কর্ণফুলী-দূষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের দুটি প্রধান নদীর একটি কর্ণফুলী। নানা বর্জ্যের দূষণে নদীটির এখন বিপর্যস্ত অবস্থা। কিন্তু এ অবস্থা থেকে উত্তরণের উপায় কী? এ নিয়ে দুই প্রতিষ্ঠানপ্রধানের সঙ্গে কথা বলেছেন সাঈদা ইসলাম

জাফর আলম
জাফর আলম

কর্ণফুলী-দূষণের অন্যতম কারণ পয়োবর্জ্য

জাফর আলম
বিভাগীয় পরিচালক
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম
কর্ণফুলী-দূষণের অন্যতম কারণ পয়োবর্জ্য। কিন্তু এত দিনেও ওয়াসা পয়োবর্জ্য শোধনাগার করতে পারেনি। এ কারণে চট্টগ্রাম শহরে বসবাসকারী প্রায় ৫০ লাখ মানুষের পয়োবর্জ্য সরাসরি গিয়ে কর্ণফুলী নদীতে গিয়ে মিশছে। একজন লোকের দৈনন্দিন পানি ব্যবহার যদি ৫০ লিটার ধরা হয়, তাহলে সেই হিসেবে দিনে সাড়ে তিন হাজার টন পয়োবর্জ্যসহ ২৫ কোটি লিটার পানি কোনো ধরনের পরিশোধন ছাড়াই কর্ণফুলীতে গিয়ে মিশছে। এতে নদীর জলজবৈচিত্র্য, বাস্তুসংস্থান তো ধ্বংস হচ্ছে, মানুষের ব্যবহারেরও অনুপযোগী হয়ে পড়ছে কর্ণফুলীর পানি। এ কারণে পয়োবর্জ্য পরিশোধনের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া ছাড়া কোনো উপায় নেই।
এ ছাড়া কর্ণফুলী নদীর পাড়ের ৭০০ কলকারখানা ও চট্টগ্রাম সিটি করপোরেশনও পানি দূষণের জন্য দায়ী অন্যতম প্রতিষ্ঠান। দূষণ রোধে গত পাঁচ মাসে বিভিন্ন প্রতিষ্ঠানকে ছয় কোটি টাকা জরিমানা করেছি। কিন্তু জরিমানা দিয়ে আসলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব নয়। পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ইতিমধ্যে প্রধান দূষণকারী প্রতিষ্ঠান যেমন চট্টগ্রাম সিটি করপোরেশন, চট্টগ্রাম ওয়াসা, চট্টগ্রাম চেম্বারের সঙ্গে আমরা আলাদা আলাদাভাবে বৈঠক করেছি। আমরা বলেছি, কর্ণফুলীকে বুড়িগঙ্গা হতে দেব না।

এ কে এম ফজলুল্লাহ
এ কে এম ফজলুল্লাহ

৫১ বছরেও কোনো উদ্যোগ নিতে পারেনি ওয়াসা

এ কে এম ফজলুল্লাহ
ব্যবস্থাপনা পরিচালক
চট্টগ্রাম ওয়াসা
দুঃখজনক হলেও সত্যি, নানা জটিলতায় গত ৫১ বছরেও ওয়াসা বর্জ্য পরিশোধনের কোনো উদ্যোগ নিতে পারেনি। বর্জ্য ব্যবস্থাপনা ব্যয়বহুল বলে এত দিন কোনো আগ্রহী দাতাও পাওয়া যায়নি। তবে বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে ৯০০ কোটি টাকার একটি প্রকল্পের পূর্বপ্রস্তাবনা তিন বছর আগে পাস হয়েছে। বর্তমানে সেটি অর্থনৈতিক সম্পর্ক বিভাগে আছে। ওই প্রকল্পের জন্য দাতা খোঁজা হচ্ছে।
তবে সম্প্রতি আশার কথা শোনা গেছে। জাইকা, বিশ্বব্যাংক, কোরিয়া ও চীন আমাদের বর্জ্য ব্যবস্থাপনাসংক্রান্ত প্রকল্পে অর্থায়নের জন্য আগ্রহ প্রকাশ করেছে। প্রধানমন্ত্রীর পরবর্তী চীন সফরে চট্টগ্রাম ওয়াসার বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পটির কথা তুলে ধরা হবে বলে আশা করছি। এ সপ্তাহে এ-সংক্রান্ত ধারণাপত্র (কনসেপ্ট পেপার) আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি।
এ ছাড়া বিশ্বব্যাংকের অর্থায়নে মদুনাঘাট পানি প্রকল্পের আওতায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে একটি মাস্টারপ্ল্যান তৈরির কাজ শুরু হচ্ছে। চট্টগ্রামে পূর্ণাঙ্গ বর্জ্য ব্যবস্থাপনা করতে আনুমানিক ৩০ হাজার কোটি টাকা প্রয়োজন হবে। পুরোটা এক সঙ্গে পাওয়া হয়তো সম্ভব হবে না। ধাপে ধাপে এ কাজ করতে হবে।