রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর ইউনিয়নের প্রায় ৪০০ হেক্টর ফসলি জমি কর্ণফুলী নদী ভাঙনের কবলে পড়ে বিলীন হয়ে গেছে। ইউনিয়নের আটটি গ্রামের সহস্রাধিক পরিবার ফসলি জমি হারিয়েছে। এলাকার বসতবাড়ি, বিদ্যালয়, কমিউনিটি ক্লিনিক, মসজিদ ও দোকানপাটের ১০০ মিটারের মধ্যে নদী চলে আসায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকার লোকজনের মধ্যে।
মরিয়মনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. সেলিম জানান, দেশ স্বাধীন হওয়ার আগে থেকেই মরিয়মনগর কর্ণফুলী নদীর ভাঙনের কবলে পড়েছে। আশির দশকে কাটাখালী এলাকায় বাঁধ নির্মাণ করা হলে ভাঙন থেমে যায়। কিন্তু ১৯৯১ সালে জলোচ্ছ্বাস ও ২০০৪ সালের বন্যায় পুরো বাঁধ বিধ্বস্ত হলে মরিয়মনগর এলাকায় আবার ভাঙন দেখা দেয়। ২০১২ সালের মাঝামাঝি সময়ে নদীর তীরবর্তী ২০০ মিটার এলাকায় ব্লক স্থাপন করা হলেও কাজ হয়নি, বরং নদীর পাড় ভেঙেছে। গত ছয় মাসে ইউনিয়নের কাটাখালী থেকে রশিদিয়াপাড়া পর্যন্ত আট কিলোমিটার এলাকায় প্রায় ৪০০ হেক্টর ফসলি জমি বিলীন হয়ে গেছে।
ইউনিয়নের মরমপাড়া গ্রামের আবদুল লতিফ (৩২) বলেন, নদীগর্ভে বিলীন হওয়া বেশ কিছু ফসলি জমি বাঁধ দেওয়ার পর জেগে উঠেছিল। এসব জমি আবার নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় অনেক চাষি অভাবে পড়েছেন।
রাঙ্গুনিয়া উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক মো. আলী শাহ বলেন, কর্ণফুলী নদীর ভাঙনের কারণে দেশের ক্ষুদ্রতম ইউনিয়নে পরিণত হয়েছে মরিয়মনগর। ভাঙনে আয়তন কমে যাওয়ায় মরিয়মনগর ইউনিয়ন এখন ঘনবসতিপূর্ণ হয়ে উঠেছে। নদীর ভাঙন রোধে জরুরি ভিত্তিতে ব্যবস্থা না নেওয়া হলে আগামী দুই-তিন বছরের মধ্যে ইউনিয়নের ২৬ হাজার লোক গৃহহীন হবে।
রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, কর্ণফুলীর ভাঙন রোধে ইতিমধ্যে সরফভাটা, বেতাগি ও চন্দ্রঘোনায় নদীর তীরে ব্লক বসানো হয়েছে। তবে একদিকে ব্লক বসালে অন্যদিকে ভাঙন শুরু হয়। এ কারণে ভাঙন রোধ করা কঠিন হয়ে উঠেছে। মরিয়মনগর ইউনিয়নের ভাঙন রোধে বিশেষ প্রকল্প হাতে নেওয়া হবে বলে জানান তিনি।