলটি তাঁর ভিজিটিং কার্ড ও পাত্রপাত্রীদের ফাইলে ঠাসা। দেয়ালে নিয়মকানুন লেখা। কোন অঞ্চলের এন্ট্রি ফি কত। এন্ট্রি মানে পাত্র-পাত্রীর জন্য ফরমাশ দিলেই এন্ট্রি ফি দিতে হবে। তুফান ঘটক এলেন। প্রথমেই মেয়ের মৃত্যু নিয়ে কথা হলো। দেয়ালে মেয়ের সঙ্গে বড় একটি ছবি বাঁধানো। বললেন, ‘এইটা আমার মেয়ে। ক্লাস এইটে পড়ত। মেয়ের জন্য সারা জীবন তো আর কাঁদতে পারব না। তাই বাঁধায়ে রাখলাম। সব সময় দেখব। আত্মার ভেতরে থাকবে।’
তার বিস্তারিত কথা বলার সময় নেই। অনবরত ফোন আসছে। সারাক্ষণ কথা বলতে হচ্ছে। এ জন্য লাউড স্পিকার চালু করে কথা বলছেন। খুব গুছিয়ে কম কথায় বক্তব্য শেষ করার চেষ্টা করছেন। কিন্তু অপর প্রান্ত থেকে পাত্র-পাত্রীর অভিভাবকেরা কম কথায় শেষ করতে পারছেন না। তবু বিরক্ত হচ্ছেন না। আসল কথা বের করার জন্য তাঁর সঙ্গে বিয়ের গল্প তুলতে হলো।
গল্পে গল্পে জানালেন, লকডাউনের মধ্যেও দুটি বিয়ে দিয়েছেন। এক বিয়ের ছেলে থাকতেন কানাডায়। লকডাউনের আগে এসেছিলেন। সেরে দিয়েছেন। তুফান বলেন, প্রশাসনের সবাই তাঁর পরিচিত। কোনো ঝামেলা হলে তাদের সহযোগিতা পাওয়া যায়। খুবই স্বল্প পরিসরে রেজিস্ট্রি সেরে নিয়েছেন। অন্য আনুষ্ঠানিকতা করা হয়নি। কথা বলতে বলতেই একটি মেয়ে এল। সঙ্গে ভাই। মেয়েটির সঙ্গে মেলে এ রকম দশটি ছেলের ছবি টেবিলের ওপরেও রেখে বায়স্কোপের ধারাভাষ্যকারের মতো তাদের সম্পর্কে বলে গেলেন তুফান ঘটক। বসে থাকতে থাকতে তাঁর পেশার ধরনটা বোঝা গেল। গল্পে গল্পে সত্যি কথাটা শেষ পর্যন্ত আর গোপন রইল না।
করোনাকালেই বিয়ে থা বেশি হচ্ছে। তুফান ঘটক বললেন, ‘কে কখন মারা যান, অভিভাবকেরা এই অনিশ্চয়তায় অস্বস্তি বোধ করছেন। তাই মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন। লকডাউনের আগপর্যন্ত স্বাভাবিক সময়ের চেয়ে বিয়ে বেশি হয়েছে।’