গত মার্চ মাসে করোনার আবির্ভাব হলো বাংলাদেশেও। সাধারণ ছুটি ঘোষণা করা হলো। সবকিছু থমকে গেল। কোনো কাজকর্ম নেই, পরিবারকে অফুরন্ত সময় দেওয়া যাচ্ছিল। কিন্তু একটা সময় হতাশা গ্রাস করল। অনেকের মতো আমার স্বামীর বেতন বন্ধ হয়ে গেল। নিজের সংসার চালানোই বিপদ হয়ে গেল। পরিবারের অন্যদের কথা কী চিন্তা করব।
এমন সময় শুনলাম ফেসবুকে একটা গ্রুপের কথা। যেখানে যোগ দিয়ে সবাই হতাশামুক্ত হচ্ছে। আমিও যুক্ত হলাম। সেখানে কেউ বলছে দক্ষতা উন্নয়নের কথা। কেউ বলছে নিজের দক্ষতা নিয়ে কাজ করতে। আমার কোনো গুণ নেই, কী নিয়ে কী কাজ করব? একটা ওয়েবিনারে অংশ নিলাম। তাদের কথা শুনতে শুনতেই মাথায় এল, আমি তো রান্নাটা ভালো পারি। এটা নিয়েই চেষ্টা করে দেখা যাক। কিছু পদ রান্না করে ছবি পোস্ট দিলাম ফেসবুক গ্রুপে। নিজের পরিচয় দিয়ে নানা পোস্ট দিতে থাকি, কয়েক দিনের মাথায় আমি প্রথম অর্ডার পাই। ভয়ে ভয়ে খাবার তৈরি করি। স্বামী আমার চেষ্টা দেখে বললেন, ‘আমি ডেলিভারি দিয়ে আসব, চিন্তা কোরো না।’
অর্ডারকারীরা খাবার পেলেন, খেলেন। খাবারের প্রশংসা করে রাতে গ্রুপে পোস্টও দিলেন। সেই পোস্টের পর আরও কয়েকজন খাবার অর্ডার করলেন। আনন্দে আমার চোখে পানি এসে পড়ল। তারপর আর আমাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। আমি নিজের সংসারের হাল ধরতে পেরেছি। বাচ্চার স্কুলের ফি দিতে পারছি। স্বামী আমার কাজে সহযোগিতা করছেন।
এ তো গেল একজনের বাস্তব গল্প। করোনাকালে এমন হাজারো গল্প তৈরি হয়েছে। এই কোভিডের সময়টা নারীদের স্বাবলম্বী হতে শিখিয়েছে। গ্রামের অনেক নারী ইন্টারনেটের ব্যবহার শিখে নিজের উদ্যোগকে অনলাইনে নিয়ে এসেছেন। অনেক নারী তাঁর শোরুম বন্ধ করতে বাধ্য হয়েছেন। আবার অনলাইনে এসে অনেকে নতুন করে শোরুম খুলেছেন। ক্ষতি সারিয়ে ওঠার চেষ্টা করেছেন। আমাদের ওমেন অ্যান্ড ই-কমার্স (উই) গ্রুপে মার্চ মাসে যেখানে ৩০ হাজার সদস্য ছিল, করোনার সময় সেটা বেড়ে হয়েছে ১০ লাখ। সবারই জানার ও শেখার একটা প্ল্যাটফর্ম দরকার ছিল। উই সে কাজটি করতে পেরেছে। ২০১৯ সালের হিসাবে, ফেসবুকে ‘বিজনেস পেজ’ ছিল ৫০ হাজার, যেখানে ৩০ হাজার পেজ ছিল নারীদের। এখন আমরা দেখছি, উই গ্রুপে প্রায় ৪ লাখ নারী উদ্যোক্তা আছেন, যাঁদের অনেকেরই ‘বিজনেস পেজ’ নেই, কিন্তু তাঁরা উদ্যোক্তা হিসেবে কাজ করে যাচ্ছেন।
