কর্ণফুলী প্রকল্প নিয়ে ওয়াসার তোড়জোড়
কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন নিয়ে তোড়জোড় শুরু করেছে চট্টগ্রাম ওয়াসা। নতুন এ প্রকল্পটি বাস্তবায়ন হলে নগরের পানীয় জলের সংকট অনেকাংশে কমে যাবে বলে আশা করছেন ওয়াসার কর্মকর্তারা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে গভীর নলকূপ স্থাপনের মধ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম সীমাবদ্ধ ছিল।চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক এ কে এম ফজলুল্লাহ প্রথম আলোকে বলেন, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন চট্টগ্রাম ওয়াসার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। দুই বছর ধরে পরিশ্রম করে আমরা প্রকল্পটি বাস্তবায়নের পর্যায়ে নিয়ে আসতে পেরেছি। আশা করছি বর্তমান সরকারের মেয়াদের মধ্যেই প্রকল্পটি থেকে চট্টগ্রামে পানি সরবরাহ করা সম্ভব হবে। প্রকৌশলীদের সঙ্গে কথা বলে জানা যায়, বর্তমানে প্রকৌশলীরা প্রকল্পটি নিয়ে ব্যস্ত। এ ছাড়া তরুণ প্রকৌশলীদেরও বিভিন্ন পর্যায়ে অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে মাঠ পর্যায়ে তরুণ প্রকৌশলীরাই বেশি কাজ করছেন। প্রধান প্রকৌশলী মো. আবদুল করিম চৌধুরী বলেন, বিদেশি কর্মকর্তা ও প্রকৌশলীদের সঙ্গে কাজ করে মূলত আমাদের তরুণ প্রকৌশলীরাও দক্ষ হয়ে উঠছেন। জানা যায়, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের কাজ হাতে নেওয়া হয় ২০০৫ সালে। তখন প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল প্রায় ৯০০ কোটি টাকা। কিন্তু বাস্তবায়ন করতে গিয়ে দেখা যায়, পণ্য এবং আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলারের দাম বেড়ে যাওয়ায় এ বাজেট বেড়ে প্রায় দ্বিগুণ হয়। বর্তমানে প্রকল্পটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে এক হাজার ৬৫৪ কোটি টাকা। ওয়াসা কর্তৃপক্ষ জানায়, প্রকল্পটির বাস্তবায়নের জন্য তিনটি পর্যায়ে ভাগ করা হয়েছে। এগুলো হচ্ছে—রাঙ্গুনিয়ার পোমরায় কর্ণফুলী নদীর পাড়ে পানি শোধনের প্লান্ট, পোমরা থেকে চট্টগ্রাম শহর পর্যন্ত পাইপলাইন এবং শহরে দুইটি জলাধার স্থাপন। এর মধ্যে পানি শোধনাগার স্থাপনের জন্য চীনা, পাইপলাইনের জন্য জাপানি এবং জলাধার নির্মাণের জন্য কোরিয়ান একটি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে চট্টগ্রাম ওয়াসা কর্তৃপক্ষ। জানা যায়, কর্ণফুলী পানি শোধনাগার প্রকল্পের মূল অর্থায়ন করছে জাপানি সহযোগী সংস্থা—জাইকা। তারা প্রকল্পে প্রায় এক হাজার কোটি টাকা সরবরাহ করছে। অবশিষ্ট অর্থ দিচ্ছে বাংলাদেশ সরকার। ২০০৫ সালে প্রকল্পটির প্রাথমিক কাজ শুরু হলেও ভূমি অধিগ্রহণ নিয়ে জটিলতা দেখা দেয়। বর্তমান সরকারের সময় এসে জটিলতার অবসান হয়। মূলত ভূমি অধিগ্রহণ কাজ শেষ হওয়ার পরই প্রকল্পের অগ্রগতি শুরু হয়।