কর্ণফুলী তৃতীয় সেতু সংযোগ সড়ক হতে লাগবে তিন বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী তৃতীয় সেতু চালুর জন্য প্রস্তত থাকলেও সেতু থেকে বহদ্দারহাট পর্যন্ত সংযোগ সড়কটি প্রস্তুত নেই। সেতুর কাজ শুরুর সময় প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সড়কটি (শাহ আমানত সেতু সংযোগ সড়ক) সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাস্তবায়িত হয়নি। বর্তমানে এটিকে ছয় লেনে উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু কাজ শেষ হতে সময় লাগবে তিন বছর। ফলে সেতু চালু হলে অপ্রশস্ত সড়কটি গাড়ি ধারণ করার ক্ষমতা হারাবে। বহদ্দারহাট থেকে সেতু অংশে যানজট ভয়াবহ রূপ নেবে। এতে দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানের ১৭টি সড়কের যাত্রীদের দুর্ভোগ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্র জানায়, কর্ণফুলী তৃতীয় সেতু-বহদ্দারহাট সংযোগ সড়কের জন্য ১৪২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার। বর্তমানে দুই লেনের এ সড়ককে ছয় লেন পর্যন্ত চওড়া করার সিদ্ধান্ত হয়েছে। সড়কের দুই পাশে থাকবে ফুটপাত। ফুটপাতের নিচে পানি সরে যাওয়ার জন্য নর্দমা তৈরি করা হবে। সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ এক প্রশ্নের জবাবে বলেন, কর্ণফুলী তৃতীয় সেতু-বহদ্দারহাট সংযোগ সড়কের প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে, যা আগামী বছরের ৩০ জুনের মধ্যে শেষ হওয়ার কথা। অথচ আমরা এখনো দরপত্র আহ্বান করিনি। তাই ২০১৩ সালের ডিসেম্বরের আগে এ প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হবে বলে মনে হচ্ছে না।কর্ণফুলী তৃতীয় সেতু চালু হলে দক্ষিণ চট্টগ্রামের সাত উপজেলা, বান্দরবান ও কক্সবাজারের বাসিন্দা ছাড়াও পর্যটকদের ভ্রমণসুবিধা বাড়বে। দেশের বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিপুলসংখ্যক পর্যটক বান্দরবান ও কক্সবাজার ভ্রমণে আসেন। আর প্রস্তাবিত এশিয়ান হাইওয়ের সঙ্গে স্থায়ী সংযোগ তৈরি করে দেবে কর্ণফুলী তৃতীয় সেতু।সূত্র জানায়, কর্ণফুলী সেতুসংলগ্ন শাহ আমানত সেতুর ওপর দিয়ে প্রতিদিন ছয় হাজার গাড়ি পারাপার হচ্ছে। তৃতীয় সেতু চালু হলে শাহ আমানত ও কালুরঘাট সেতু এবং ব্রিজঘাট ফেরিঘাটের সব গাড়ি বহদ্দারহাট-কর্ণফুলী তৃতীয় সেতু ও সংযোগ সড়ক দিয়ে চলাচল করবে। তখন প্রতিদিন তৃতীয় সেতু দিয়ে ১২-১৩ হাজার গাড়ি পারাপার করবে বলে ইজারাদারসহ সংশ্লিষ্ট লোকজনের ধারণা। যাত্রীদের ধারণা সেতু পার হওয়ার আনন্দ মুহূর্তে মিলিয়ে যাবে সংযোগ সড়কে গাড়ি ঢুকলে। সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথ প্রথম আলোকে বলেন, ‘প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ সংযোগ সড়কের তিনটি অংশে তিনটি পাতালপথের (আন্ডারপাস) নকশা তৈরির কাজ চলছে। পাশাপাশি জেলা প্রশাসন ভূমি অধিগ্রহণের কাজও করছে। এসব কাজ শেষ হলে সড়ক সম্প্রসারণে দরপত্র আহ্বান করা হবে।