করোনাভাইরাসের সংক্রমণ থেকে সেরে উঠেছেন। অক্সিজেনের মাত্রা আর কমছে না। করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ। অন্য সব স্বাস্থ্য পরীক্ষার রিপোর্টও ভালো। চিকিৎসক বলেছেন, আর ভয় নেই। কিন্তু তারপরও অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে, মন ভালো হচ্ছে না। কিছুই ভালো লাগছে না। তীব্র অবসাদ ভর করেছে। করোনার ক্ষেত্রে এ সমস্যাকে বলা হচ্ছে ‘পোস্ট কোভিড সিনড্রোম’। তবে যেকোনো ভাইরাসজনিত রোগের পরই শরীর–মনে এক ধরনের জড়তা, ক্লান্তি ভর করে। সার্বিকভাবে একে বলে পোস্ট ভাইরাল ফ্যাটিগ।
করোনার সংক্রমণ থেকে সেরে ওঠার পর এই ‘ফ্যাটিগ’ প্রকট আকারে দেখা যাচ্ছে। এর লক্ষণগুলোর মধ্যে তীব্র অবসাদ, সারা দিন ঘুম ঘুম ভাব থাকলেও ঘুম না আসা, আবার কখনো ইচ্ছা না থাকলেও অল্প সময়ের জন্য ঘুমিয়ে পড়া অন্যতম। এ ছাড়া একসঙ্গে একাধিক বিষয়ে চিন্তা করতে গেলেই সব এলামেলো লাগা, বেশি বেশি হাই ওঠা, কোনো কিছুতে মনোযোগ দিতে না পারা, কথা বলতে অনাগ্রহ ইত্যাদি সমস্যাও দেখা যাচ্ছে। এমনকি রোগী আগে যেসব বিষয়ে খুব আনন্দ পেতেন, সেগুলোও করোনা–পরবর্তী সময়ে ভালো না লাগা কিংবা বিরক্ত লাগার প্রবণতাও দেখা যাচ্ছে। করোনা থেকে সুস্থ হয়ে ওঠা প্রায় ৬০ শতাংশ মানুষের মধ্যে এই পোস্ট কোভিড সিনড্রোম দেখা যাচ্ছে। এই লক্ষণগুলো তিন–চার মাস পর্যন্ত স্থায়ী হতে দেখা যাচ্ছে।
‘করোনা–পরবর্তী ভালো না লাগা’ থেকে সেরে উঠতে বিশেষজ্ঞরা কিছু পরামর্শ দিয়েছেন। এর মধ্যে অন্যতম হলো, ঘুমের রুটিন ঠিক রাখার চেষ্টা করা এবং রাত না জাগা। দিনে সক্রিয় থাকতে হবে, রাতে ঘুমানোর চেষ্টা করতে হবে। প্রয়োজনে দিনেও অল্প সময়ের জন্য ঘুমিয়ে নেওয়া যেতে পারে। তবে সারা দিন বিছানায় গড়াগড়ি করা যাবে না। পর্যাপ্ত পানি আর ফলের রস পান করতে হবে। পর্যাপ্ত পুষ্টিকর খাবার খেতে হবে। চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রতিদিন হালকা ব্যায়াম করুন। কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। সময় নিয়ে হাতের কাজগুলো শেষ করুন। প্রতিদিন গোসল করা, পরিষ্কার কাপড় পরার অভ্যাস করুন। বন্ধু, স্বজনদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখার চেষ্টা করবেন। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান। মানসিক অবসাদ তীব্র হলে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।