কর্ণফুলী গিলে খাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীর ভাঙনে ক্রমেই ছোট হয়ে আসছে রাঙ্গুনিয়া উপজেলার চার ইউনিয়নের আয়তন। প্রতিনিয়ত এ নদী গিলে খাচ্ছে চার ইউনিয়নের ফসলি জমি ও ঘরবাড়ি। আতঙ্কে দিন কাটছে নদীপারের হাজারো মানুষের। বালুর বস্তা আর গাছের গুঁড়ি দিয়েও নদীর ভাঙন ঠেকাতে পারছে না স্থানীয় লোকজন।সরেজমিনে দেখা যায়, বৃষ্টির কারণে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে স্রোতের তীব্রতা বেড়েছে। সেই সঙ্গে পানির তোড়ে ভাঙছে নদীর দুই পাড়। চন্দ্রঘোনা, কদমতলি, বেতাগি, মরিয়মনগর ও শিলক ইউনিয়নের ৪০ গ্রামের ১৭ কিলোমিটার এলাকাজুড়ে ভাঙছে।মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হোসেন জানান, আশির দশক থেকে এ ইউনিয়নে ভাঙন শুরু হয়। প্রতিবছর বর্ষায় পাহাড়ি ঢলের প্রবল স্রোতে এ ভাঙন তীব্র আকার ধারণ করে। আগে ইউনিয়নের আয়তন ছিল ৬ দশমিক ৪৭ বর্গমাইল। ভাঙনের পর বর্তমানে ২ দশমিক ৩৬ বর্গমাইল।ইউপি সদস্য ওবায়দুল হক জানান, এ বছর জুন মাসের মাঝামাঝি সময় থেকে ভাঙন তীব্র আকার ধারণ করেছে। ইতিমধ্যে প্রায় ৪০ একর পানের বরজ নদীতে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে রয়েছে মরিয়মনগর বালিকা উচ্চবিদ্যালয়, ইছামতি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ইছামতি কমিউনিটি ক্লিনিকসহ প্রায় শতাধিক ঘরবাড়ি। তিনি বলেন, ১৯৮৭ সালে পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে সাড়ে সাত কোটি টাকা ব্যয়ে মরিয়মনগর বালুগোট্টা এলাকায় ৭০০ মিটারের বেড়িবাঁধ নির্মাণ করা হয়। কিন্তু ১৯৯৯ সালের মধ্যে ৪৫০ মিটার বেড়িবাঁধ কর্ণফুলীতে বিলীন হয়ে যায়। এরপর ২০০৭ সালের বন্যায় বেড়িবাঁধের পুরোটাই বিলীন হয়ে যায়।চন্দ্রঘোনার কাটাখালী এলাকার পানচাষি আহমদ শফি (৪৬) বলেন, ‘পূর্বপুরুষের পানের বরজ নদী খেয়ে ফেলেছে। বাকি যেটুকু আছে তা-ও যায় যায়। মনে হচ্ছে, চাষ ছেড়ে দিতে হবে।’ মরিয়মনগরের বালুগোট্টার বাসিন্দা সিরাজুল ইসলাম (৫৫) বলেন, ‘নদী এখন একদম কাছে চলে এসেছে। ভাঙন অব্যাহত থাকলে মাসখানেকের মধ্যে আমার ঘর নদীতে চলে যাবে। প্রতিটা দিন কাটছে আতঙ্কের মধ্যে।’চন্দ্রঘোনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আহমদুল হক জানান, বর্ষণ শুরু হওয়ায় এ ইউনিয়নের ছয় গ্রামের প্রায় ৪০-৪৫ একর ফসলি জমি বিলীন হয়ে গেছে। বর্তমানে চন্দ্রঘোনা লিচুবাগান, দোভাষী বাজার, হাজি ওয়াজ উদ্দিন ওয়াকফ এস্টেটের বিপুল পরিমাণ জমি ভাঙনের মুখে রয়েছে।কর্ণফুলী নদী ভাঙন প্রতিরোধ সংগ্রাম কমিটির সভাপতি জামাল উদ্দিন জানান, কর্ণফুলী নদীর ভাঙন ঠেকাতে হলে মরিয়মনগর রক্ষা প্রকল্পের বেড়িবাঁধ পুনর্নির্মাণ করতে হবে। চার ইউনিয়নের উভয় তীরে ব্লক স্থাপন করতে হবে। কিন্তু বেড়িবাঁধ নির্মাণে পানি উন্নয়ন বোর্ড এখনো কোনো উদ্যোগ নেয়নি।পানি উন্নয়ন বোর্ড রাঙ্গুনিয়া আঞ্চলিক কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী গিয়াস উদ্দিন এ প্রসঙ্গে বলেন, ‘ভাঙন রোধে প্রকল্পের অধীনে নদীর উভয় তীরে ব্লক স্থাপন জরুরি, যা প্রতিবেদন আকারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। আর মরিয়মনগর রক্ষা প্রকল্পের বোড়িবাঁধ পুনর্নির্মাণের কোনো উদ্যোগ পানি উন্নয়ন বোর্ডের হাতে নেই।’ রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, কর্ণফুলী নদীর ভাঙন রোধে চার ইউনিয়নের উভয় তীরে ব্লক স্থাপনের জন্য জেলা প্রশাসনের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠানো হয়েছে। চলতি জুন মাসের মাঝামাঝি সময়ে রাঙ্গুনিয়ার সাংসদ, পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ কর্ণফুলী নদীর ভাঙন এলাকা পরিদর্শন করেন। নদীর ভাঙন রোধে তিনি ওই সময় এলাকাবাসীকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা বলেন।