কর্ণফুলীতে ছয়টি বিশাল চর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে ছয়টি বিশাল চর জেগেছে। বছরের পর বছর তলদেশ ভরাট হয়ে তা চরে পরিণত হচ্ছে। আর এভাবে নদীর নাব্যতা কমার ফলে ফেরি ও নৌচলাচল বন্ধ হয়ে যাচ্ছে। এলাকাবাসী জানান, চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী কাগজকল, পাটকল, রাসায়নিক কারখানা ও সিরামিক কারখানার দূষিত বর্জ্য ও ইঞ্জিনচালিত নৌকা থেকে নির্গত তেলে কর্ণফুলী নদীর পানির ঘনত্ব বেড়ে যায়। এতে পানি প্রবাহ কমে যাওয়ায় উজান থেকে নেমে আসা পাহাড়ি পলি নদীর তলদেশে জমা হচ্ছে। সরেজমিনে দেখা যায়, রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা, মরিয়মনগর, কোদালা, শিলক, সরফভাটা, বেতাগি এলাকায় ছয়টি বিশাল চর রয়েছে। এসব চর প্রায় নদীতীরের সমান উঁচু। স্থানীয় একাধিক সূত্র জানায়, ২০ বছর ধরে কর্ণফুলী নদীতে চর জেগে ওঠার প্রক্রিয়া চলছে। এতে হ্রাস পাচ্ছে নদীর নাব্যতা। অথচ নদী খননের কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ফলে নদীর মাছ ধ্বংস হওয়ার পাশাপাশি পণ্যবাহী নৌযান চলাচলও বন্ধ হয়ে যাচ্ছে। এমনকি চন্দ্রঘোনা-বাঙ্গালহালিয়া-রাজস্থলী ও বান্দরবান সড়কে কর্ণফুলী নদীতে ফেরি চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্য ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনিক কার্যক্রমেও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে। উপজেলা সদর ইছাখালি বাজারের ব্যবসায়ী রফিকুল ইসলাম জানান, ‘২৭ বছর ধরে কর্ণফুলী নদীপথে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি ও বান্দরবান জেলার বিভিন্ন এলাকায় উত্পাদিত ফসল পরিবহন করছি। কিন্ত চার-পাঁচ বছর ধরে নদীতে চর ও ডুবোচরের কারণে পণ্য পরিবহনে সমস্যা হচ্ছে।’ শিলক ফকিরাঘাটের নৌকার মাঝি আবুল হাশেম (৬৪) জানান, কর্ণফুলী কাগজকল, পাটকল, ফোরাত কার্পেট কল, রাসায়নিক কারখানা, সিরামিক কারখানা এমনকি রাউজান তাপবিদ্যুেকন্দ্রের ভারী যন্ত্রপাতি, পণ্য আর কাঁচামালও একসময় কর্ণফুলী নদীপথে পরিবহন করা হতো। শীত মৌসুমে নৌবহর নিয়ে আসত দেশি-বিদেশি পর্যটক। বর্তমানে নাব্যতা হ্রাস পাওয়ায় নৌ চলাচলে দুর্ভোগ পোহাচ্ছেন ব্যবসায়ীরা। কাপ্তাইয়ের বরইছড়ি থেকে কালুরঘাট পর্যন্ত নদীর মাঝখানে বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগে ওঠা চরে বাঁশ ও গাছের চালিসহ বিভিন্ন পণ্যবাহী নৌযান আটকে যায়। নদীর পানির ঘনত্ব বেড়ে যাওয়ায় দুদিকের ভাঙন বেড়েছে। ১০ বছরে বিলীন হয়েছে রাঙ্গুনিয়ার সরফভাটার ভূমিরখীল, পশ্চিম সরফভাটা ও শিলক, কোদালা, মরিয়মনগর এবং চন্দ্রঘোনা ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ‘কর্ণফুলী নদীর নাব্যতা ফিরে পেতে হলে নদী খনন করতে হবে। তবে তার আগে কলকারখানার বর্জ্য নিক্ষেপ বন্ধ করা জরুরি। কারণ কলকারখানার বর্জ্য নিক্ষেপ বন্ধ না হলে পানি প্রবাহ বাড়বে না। পানি প্রবাহ বাড়ানো ছাড়া নদী খনন করে কোনো লাভ হবে বলে মনে হয় না।’