করোনাকালে ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্রমণের পুরোনো ছবি পোস্ট করে হাহুতাশ করেনি, এমন মানুষের দেখা মেলা ভার। তাই তো জীবনযাত্রা একটু সচল হতেই ঘুরান্তিসেরা যেন ঘরের বইরে বেড়ানোর ক্ষণ গুনছেন। গুনবেই-না-বা কেন, সে-ই প্রায় পাঁচ মাস আগে বন্ধ করে দেওয়া হয় কক্সবাজার, খাগড়াছড়ি, বান্দরবান, সিলেটসহ দেশের বিভিন্ন পর্যটনস্থান। গতকাল সোমবার অবশ্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দেওয়া হয়েছে কক্সবাজার সমুদ্রসৈকত। প্রথম দিনেই হাজির হাজার তিনেক পর্যটক। অপেক্ষা এখন দেশের অন্যান্য দর্শনীয় স্থানের দরজা খোলার।
আনুষ্ঠানিকভাবে ভ্রমণ শুরু হওয়ার আগেই ভ্রমণ ও পর্যটনের জন্য করোনাকালীন নির্দেশিকা তৈরি করেছে বাংলাদেশ টুরিজম বোর্ড। সংশ্লিষ্ট পক্ষের জন্য অনুসরণীয় নির্দেশিকাটি ‘আবশ্যিক’ করা হয়েছে। নির্দেশিকাটির ১৩টি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায়েই বলা হয়েছে পর্যটকদের করণীয় সম্পর্কে। বাংলাদেশে ভ্রমণ করতে হলে দেশ ও বিদেশের পর্যটকদের এ অধ্যায়ের ২৩টি ধারা অনুসরণ করতে হবে। বাংলাদেশ টুরিজম বোর্ডের উপপরিচালক (পরিকল্পনা ও গবেষণা) মোহাম্মাদ সাইফুল হাসান প্রথম আলোকে জানালেন, জাতিসংঘের পর্যটন বিষয়ক সংস্থা ইউএনডব্লিউটিও এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের ১২ দফা স্বাস্থ্যবিধি, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতামত, গবেষণা ও পরিসংখ্যানের ওপর ভিত্তি করে নির্দেশনাটি প্রণয়ন করা হয়েছে।
আদতে সবগুলো নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে। প্রচলিত স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সংক্রমণ রোধে পর্যটকদের উৎসাহিত করা হয়েছে অনলাইনে বুকিং এবং অনলাইনে অর্থ পরিশোধে। আবার যেসব দেশের নাগরিকেরা বন্দরে নেমে ভিসা (ভিসা অন-অ্যারাইভাল) সুবিধা পেতেন, তাঁদের ক্ষেত্রে লাইনে দাঁড়িয়ে আগমনী ভিসা নেওয়ার ঝামেলা এড়াতে দেশ থেকেই ভিসা নিয়ে আসার ব্যাপারে জোর দেওয়া হয়েছে। ট্যুর অপারেটরদের কাছে বাংলাদেশে আসার আগের ভ্রমণ ইতিহাস এবং পরবর্তী ভ্রমণ পরিকল্পনা জমা দিতে হবে বিদেশি পর্যটকদের। ভ্রমণসেবা পেতে বুকিংয়ের আগেই ভ্রমণসূচি এবং স্বাস্থ্যবিমা নিশ্চিত করার তাগিদও রয়েছে বিদেশ থেকে আগতদের। চিকিৎসা প্রতিবেদন বা স্বাস্থ্য সনদ বা পিসিআর রিপোর্ট বা কোভিড-১৯ নেই মর্মে প্রমাণপত্র সঙ্গে রাখার কাজটিও দায়িত্ব নিয়ে করতে হবে তাদের।
সবগুলো নির্দেশনায় গুরুত্ব দেওয়া হয়েছে কোভিড-১৯ থেকে নিজেকে সুরক্ষিত রাখার ব্যাপারে। প্রচলিত স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সংক্রমণ রোধে পর্যটকদের উৎসাহিত করা হয়েছে অনলাইনে বুকিং এবং অনলাইনে অর্থ পরিশোধে।
দেশের পর্যটকদেরও ভ্রমণ করার আগে সাধারণ স্বাস্থ্য সুরক্ষার বিষয়ে সচেতন হওয়া এবং যেখানে বেড়াতে যাচ্ছেন সেখানে স্বাস্থ্য সুরক্ষার উপকরণের প্রাপ্যতা সম্পর্কে নিশ্চিত হওয়ার পরামর্শ দিয়েছে টুরিজম বোর্ড। ১০ নম্বর ধারায় বলা হয়েছে, সেবা নেওয়ার আগেই নিশ্চিত হয়ে নিতে হবে হোটেল, রেস্তোরাঁ, স্থানীয় পরিবহন, গাইড, স্যুভেনির শপ, পর্যটন আকর্ষণীয় স্থানে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছে কি-না। ভ্রমণে গিয়ে ভিড়, জনসমাগম ও জটিলতা এড়াতে ভ্রমণের সময়সূচি, কোনো পর্যটনকেন্দ্রে প্রবেশের টিকিট, আসন, বিনোদন কেন্দ্রের রাইডের টিকিট আগেই নিশ্চিত করে রাখা। ট্যুর অপারেটরদের মাধ্যমে গিয়ে সময়সূচির বাইরে আয়োজন পরিহার করার কথা বলা হয়েছে।
দেশ-বিদেশের পর্যটকদের দলগত ভ্রমণের পরিবর্তে ছোট বা পারিবারিক ভ্রমণকে উৎসাহ দেওয়া হয়েছে।
দেশ-বিদেশের পর্যটকদের দলগত ভ্রমণের পরিবর্তে ছোট বা পারিবারিক ভ্রমণকে উৎসাহ দেওয়া হয়েছে। ভ্রমণের আগে অথবা ভ্রমণের সময় ট্রাভেল এজেন্ট এবং অন্যান্য সেবা সরবরাহকারীকে জরুরি যোগাযোগের নম্বর বা অবস্থানের ঠিকানা এবং অ্যালার্জি বা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যা থাকলে জানানোর নির্দেশনা আছে। ভ্রমণ নির্ঝঞ্ঝাট ও আনন্দময় করতে জরুরি ওষুধ, ব্যবস্থাপত্র, পর্যাপ্ত নগদ অর্থ, ক্রেডিট কার্ড, পোশাক, পড়ার উপকরণ, ইনডোর গেমসের উপকরণ, ছাতা, রেইনকোট, ক্যাপ সঙ্গে রাখতেও বলা হয়েছে। আবার ভ্রমণের সময় সেবা প্রদানকারী এবং কর্মীদের মাস্ক, ক্যাপ, ব্যক্তিগত হ্যান্ড স্যানিটাইজার, লেগ পুশ ওয়েস্ট বিন ইত্যাদি ব্যবহার করার বিষয়ে অনুরোধ করতে বলা হয়েছে পর্যটকদের। ভ্রমণ শেষে বিদেশি পর্যটকদের আবশ্যিকভাবে স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রমাণপত্র সঙ্গে নিয়ে বাংলাদেশ ত্যাগ করার কথা নির্দেশনায় বলা হয়েছে।