করোনায় আক্রান্ত মা সন্তানকে দুধ পান করাতে পারবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনাভাইরাসে সংক্রমিত মা কি সন্তানকে বুকের দুধ পান করাতে পারবেন? যদি না পারেন তাহলে কী করতে হবে? করোনায় আক্রান্ত অন্য মায়ের দুধ কি পান করানো যাবে? দুগ্ধদানকারী মা কি করোনার টিকা নিতে পারবেন? বিশ্বজুড়ে করোনা হানা দেওয়ার পর থেকেই এ প্রশ্নগুলো উঠেছে অসংখ্যবার। করোনার দেড় বছর পার হলেও মায়েদের বিশেষ করে নতুন মায়েদের এ নিয়ে উদ্বেগ দূর হতে চাচ্ছে না যেন।

করোনাকালে গর্ভধারণের পর থেকে সন্তান জন্ম হওয়া পর্যন্ত এমন উদ্বেগ নিয়ে দিন কাটিয়েছেন কুমিল্লার নুসরাত জাহানও। মেসেঞ্জারে কথা হয় এই মায়ের সঙ্গে। তিনি গত ৫ এপ্রিল সন্তানের মা হয়েছেন। এর এক সপ্তাহ পর করোনায় আক্রান্ত হন। এখনো পুরোপুরি সুস্থ হননি। করোনা–পরবর্তী জটিলতায় ভুগছেন। সন্তানকে দুধ দিতে পারবেন কি না এমন প্রশ্ন তাঁরও ছিল। নুসরাত জানালেন, আক্রান্ত হলেও চিকিৎসক স্বাস্থ্যবিধি মেনে (মাস্ক পরে, হাতে ধুয়ে) সন্তানকে বুকের দুধ পান করিয়ে যেতে বলেন। তিনি একদিনের জন্যও সন্তানকে দুধ পান করানো বন্ধ করেননি।

মাতৃদুগ্ধ পান নিয়ে গত বছরের মে মাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বারবার জিজ্ঞাসা করা বা ফ্রিকোয়েন্টলি আস্কড শিরোনামে এ–সংক্রান্ত ২০টি প্রশ্নের জবাবে জানিয়েছে, কোভিডে আক্রান্ত মায়ের বুকের দুধের মাধ্যমে শিশু সংক্রমিত হয় না। আক্রান্ত মা কমপক্ষে ২০ সেকেন্ড হাত ধুয়ে ও স্তন ধুয়ে পরিচ্ছন্ন হয়ে মাস্ক পরে দুধ পান করাতে পারবেন। আক্রান্ত মা দুধ পান করাতে না পারলে সেবাদানকারীদের সাহায্যে শিশুকে দিতে হবে। যদি সেটাও সম্ভব না হয় তাহলে অন্য দুগ্ধদানকারী মাকে অনুরোধ জানাতে হবে। সেই মা আক্রান্ত হলেও তাঁর দুধ পান করাতে কোনো সমস্যা নেই।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশন (বিবিএফ) জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে এ বছরের জুলাই মাস পর্যন্ত সংস্থার ব্যবস্থাপনা কেন্দ্রে সরাসরি ও অনলাইনে ৪১৮ জন দুগ্ধদানকারী মা নানা সমস্যার সমাধান চাইতে যোগাযোগ করেছেন। অনেক মা তাঁদের ঠান্ডা-কাশি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত—এ অবস্থায় শিশুকে কীভাবে সুরক্ষা দেবেন। আক্রান্ত হয়ে মা হাসপাতালে ভর্তি হয়ে থাকলে দুধ পান করানো যাবে কি না জানতে চেয়েছেন। গত ১৩ মাসে তাদের ফেসবুক পেজে ১৫৭টি লাইভ অনুষ্ঠানে অন্তঃসত্ত্বা নারী, দুগ্ধদানকারী মা এবং শিশুর স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ে ৭০ হাজার ৬৫০টি প্রশ্ন করেছেন শিশুর মা-বাবারা।

১ থেকে ৭ আগস্ট পর্যন্ত বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন করতে গিয়ে দুগ্ধদানকারী মায়েদের এমন উদ্বেগ-উৎকণ্ঠার বিষয়টি আবারও সামনে উঠে এসেছে। ১৯৯২ সাল থেকে দেশে প্রতিবছর এ সপ্তাহ পালন করা হয়। ২০১০ সাল থেকে তা জাতীয়ভাবে পালিত হচ্ছে। এবার সপ্তাহটি পালন উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় কোভিডে আক্রান্ত দুগ্ধদানকারী মায়েদের করণীয় নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সেসব নির্দেশনাই প্রচার করছে। এবারের প্রতিপাদ্য ‘মাতৃদুগ্ধ দানের সুরক্ষা: আমাদের সমন্বিত দায়িত্ব’।

করোনাকালে প্রচার কম

মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় এক উপস্থাপনায় ১২টি চ্যালেঞ্জের কথা তুলে ধরেছে। এর মধ্যে আইনের পর্যবেক্ষণ ও প্রয়োগের অভাব, চাকরিজীবী দুগ্ধদানকারী মায়েদের পর্যাপ্ত সামাজিক সুরক্ষার অভাব, শিশুকে মায়ের দুধ পানে পারিবারিক ও সামাজিকভাবে মাকে সহযোগিতার অভাব, কোভিড মহামারির কারণে মাতৃদুগ্ধ দানের বিষয়ে কম গুরুত্ব আরোপ করার বিষয়গুলো চ্যালেঞ্জ হিসেবে উঠে এসেছে।

