চট্টগ্রাম শহরের গুরুত্বপূর্ণ বহদ্দারহাট মোড় থেকে নবনির্মিত কর্ণফুলী সেতু এলাকা পর্যন্ত তীব্র যানজটসহ পার্শ্ববর্তী সড়কগুলোতে যানজট নিরসনের লক্ষ্যে দুই সপ্তাহ আগে নেওয়া সিদ্ধান্তগুলো গত বুধবার আবার পরিবর্তন করা হয়েছে। এতে নবনির্মিত শাহ আমানত সেতুর উত্তর ও দক্ষিণ পারে শত শত যানবাহন জট পাকিয়ে আছে।ঈদের আগে চট্টগ্রামের বাইরের জেলা থেকে আসা কক্সবাজার ও বান্দরবানমুখী ভারী যানবাহনগুলো শহরের বাইরের সড়ক দিয়ে কালুরঘাট সেতু হয়ে দক্ষিণ চট্টগ্রামে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক), চট্টগ্রাম সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিরা যৌথ বৈঠক করে গত ২৩ আগস্ট এই সিদ্ধান্ত নেন।কিন্তু সওজ বিভাগ গত বুধবার এক ঘোষণার মাধ্যমে কালুরঘাট সেতু দিয়ে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দিয়েছে। ফলে চট্টগ্রামের বাইরের জেলা থেকে আসা কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামমুখী সব রকম ভারী যানবাহন এখন আগের মতো কর্ণফুলী তৃতীয় সেতু দিয়েই চলাচল শুরু করেছে। এতে কর্ণফুলী সেতুর উত্তর পাড়ে তীব্র যানজট পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানা যায়।কারণ দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালীগামী পথের যাত্রীবাহী বাসের টার্মিনাল বহদ্দারহাট থেকে সরিয়ে এনে কর্ণফুলী সেতুর উত্তর পাড়ে করা হয়েছে। ফলে সব বাস-ট্রাকের জটলা এখন কর্ণফুলী সেতুর উত্তর পাড়ে। এই জটলার কারণে শহরে ঢোকার অপেক্ষায় সেতুর দক্ষিণ পাড়ে দাঁড়িয়ে থাকা যানবাহনগুলোতে পড়েছে দীর্ঘ লাইন। এসব যানবাহন চলছে শম্বুক গতিতে। নগর পুলিশের যানবাহন শাখার উপকমিশনার (ডিসি-ট্রাফিক) ফারুক আহমদ প্রথম আলোকে বলেন, নতুন সিদ্ধান্ত কর্ণফুলী সেতুর উত্তর এবং দক্ষিণ পাড়ে যানজট পরিস্থিতিকে আরও তীব্র করে তুলবে। এতে কক্সবাজার, বান্দরবান ও দক্ষিণ চট্টগ্রামমুখী বাসযাত্রীরা চরম বিড়ম্বনায় পড়বে। তাঁর মতে, পরিস্থিতির উন্নতির জন্য দক্ষিণ চট্টগ্রামমুখী বাসের টার্মিনাল কর্ণফুলী সেতুর উত্তর পার থেকে সরিয়ে দক্ষিণ পারে শহরের বাইরে নিয়ে যেতে হবে।গতকাল বিকেলে কর্ণফুলী শাহ আমানত সেতু এলাকায় গিয়ে দেখা যায়, অন্তত ৫০ থেকে ৬০টি গাড়ি অস্থায়ী টার্মিনালে থাকলেও সমানসংখ্যক গাড়ি সেতুর আগে সড়কের কাছে দাঁড়িয়ে আছে। ফলে সেতু এলাকায় যানজট লেগেই আছে।সেখানে দায়িত্ব পালনকারী ট্রাফিক সার্জেন্ট মাহবুবুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা গতকাল থেকে বাসচালকদের অস্থায়ী টার্মিনালে যেতে বাধ্য করছি। তার পরও অন্তত ৫০ শতাংশ গাড়ি সড়কের কাছে দাঁড়িয়ে আছে। কারণ, সব গাড়ির স্থান সংকুলান সেখানে হচ্ছে না।’শ্রমিকনেতাদের দাবি, অস্থায়ী টার্মিনাল দিয়ে সমস্যার সমাধান হবে না। আরাকান সড়ক পরিবহন শ্রমিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক নুরুল কবির বলেন, ‘শাহ আমানত সেতু দিয়ে দক্ষিণে গাড়ি যাওয়া এবং কালুরঘাট সেতু দিয়ে দক্ষিণ থেকে আসার যে সিদ্ধান্ত হয়েছে, তা বাস্তবায়িত হলে যানজট কিছুটা কমবে। কিন্তু এ সিদ্ধান্ত বাস্তবায়নে সরকারি প্রতিষ্ঠানগুলোর কোনো উদ্যোগ নেই।’সওজের দোহাজারী সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী খান মো. কামরুল আহসানের সই করা এক বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত সড়ক ও সেতুর সংস্কারকাজ চলায় কালুরঘাট দিয়ে ভারী যান চলবে না। এসব গাড়ি শাহ আমানত সেতু দিয়ে চলাচল করবে।খান মো. কামরুল আহসান প্রথম আলোকে বলেন, ‘পটিয়া-বোয়ালখালীর সীমানায় মিলিটারি সেতু নামের একটি সেতুর অ্যাপ্রোচ সড়কের অস্থায়ী সেতু ভেঙে বেইলি সেতু বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ জন্য ঠিকাদার নিয়োগ থেকে নির্মাণকাজ শেষ হওয়া পর্যন্ত কিছু সময় লাগবে। তবে ঠিক কত সপ্তাহ সময় লাগবে, তা বলা যাচ্ছে না। তাই কালুরঘাট সেতু দিয়ে ভারী যান চলাচল না করার কথা বলেছি।’এ নিয়ে গতকাল সকালে আবারও পুলিশ প্রশাসন ও চউকের চেয়ারম্যানের সঙ্গে বাসমালিকেরা বৈঠক করেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, দক্ষিণ-চট্টগ্রামমুখী যাত্রীবাহী বাসগুলো কর্ণফুলী সেতুর উত্তর পারের টার্মিনাল থেকে ছেড়ে যাবে। ফেরার সময় এসব গাড়ি কর্ণফুলী সেতু হয়ে আবার টার্মিনালে আসবে। আবার কক্সবাজার, বান্দরবান থেকে আসা চট্টগ্রামের বাইরের জেলামুখী সব ধরনের যানবাহন একই পথে, অর্থা ৎ কর্ণফুলী সেতু পার হয়ে শহরে ঢুকবে। এতে কর্ণফুলী সেতুর উত্তর ও দক্ষিণ পারে নতুন করে যানজট পরিস্থিতির সৃষ্টি হবে।ঈদের আগে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজার ও বান্দরবান থেকে আসা চট্টগ্রামের বাইরের জেলামুখী সব ধরনের ভারী যানবাহন কালুরঘাট সেতু দিয়ে শহরের বাইরের প্রান্ত অক্সিজেন মোড় হয়ে শহরে আসার কথা ছিল। খোঁজ নিয়ে জানা যায়, ঈদের আগের বৈঠকে দক্ষিণ চট্টগ্রামের নিকটবর্তী পাঁচটি রুটের তিন শতাধিক গাড়ি শহরের বাইরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এ জন্য শাহ আমানত সেতুর কাছে চউক ২৫ লাখ টাকা ব্যয়ে অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করে। এ রুটগুলো হচ্ছে পটিয়া, বাঁশখালী, আনোয়ারা, বরকল ও পিএবি সড়ক।