কর্ণফুলীতে নষ্ট হচ্ছে ৯৬ প্রজাতির পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্ণফুলী নদীতে ঠেলা জাল (মশারির তৈরি) দিয়ে চিংড়িপোনা আহরণের মহোৎসব চলছে। রাত-দিন তিন সহস্রাধিক লোক পোনা সংগ্রহ করছেন। সংগ্রহকারীরা মৌসুমি-অপেশাদার পোনা শিকারি হওয়ায় চিংড়িপোনা সংগ্রহ করতে গিয়ে নষ্ট করছেন অন্য প্রজাতির অনেক পোনা। এতে কর্ণফুলী থেকে বিলুপ্ত হচ্ছে সংশ্লিষ্ট প্রজাতির মাছগুলো। একটি গবেষণা প্রতিবেদন থেকে জানা যায়, এভাবে একটি চিংড়িপোনা সংগ্রহ করতে গিয়ে অন্য ৯৬ প্রজাতির পোনা ধ্বংস হয়। সরেজমিনে দেখা গেছে, তৃতীয় কর্ণফুলী সেতু (শাহ আমানত সেতু) থেকে কালুরঘাট রেলওয়ে সেতু ও ভাণ্ডালজুড়ি পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার এলাকাজুড়ে চলছে চিংড়িপোনা আহরণ। শত শত নারী-পুরুষ-শিশু নদীর দুই তীরের আশপাশে নেমে ঠেলাজাল দিয়ে পোনা সংগ্রহ করছেন। তাঁরা বেছে বেছে শুধু চিংড়িপোনা নিয়ে অন্য প্রজাতির পোনা ছুড়ে ফেলছেন। ছড়িয়ে-ছিটিয়ে থাকা এসব মরা পোনা খেয়ে ফেলছে পাখিরা।জানা গেছে, বৈশাখ থেকে ভাদ্র মাস পর্যন্ত অমাবস্যা ও পূর্ণিমা তিথি এবং বৃষ্টি ও বজ্রপাতের সময় বেশি পোনা পাওয়া যায় বলে এ সময়কে পোনা সংগ্রহের মৌসুম হিসেবে বেছে নেয় সংগ্রাহকেরা। একেকজন সংগ্রাহক দিনে ৫০০ থেকে ৬০০ পর্যন্ত পোনা সংগ্রহ করেন। একটি পোনা তাঁরা বিক্রি করেন এক টাকা ৮০ পয়সা দরে স্থানীয় এজেন্টদের (মধ্যস্বত্ব্বভোগী) কাছে। পরে এজেন্টরা এ পোনা বিক্রি করছেন খুলনা, সাতক্ষীরা, যশোরসহ বিভিন্ন এলাকার চিংড়ি হ্যাচারির মালিকদের কাছে। পশ্চিম গোমদণ্ডী চরখিজিরপুর এলাকায় দেখা যায়, পোনা সংগ্রহকারী মো. মোর্শেদকে কাজে সহায়তা করছে দুই শিশু। মোর্শেদ জানান, ষষ্ঠ শ্রেণী পর্যন্ত লেখাপড়া করে অর্থাভাবে আর পড়াশোনা হয়নি। এ মৌসুমে নদীতে পোনা সংগ্রহ করেন। সঙ্গে শিশুদের কেন আনলেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিদ্যালয় বন্ধ, তাই এসেছে।’ সময়ভেদে দিনে দুই শ থেকে পাঁচ শতাধিক এমনকি অনেক সময় তার চেয়েও বেশি পোনা পাওয়া যায় বলে জানান তিনি। কধুরখীল এলাকার ওমর সেলিম জানান, গত মৌসুমে একটি মা চিংড়ি এক লাখ টাকা পর্যন্ত বিক্রি হয়েছে। মা চিংড়ি পোনা না ছাড়ায় কয়েক হাজার ডিমসহ ধরা পড়ে। এভাবে ডিমসহ চিংড়ির দাম বেশি হয়।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক মনজুরুল কিবরিয়া ২০০৭ সালে চিংড়িপোনা আহরণের ওপর গবেষণা করেন। শাহ আমানত সেতু থেকে শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র এলাকা পর্যন্ত ৫৪০ জন পোনা সংগ্রহকারীর ওপর গবেষণা চালিয়ে তিনি দেখেন, একটি চিংড়িপোনা সংগ্রহ করতে গিয়ে ৯৬টি অন্য প্রজাতির পোনা ধ্বংস করে ফেলেন পোনা সংগ্রহকারীরা। মনজুরুল কিবরিয়া ২০০৯ সালের জুন-জুলাই মাসেও কর্ণফুলী নদীর বিভিন্ন প্রজাতির মাছের ওপর গবেষণা করেন। এতে দেখা যায়, একসময়ে কর্ণফুলী স্বাদু, মিশ্র (মথুরা) ও সামুদ্রিক প্রজনন (লবণাক্ত) মাছের বিচরণক্ষেত্র ছিল। স্বাদু পানিতে ৬৬ প্রজাতির, মিশ্র পানিতে ৫৯ প্রজাতির ও সামুদ্রিক প্রজননের লোনা পানিতে ১৫ প্রজাতির মাছ পাওয়া যেত। কিন্তু নানা কারণে স্বাদু পানির ২০-২৫ প্রজাতির, মিশ্র পানির ১০-১৫ প্রজাতির মাছ হারিয়ে গেছে। ১০-২০ প্রজাতির মাছ ছাড়া অন্যান্য প্রজাতির মাছ এখন বিপদাপন্ন। মনজুরুল কিবরিয়া প্রথম আলোকে বলেন, ‘শিল্পকারখানা ও পয়োবর্জ্যে মারাত্মক দূষণের কারণে হুমকির মুখে পড়েছে কর্ণফুলী। সাগরের লোনা পানি কর্ণফুলীর উজান ছাড়িয়ে হালদা নদী পর্যন্ত পৌঁছে গেছে। দূষণের কারণে বঙ্গোপসাগরের মোহনায় লোনা পানির মাছের প্রজননক্ষেত্র ধ্বংস হয়ে যাচ্ছে। ’ যোগাযোগ করলে বোয়ালখালী উপজেলা মৎস্য কর্মকর্তা শিমুল বড়ুয়া পোনা সংগ্রহের কথা স্বীকার করে বলেন, ‘এ ব্যাপারে আমরা লোকজনকে সতর্ক করছি। গত মাসে অভিযান চালিয়ে দেড় শতাধিক জাল আটক করেছি।’ জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘চিংড়িপোনা আহরণ একেবারে নিষিদ্ধ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়ে নদীতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’