কর্ণফুলী নাট্যোত্সব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ বিকেলের আলো-আঁধারিতে প্রদীপের আলোয় নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে রবীন্দ্রনাথ ঠাকুরের বিশাল প্রতিকৃতি। বর্ণিল সৌন্দর্যে রাঙানো চারপাশ মুখরিত নাট্যপ্রেমীদের কোলাহলে। মুক্তমঞ্চে বিভিন্ন সাংস্কৃতিক দলের পরিবেশনা আর মিলনায়তনে কালজয়ী নাটকের প্রদর্শনী।এভাবেই ১-৪ এপ্রিল পর্যন্ত চার দিনব্যাপী উদ্যাপিত হলো ‘প্রাঙ্গণে মোর কর্ণফুলী নাট্যোত্সব-২০১০।’ ‘আপন হ’তে বাহির হয়ে বাইরে দাঁড়া/বুকের মাঝে বিশ্বলোকের পাবি সাড়া’ শিরোনামে উত্সবের উদ্বোধন করেন কবি আবুল মোমেন। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রামের জেলাপ্রশাসক ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী। উপস্থিত ছিলেন নাট্যজন আহমেদ ইকবাল হায়দার, সুচরিত দাস, অলক মাহমুদ প্রমুখ। আবুল মোমেন বলেন, ‘রবীন্দ্রনাথের সৃষ্টি আমাদের জাতীয় জীবনের জন্য দিকনির্দেশকের মতো। বাঙালি চেতনাকে সমৃদ্ধ করতে রবীন্দ্রচর্চা বিশেষ গুরুত্বপূর্ণ।’ ফরিদ উদ্দিন আহমদ চৌধুরী বলেন, ‘ঢাকার একটি দল চট্টগ্রামে এসে চার দিনব্যাপী উত্সব করছে, তা আমাদের মাঝে সুখকর অনুভূতি জাগিয়ে তোলে। বাংলাদেশের নাট্যচর্চার ক্ষেত্রে এটি একটি মাইলফলক।’ উদ্বোধন ঘোষণার পর মুক্তমঞ্চে গান করেন সংগীত ভবনের শিল্পীরা। আবৃত্তি করেন রণজিত্ রক্ষিত। এরপর মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথ ঠাকুরের শ্যামা নৃত্যনাট্য অবলম্বনে নাটক শ্যামা প্রেম। উত্সবের দ্বিতীয় দিন সকালে ছিল ‘বাঙালির নাট্যচর্চা ও রবীন্দ্রনাথের নাটক’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ পাঠ করেন অসীম দাস। আলোচনায় অংশ নেন অধ্যাপক মাহবুবুল হক, শান্তনু বিশ্বাস ও কুন্তল বড়ুয়া। বিকেলে মুক্তমঞ্চে নাচ, আবৃত্তি ও পথনাটক পরিবেশন করে ওডিসি টেগোর ড্যান্স মুভমেন্ট সেন্টার, প্রমা ও তির্যক নাট্যগোষ্ঠী। এরপর মিলনায়তনে মঞ্চস্থ হয় রবীন্দ্রনাথের চার অধ্যায় উপন্যাস অবলম্বনে নাটক স্বদেশী। উত্সবের তৃতীয় দিন গান করে উদীচীর শিল্পীরা। নান্দিকারের পরিবেশনায় পথনাটক নদীর উপমা ছিল উপভোগ্য। আবৃত্তি করেন মিলি চৌধুরী। সন্ধ্যায় মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক লোকনায়ক। সমাপনী দিন মুক্তমঞ্চে নৃত্য পরিবেশন করে স্কুল অব ওরিয়েন্টাল ড্যান্স। রবীন্দ্রনাথ ঠাকুরের বিসর্জন কবিতার শ্রুতিরূপ পরিবেশন করে বোধন আবৃত্তি পরিষদ। নাটকীয় আবৃত্তির সঙ্গে চমত্কার আবহ সঞ্চারে মন্ত্রমুগ্ধ হন দর্শক। এরপর মিলনায়তনে মঞ্চস্থ হয় নাটক রক্তকরবী। সমাপনী বক্তব্য দেন প্রদীপ দেওয়ানজী। উত্সবের নাটকগুলোর নির্দেশনা দেন লূনা আফরোজ এবং অনন্ত হীরা। ঢাকার বাইরে উত্সব আয়োজন করতে এসে কেমন লাগছে জানতে চাইলে প্রাঙ্গণে মোর নাট্যদলের কর্মী শিশির রহমান বলেন, ‘প্রাঙ্গণে মোর-এর নাট্যচর্চা সারা দেশে প্রসারের জন্যই আমাদের এই আয়োজন। চট্টগ্রামের দলগুলো আমাদের ডাকে ভালো সাড়া দিয়েছে।’