ফটিকছড়ি উপজেলার কর্ণফুলী চা-বাগান সড়কের উন্নয়নকাজ বন্ধ সাত বছর ধরে। ২০০৪ সালে সড়কের আংশিক কাজ করে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান চলে যায়। বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। ফলে যান চলাচল এমনকি হেঁটে চলাচলও কষ্টকর হয়ে পড়েছে এ সড়কে। ফটিকছড়ি পৌর সদর থেকে কর্ণফুলী চা-বাগান পর্যন্ত এ সড়কের দৈর্ঘ্য প্রায় চার কিলোমিটার। কর্ণফুলী-চা বাগান, রাঙামাটিয়া, কাঞ্চননগর ও লেলাং ইউনিয়নের প্রায় ৩০ হাজার মানুষ যাতায়াত করে এ সড়ক দিয়ে।ওই সড়কের পথচারী আনোয়ার হোসেন বলেন, ‘সাত বছর ধরে এ সড়ক দিয়ে চলাচলে মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। কিন্তু কারও কোনো নজর নেই।’কলেজশিক্ষার্থী আফজাল হোসেন বলেন, ‘সড়কটি হলে ১৫ থেকে ২০ মিনিটেই সদরে যাওয়া যেত। এখন সময় লাগে এক ঘণ্টা। ভাড়া দিতে হয় তিন গুণ।’অটোরিকশাচালক আনোয়ার হোসেন বলেন, ‘যে গাড়ি মাসে একবার মেরামত করতে হতো, তা এখন প্রতিদিন মেরামত করতে হয়। তাই ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই।’ কর্ণফুলী চা-বাগানের ব্যবস্থাপক লুৎফর রহমান বলেন, ‘এশিয়ার বৃহত্তম চা-বাগানে যাওয়ার সড়কটির অবস্থা যে কত করুণ, তা বুঝিয়ে বলা মুশকিল।’ এ ব্যাপারে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স হক অ্যান্ড ব্রাদার্সের মালিক মো. মজাহার বলেন, ‘তখন ফান্ডে অর্থ ছিল না, তাই কাজ শেষ করতে পারিনি। যতটুকু কাজ করেছি, তার বিলও পাইনি।’ লেলাং ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কুতুব উদ্দিন মুহুরী বলেন, ‘সড়কটি সংস্কারের জন্য বিভিন্ন দপ্তরে আবেদন-নিবেদন করেও কোনো ফল হয়নি।’ উপজেলা প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত জানান, কাজ না করায় ঠিকাদারের বিরুদ্ধে আর্থিক জরিমানা আদায় করে তাঁর কার্যাদেশ বাতিল করা হয়েছে। চলতি বছর এ সড়কের জন্য নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অঞ্জনা খান মজলিশ বলেন, ‘সড়কটি চলতি বছর সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট দপ্তরকে বলা হয়েছে।’