রাজধানীর মিরপুরের বাসিন্দা চাকরিজীবী মা শারমিন সুলতানা জানান, ৮ আগস্ট তাঁর ছেলের বয়স ছয় মাস হবে। তবে বুকে যথেষ্ট দুধ না হওয়ায় তিনি শুরু থেকেই ছেলেকে ফর্মুলা দুধ দিয়েছেন। মাতৃত্বকালীন ছুটি শেষে শারমিন জুলাইয়ের শেষ সপ্তাহে অফিসে যোগ দিয়েছেন। সুরক্ষার জন্য করোনার টিকা নেওয়ার প্রয়োজন বোধ করছেন। কিন্তু দুগ্ধদানকারী মা হিসেবে টিকা নিতে পারবেন কি না তা নিয়ে সংশয়ে আছেন।

করোনাকালে মাতৃদুগ্ধের বিষয়ে প্রচার কম হয়েছে বলে মনে করছেন জাতীয় পুষ্টিসেবার কর্মসূচি ব্যবস্থাপক চিকিৎসক ফাতেমা আক্তার। তিনি বলেন, এ বিষয়ে মনোযোগ কম দেওয়া হয়েছে। এখনো বিপুলসংখ্যক মা প্রথম ছয় মাস সন্তানকে শুধু বুকের দুধ পান করান না। অনেক মায়ের ধারণা, বুকের দুধে সন্তানের পেট ভরে না। এসব ভ্রান্ত ধারণা দূর করতে বেশি বেশি প্রচার চালাতে হবে। প্রতিটি মন্ত্রণালয়কে এই প্রচারে সম্পৃক্ত হতে হবে। শিশুর জন্য মাতৃদুগ্ধের প্রয়োজনীয়তা নিয়ে পাঠ্যপুস্তকের মাধ্যমে বার্তা পৌঁছাতে হবে।

ফাতেমা আক্তার জানালেন, স্বাস্থ্যবিধি মেনে কোভিডে আক্রান্ত মা দুধ পান করাতে পারবেন। তাঁর টিকা নিতেও কোনো সমস্যা নেই। টিকা নেওয়া মা দুধ পান করাতে পারবেন।

মায়ের দুধ পান করানোর হার ৬৫ শতাংশ

বাংলাদেশ জনমিতি ও স্বাস্থ্য জরিপের (বিডিএইচএস) সর্বশেষ প্রতিবেদন (২০১৭-১৮) অনুসারে, দেশে শিশুর প্রথম ছয় মাস শুধু বুকের দুধ পানের হার ৬৫ শতাংশ। এ হার ২০০৪ সালে ৪২ শতাংশ, ২০০৭ সালে ৪৩ শতাংশ, ২০১১ সালে ৬৪ শতাংশ এবং ২০১৪ সালে ৫৫ শতাংশ ছিল।

চিকিৎসক ও পুষ্টিবিদদের মতে, জন্মের এক ঘণ্টার মধ্যে সন্তানকে মায়ের বুকের দুধ (শাল দুধ) পান করালে মায়ের গর্ভফুল তাড়াতাড়ি পড়ে, সহজে রক্তক্ষরণ বন্ধ হয়, জন্মবিরতিতে সহায়ক হয়, স্তন, জরায়ু ক্যানসার ও উচ্চ রক্তচাপের ঝুঁকি কমায়। ইন্টারন্যাশনাল বেবি ফুডস অ্যাকশন নেটওয়ার্কের (আইবিএফএন) ২০১৩ সালের তথ্য অনুসারে, শিশুকে মায়ের দুধ পান না করালে নিউমোনিয়াজনিত মৃত্যুর ঝুঁকি প্রায় ১৫ গুণ, ডায়রিয়ায় মৃত্যুঝুঁকি ১১ গুণ এবং শিশুদের অপুষ্টি ও অন্যান্য কারণে মৃত্যুর ঝুঁকি ১৪ গুণ বাড়ে। শারীরিক বৃদ্ধি ও মানসিক বিকাশ বাধাগ্রস্ত হয়।

বাংলাদেশ ব্রেস্ট ফিডিং ফাউন্ডেশনের পরিচালক খুরশীদ জাহান বলেন, শিশুর শরীরের চাহিদা অনুসারে মায়ের দুধে পুষ্টির পরিবর্তন হয়। জন্মের পরপরই এক ঘণ্টার মধ্যে শিশুকে মায়ের দুধ পান করাতে হবে। প্রথম ছয় মাস বা ১৮০ দিন শুধু মায়ের দুধ পান করানো যাবে। ছয় মাস বয়সের পর থেকে দুই বছর বয়স পর্যন্ত মায়ের দুধের পাশাপাশি ঘরে তৈরি বাড়তি খাবার খাওয়ানো যাবে। দেশে বছরে ছয় মাস বয়সী শিশুর সংখ্যা আনুমানিক ১৮ লাখ।

৯৭ দেশের মধ্যে বাংলাদেশ প্রথম

ওয়ার্ল্ড ব্রেস্ট ফিডিং ট্রেন্ডস ইনিশিয়েটিভের (ডব্লিউবিটিআই) ২০২০ সালের প্রতিবেদনে বাংলাদেশ ৯৭টি দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছে। নবজাতক ও ছোট শিশুর খাবার বা ইনফ্যান্ট অ্যান্ড ইয়াং চাইল্ড ফিডিং (আইওয়াইসিএফ) বিষয়ে নীতিমালা প্রণয়ন ও কার্যক্রম বাস্তবায়নের পর্যালোচনার ওপর ৯১ দশমিক ৫ নম্বর পেয়ে এই শীর্ষ অবস্থানে এসেছে বাংলাদেশ। ৯১ স্কোর করে শ্রীলঙ্কা দ্বিতীয় এবং ৮৯ স্কোর করে আফগানিস্তান তৃতীয় হয়েছে।