কর্ণফুলী পাড়ের জেলেদের দুর্দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভরা মৌসুমেও নদীতে মাছের আকাল। ফলে বেকার দিন কাটাচ্ছেন রাঙ্গুনিয়ার জেলেরা। নদীপাড়ে অলস বসে সময় কাটছে। ফলে পরিবার-পরিজন নিয়ে অর্ধাহারে-আনাহারে মানবেতর জীবন-যাপন করছেন তাঁরা। জেলেরা জানান, আশির দশকেও কর্ণফুলী নদীতে প্রচুর রুই, কাতলা, মৃগেল, চিতল, বোয়াল, কোরাল, পাঙ্গাস, কালিগনি, তেলাপিয়া, কই, পোয়া, রুপচাঁদা সরপুঁটি, বেলে, লইট্টা, চাপিলা, শোল, চিরিং, গোদা, বুরগুনি, বাটা, কেচকি, ফান্ডা, বাইম, পুইয়া, সামুদ্রিক ইলিশ, ভেটকি, লাক্ষা ও চিংড়ি মাছ পাওয়া যেত। কিন্তু এখন সারাদিন জাল ফেলে তিন কেজি মাছ পাওয়া যায় না। বর্তমানে অনেকে পেশা ছেড়ে দিয়েছেন।স্থানীয় একাধিক সূত্র জানায়, কর্ণফুলী নদীর মাছ ধরাকে কেন্দ্র করে নদী তীরবর্তী চন্দ্রঘোনা, মরিয়মনগর, পোমরা, ইছাখালী, বেতাগী, শিলক, সরফভাটা ও কোদালা ইউনিয়নের বিভিন্ন এলাকায় গড়ে উঠে একাধিক জেলেপল্লি। যেখানে রয়েছে প্রায় তিন হাজার জেলে পরিবারের বসবাস। যাঁরা কর্ণফুলী নদীতে জাল ফেলে মাছ ধরে বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করত এক সময়। কিন্তু কর্ণফুলী নদীর বুকে জেগে উঠেছে অসংখ্য চর। তলদেশ ভরাট হয়ে যাওয়ায় মৎস্য বিচরণের ক্ষেত্র কমে গেছে। ফলে কর্ণফুলী নদীতে এখন আগের মতো মাছের বংশবৃদ্ধি ঘটে না। এ ছাড়া দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে কর্ণফুলী নদীতে নিক্ষিপ্ত হচ্ছে চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী কাগজ কলের বিষাক্ত বর্জ্য। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, ইছাখালি, চন্দ্রঘোনা ও পোমরার জেলেপল্লির অনেকের ঘরে ছাউনি নেই। এমনকি শরীরে জড়ানোর মতো ভালো কাপড়ও নেই। পোমরা জেলেপল্লির হারাধন জলদাস বলেন, ‘নদীতে মাছ নেই তাই গত তিন বছর ধরে মাছ ধরা বন্ধ করে দিয়েছি। উপার্জনের কোনো পথ জানা না থাকায় পরিবার-পরিজন নিয়ে খেয়ে না খেয়ে দিনযাপন করছি। টাকার অভাবে নিজের ঘরটি মেরামত করতে পারছি না।’ইছাখালি জেলেপল্লির মুক্তি জলদাস, পদচরণ জলদাস ও নারায়ণ জলদাস বলেন, ‘আমরা বিকল্প কাজ চাই। কাজ করে অর্থ উপার্জন করার শক্তি ও সামর্থ্য আমাদের রয়েছে।’রাঙ্গুনিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন জানান, আশির দশকের আগেও কর্ণফুলী নদীতে ৭২ প্রজাতির মাছ পাওয়া যেত। এর মধ্যে ৫৪ প্রজাতির মাছ এখন পাওয়া যায় না। ১৮ প্রজাতির মাছ হারিয়ে যাওয়ার পথে। ফলে মাছ ধরা ছেড়ে দিয়ে জেলেরা বেকার বসে সময় কাটাচ্ছে। রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কারখানার বর্জ্য দূষণ ও প্রাকৃতিক বিপর্যয়ের পাশাপাশি কর্ণফুলী নদী থেকে ছোট-বড় ও ডিমওয়ালা মাছ ধরে জেলেরাই নিজেদের সর্বনাশ ডেকে এনেছেন। তবে এক্ষেত্রে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা ঘের দিয়ে মাছের পোনা ও ডিমওয়ালা মাছ ধ্বংস করছে বেশি। এদের প্রতিরোধ করতে হবে। এ ছাড়া কর্ণফুলী নদীকে মাছের অভয়ারণ্য ঘোষণা করা হলে মাছের অভাব দূর হবে। পূর্বপুরুষের পেশা রক্ষার সুযোগ পাবে জেলেরা। পাশাপাশি প্রশিক্ষণ দিয়ে তাঁদের বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা দরকার।’