একটা সময় ছিল যখন আমরা বিদেশি পণ্য ছাড়া চিন্তাই করতে পারতাম না। যেকোনো উৎসবে আমরা বিদেশি পণ্য গুরুত্ব দিতাম। আমাদের দেশীয় ঐতিহ্য হারিয়ে যেতে বসেছিল। সেই জায়গা থেকে আমরা দেশীয় পণ্যের প্রচার ও প্রচারণা শুরু করলাম। তখনই কোভিডের আক্রমণ। বিদেশ থেকে পণ্য আসা বন্ধ। অনেকে তখন বাধ্য হয়ে স্থানীয় শাড়ি কেনা শুরু করলেন। তখন বুঝলেন, দেশি জিনিস খারাপ নয়। তাঁতের শাড়িও যে কত সুন্দর নকশায় হতে পারে এবং কত টেকসই হতে পারে, তা আগে অনেকে জানতেন না। আবার এমনও সময় গেছে, তাঁতিরা কোনো কাজ পেতেন না, এখন তাঁতিরা হাসিমুখে কাজ ফিরিয়ে দিচ্ছেন কাজের অতিরিক্ত চাপে।
শীতলপাটির কথা আমরা তো ভুলেই গিয়েছিলাম, বাঁশ-বেতের পণ্য, কুমিল্লার খাদি, খেশ শাড়ি ইত্যাদি। কিন্তু এখন আমরা সেসব পণ্যকে ফিরিয়ে নিয়ে আসতে পেরেছি। শুধু যে ফিরিয়ে নিয়ে এসেছি তা–ই নয়, সেই সব পণ্যকে আমরা প্রস্তুত করছি রপ্তানির জন্য। দেশের বাইরে আমাদের পণ্যের বিশাল চাহিদা আছে। তা যে শুধু প্রবাসী বাঙালিদের কাছে, তা কিন্তু নয়; অনেক বিদেশি আমাদের দেশি পণ্য পছন্দ করেন। আমাদের দেশি খাবারও। তাই আমরা কয়েক দিন আগেই খাবার নিয়ে কাজ করছেন যেসব উদ্যোক্তা, তাঁদের নিয়ে আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে দুই দিনের বৈঠক করিয়ে দিই। উদ্যোক্তাদের শেখানো হচ্ছে রপ্তানির ব্যাপারে খুঁটিনাটি।
বাংলাদেশে অনলাইন উদ্যোক্তাদের মধ্যে প্রায় ৬০ শতাংশই এখন নারী। বর্তমানে ৩০০ থেকে ৩৫০ কোটি টাকার বাজার তৈরি হয়েছে আমাদের এফ-কমার্স খাতে। ২০২১ সালে এটা আরও বাড়বে বলে আশা করছি। তবে এই সংখ্যা আরও বাড়বে, যদি আমরা প্রান্তিক পর্যায়ের নারীদের এই খাতে যুক্ত করতে পারি। পাশাপাশি সরবরাহ ব্যবস্থা ইউনিয়ন পর্যায়ে পৌঁছে দিতে হবে। নারীদের আর্থিক সহায়তার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে। বর্তমানে প্রায় চার লাখ নারী অনলাইনে উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। সঠিক দিকনির্দেশনা পেলে ২০২১ সালে এ সংখ্যা ১০ লাখ হয়ে যাওয়া অসম্ভব কিছু নয়।
এই করোনায় যা ক্ষতি হয়েছে মানুষের, যত প্রাণ ঝরে গেছে, সেই ক্ষতি অপূরণীয়। তবু আমাদের চলতে হবে। প্রতিকূল অবস্থাকে অনুকূলে এনেই কাজ করে যেতে হবে। সামনের পৃথিবী জানি না কী হবে, আশা করছি হয়তো নতুন একটা সুন্দর পৃথিবী পাব আমরা। সব হতাশা ঝেড়ে ফেলে তার জন্য তৈরি হতে হবে সবাইকে। আমরা সেই চেষ্টাই করে যাচ্ছি।