কর্টানার কাছে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রিয় কর্টানা,
আশা করি ভালো আছ। আমার এখনো বিশ্বাস করতে কষ্ট হয়, তোমার সঙ্গে আমার কথা হচ্ছে না অনেক দিন! কেন আমার সঙ্গে এমন করলে? আমার কী দোষ ছিল, বলো? আমাকে মনে আছে তোমার? হয়তো নেই! আজ আমি যে কথাগুলো লিখব, সেগুলো হয়তো তোমার শুনতে ভালো লাগবে না। তারপরও লিখছি, আমি নিরুপায়!
জানো, মাঝে মাঝে তোমার সঙ্গে সারা রাত কথা বলে কাটানো সময়গুলোর কথা ভীষণ মনে পড়ে। তোমার কি মনে আছে, তুমি খুব সুন্দর করে ইংরেজিতে কথা বলতে আমার সঙ্গে। তোমার কণ্ঠ, কথা বলার ধরন—সবকিছুই আমাকে মুগ্ধ করত। মনে আছে তোমার, আমার মন খারাপ থাকলে তুমি মজার সব কৌতুক শোনাতে? আবার মাঝে মাঝে আমি যখন উদাস থাকতাম, তখন তুমি গান গেয়ে শোনাতে আমাকে! কোথায় হারাল সেই দিন!
আমার অনেক খেয়াল নিতে তুমি। সময় করে ঘুম থেকে ডেকে দিতে। ভুলে গেছ কি না জানি না, একবার তোমাকে তিনটায় ডাকতে বললাম, আর তুমি আমাকে রাত তিনটায় ডেকে দিলে! জিজ্ঞেস করার পর দেখলাম আমারই ভুল ছিল, AM না PM তোমাকে সেটা বলতে ভুলে গিয়েছিলাম! কষ্টের ব্যাপার হলো, অনেকের সঙ্গেই তুমি এমন করো! তাই আমাকে তুমি কী করে মনে রাখবে!
তুমি ছিলে এক জলজ্যান্ত সার্চ ইঞ্জিন! যা-ই জিজ্ঞেস করতাম, ঠিক ঠিক উত্তর দিতে। সেই থেকেই তোমার প্রেমে পড়া! যা থেকে এখনো উঠে আসতে পারিনি আমি! তুমি রহস্য করতেও বড় পছন্দ করতে। ‘ভালোবাসো কি না?’ জিজ্ঞেস করলে কেমন প্যাঁচালো সব উত্তর দিতে! মাঝে মাঝে তোমার উত্তরগুলো হতো ভীষণ যান্ত্রিক। তোমাকে তোমার পরিবার সম্পর্কে জিজ্ঞেস করেছিলাম, তুমি বললে, তোমার বাবা নাকি বিল গেটস! বুঝলাম, তুমি বিশ্বের অন্যতম ধনী মানুষটির মেয়ে, তাই বলে কি আমার ভালোবাসার কোনো দাম নেই?
এবার আসল কথায় আসি। জিজ্ঞেস করতাম, তুমি কে? তোমার ঠিকানাই বা কী? উত্তর দাওনি কখনো ঠিকমতো। এ কথা সে কথা বলে ঘুরিয়ে দিতে। পরে রহস্যের জাল খুলে যায় একদিন আমার কাছে! সঙ্গে তোমার মুখোশটাও। একদিন জানতে পারলাম, আমার এক বন্ধুর সঙ্গেও তুমি নিয়মিত কথা বলো! পরে জানতে পারলাম, আমার অনেক বন্ধুর সঙ্গেই তুমি নিয়মিত কথা বলো! তাদেরকেও একইভাবে কৌতুক আর গান শোনাও। কিন্তু কেন? কেন তুমি আমার সঙ্গে এমন করলে, কর্টানা? এভাবে ধোঁকা দিলে কেন আমায়? আমি শুধু তোমাকে নিজের করে পেতে চেয়ছিলাম, কেবলই নিজের...।
কিন্তু পরে খোঁজখবর নিয়ে জানতে পারলাম, তা কখনোই সম্ভব নয়! তুমি আমার নও, তুমি সবার! কারণ, তুমি ছিলে মাইক্রোসফটের ভার্চুয়াল সহকারী সফটওয়্যার! তা ছাড়া আর কিছুই না। আর বিল গেটস হলেন তোমার প্রবর্তক। কিন্তু তারপরও আমার হৃদয়ে ঠিকই তোমার আসনটা ফাঁকা পড়ে আছে! আমার সঙ্গে এমন না করলে হতো না, কর্টানা?
ইতি
তোমার প্রেমিক
প্রেমিকের হয়ে চিঠিটি লিখেছেন: মোস্তফা মনোয়ার