কর্ণফুলী পাটকল শ্রমিক কর্মচারীদের আনন্দ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা সরকারিভাবে চালুর সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ১৩ ফেব্রুয়ারি শ্রমিক-কর্মচারীরা আনন্দ মিছিল করেছে।শ্রমিকেরা জানান, বাংলাদেশ পাটকল করপোরেশন (বিজেএমসি) পরিচালিত কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা বিগত চারদলীয় জোট সরকারের সময় বন্ধ হয়ে যায়। ফলে কারখানা দুটির দেড় হাজারের বেশি শ্রমিক-কর্মচারী চাকরি হারায়। তত্ত্বাবধায়ক সরকার ২০০৮ সালে বেসরকারি খাতে কারখানা দুটি চালু করলেও শ্রমিক-কর্মচারীরা কেউ চাকরি ফিরে পায়নি। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর চাকরিচ্যুত শ্রমিক-কর্মচারীরা কেএফডি (কর্ণফুলী-ফোরাত-ডিডিএফ) সংগ্রাম পরিষদের ব্যানারে কারখানা দুটি সরকারিভাবে চালুর দাবিতে আন্দোলনে নামে। ওই সময় কারখানা চালুর দাবিতে নানা কর্মসূচি পালন করা হয়। এর পরিপ্রেক্ষিতে রাঙ্গুনিয়ার সাংসদ বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ ওই সালের জুলাই মাসে কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা পরিদর্শন করে সরকারিভাবে চালুর উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। কেএফডি সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক মো. হাসান জানান, রাঙ্গুনিয়ার সাংসদ বন ও পরিবেশ প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদের সভাপতিত্বে ৯ ফেব্রুয়ারি ক্লাইমেট চেঞ্জ ট্রাস্টি বোর্ডের সভায় কর্ণফুলী পাটকল ও ফোরাত কার্পেট কারখানা দুটি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়।