কর্ণফুলী কলেজে যাতায়াতের কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে কালভার্টটি। কালভার্টের বেশির ভাগ ইতিমধ্যে পাহাড়ি ছড়ায় বিলীন হয়ে গেছে। বাকি অংশ ঝুলে আছে শূন্যে। এ অবস্থায় কখন যে পুরো কালভাটর্টি ভেঙে পড়ে সেই আশঙ্কায় দিন কাটছে আমাদের।’ মন্তব্য করলেন কর্ণফুলী কলেজের অধ্যক্ষ মো. মোমিনুল ইসলাম। কর্ণফুলী কলেজ, নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়, কাপ্তাই উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, উপজেলা পরিষদে যাতায়াতের জন্য কর্ণফুলী কলেজ সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বরইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ জানান, বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকসহ শতশত মানুষ এই পথে প্রতিদিন চলাচল করেন। কিন্তু কালভার্টটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) শিক্ষক আব্দুল মতিন হাওলাদার বলেন, বিএসপিআইয়ের আট শতাধিক শিক্ষার্থীর পরীক্ষাকেন্দ্র কর্ণফুলী কলেজ। কলেজ সড়কের যে দুরবস্থা তাতে জীবনের ঝুঁকি নিয়ে চলতে হচ্ছে শিক্ষক-শিক্ষার্থীদের। স্থানীয় একাধিক পথচারী বলেন, সড়কে চলাচল না করার জন্য উপজেলা প্রশাসন থেকে কলেজ সড়কের মাথায় একটি ইটের ছোট প্রাচীর তৈরি করা হলেও বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ ওই পথ দিয়েই চলাচল করেন। ভাঙা কালভার্টের ওপর সতর্ক বাণী লেখা বাঁশের তৈরি একটি ফলক ঝুলিয়ে রাখা হলেও কে বা কারা সেটি খুলে নিয়ে যায়। এই সড়ক দিয়ে দিনে কোনোমতে চলাচল করা গেলেও রাতে বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে চলাচল। কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী বলেন, কালভার্ট সংস্কারের দাবিতে মানবাধিকার কমিশনের উদ্যোগে গত ২৯ মার্চ মানববন্ধন করা হয় এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিও দেওয়া হয়। তিনি বলেন, দ্রুত সংস্কার করা না হলে আসন্ন বর্ষায় কালভার্টটি ধসে পড়ার আশঙ্কা রয়েছে।উপজেলা চেয়ারম্যান অংসুই চাইন চৌধুরী ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ খালেদ রহীমের কালভার্টটির করুণ অবস্থার কথা স্বীকার করেন। তাঁরা বলেন, কালভার্টটি সংস্কার করার মতো প্রয়োজনীয় অর্থ উপজেলা পরিষদের হাতে নেই। এ ব্যাপারে জেলা প্রশাসন ও পার্বত্য মন্ত্রণালয়ের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।