এ ব্যাপারে চকরিয়ার বাসিন্দা ও ব্যবসায়ী আব্দুল হান্নান চৌধুরী বলেন, ‘শাহ আমানত সংযোগ সেতুর দুরবস্থার কারণে কক্সবাজার রুটের যাত্রীরা গত এক দশক ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। অনেক টানাটানির পর তৃতীয় কর্ণফুলী সেতুর নির্মাণকাজ শুরু হলে আমরা ভেবেছিলাম দুর্ভোগের দিন শেষ হচ্ছে। কিন্তু সংযোগ সংযোগ সড়ক না হওয়ায় কর্ণফুলী সেতুর সুফল কতটা পাওয়া যাবে তা নিয়ে আমরা আতঙ্কে আছি।’সওজ সূত্র জানায়, বহদ্দারহাট-কর্ণফুলী তৃতীয় সেতু ৯২ ফুট প্রশস্ত হবে। সড়কের মাঝখানে বিভাজক (ডিভাইডার) থাকবে। দ্রুতগতির গাড়ি চলাচলের জন্য চার লেন (৪৮ ফুট) নির্ধারিত থাকবে। সড়কের দুপাশে আরও দুই লেন রাখার ব্যবস্থা করা হয়েছে, যার ওপর দিয়ে শুধু ধীরগতির (স্লো ভেহিক্যাল) গাড়ি চলাচল করবে। রিকশা ও ঠেলাগাড়ি ধীরগতির গাড়ির শ্রেণীতে পড়ে। দ্রুতগতির গাড়ির লেনের সঙ্গে ধীরগতির গাড়ির লেন আলাদা করতে মূল বিভাজকের দুপাশে আরও দুটি ছোট আকৃতির বিভাজক করার প্রস্তাব রাখা হয়েছে। আর ফুটপাত দিয়ে সাধারণ লোকজনের হাঁটার ব্যবস্থা তো থাকছেই।পরিবহন শ্রমিক সৈয়দ আহমদ জানান, ‘কর্ণফুলী পেরোলেই মনে হয় সামনে নরক। নতুন ব্রিজের মুখ, কালামিয়া বাজার, রাহাত্তার পুল এলাকায় সকাল-বিকাল যানজটের মুখোমুখি হতে হয় আমাদের। সেতু চালুর তিন বছর পর সড়ক হবে—এটা কেমন কথা বুঝতে পারছি না।’সওজ সূত্র আরও জানায়, নগরের রাহাত্তারপুল, কালামিয়ার বাজার ও রাজাখালী এলাকার লোকজন গাড়ি নিয়ে সরাসরি সংযোগ সড়কে উঠতে পারবে না। মূল সংযোগ সড়কে উঠতে হলে তাঁদের বহদ্দারহাট কিংবা কর্ণফুলী সেতুর কাছে চলে যেতে হবে। মূল সড়কের নিচ দিয়ে পূর্ব-পশ্চিম সীমানায় গাড়ি নিয়ে লোকজনের যাতায়াতের সুযোগ থাকছে। এর জন্য সংযোগ সড়কের নিচ দিয়ে তিনটি পাতালপথও তৈরি হচ্ছে, যা হবে দুই লেনের। পাতালপথের ওপর দিয়ে ছয় লেনের সংযোগ সড়ককে উড়ালসেতুর (ফ্লাইওভার) মতো মনে হবে বলে একজন প্রকৌশলী জানান। সড়ক ব্যবহারকারীদের সঙ্গে কথা বলে জানা যায়, কর্ণফুলী তৃতীয় সেতু দক্ষিণ চট্টগ্রাম, কক্সবাজার ও বান্দরবানবাসীর জন্য কাছে যেন স্বপ্নের সেতু। ওই সেতুর নির্মাণকাজ শুরুর সঙ্গে সংযোগ সড়ক প্রশস্ত করার কাজ শুরু হলে উভয় প্রকল্পের কাজ একই সময়ের মধ্যে শেষ করা সম্ভব ছিল। কর্তৃপক্ষের অদূরদর্শিতার কারণে একটি প্রকল্প ঝুলিয়ে রেখে অন্যটির কাজ শুরু করা হয়। এ কারণে সেতু ব্যবহারকারীরা আরও তিন বছরের বেশি সময় ভোগান্তির শিকার হবেন। লোহাগাড়ার বাসিন্দা সাংবাদিক আব্দুর রহিম আজাদ বলেন, ‘ঈদের আগেই সেতু চালু করা না হলে যাত্রীদের দুর্ভোগ চরমে পৌঁছবে। সেতু প্রস্তুত কিন্তু কেন চালু হচ্ছে না তা আমাদের বোধগম্য নয়। যাত্রীদের ভোগান্তির বিষয়টি কেন কর্তৃপক্ষ ভাবছে না তা বুঝতে পারছি না।’ সংশোধনী: ১৯ আগস্ট আলোকিত চট্টগ্রামে ‘কর্ণফুলী তৃতীয় সেতু প্রস্তুত, প্রধানমন্ত্রীর জন্য অপেক্ষা’ শিরোনামে প্রতিবেদনে সওজের নির্বাহী প্রকৌশলী স্বপন কুমার নাথের তথ্যের ভিত্তিতে প্রতিবেদনে উল্লেখ করা হয়, ‘সংযোগ সড়কের রাহাত্তারপোল ও কালামিয়ার বাজারে দুটি পাতালপথের (আন্ডারপাস) নকশা তৈরির কাজ চলছে।’ আসলে তিনটি পাতালপথের নকশার কাজ চলছে বলে স্বপন কুমার নাথ পরে জানান।