কর্ণফুলীর ঘাট যেন কষ্টের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভয়মিত্রঘাটে যাত্রীছাউনি থেকে নৌকায় উঠার জন্য যে সেতুটি আছে সেটির দৈর্ঘ্য বড়জোর ৫০ ফুট। সিটি করপোরেশন এটি তৈরি করেছিল ১৯৯৮ সালে। কিন্তু এরই মধ্যে ঘাট থেকে নদী সরে গেছে প্রায় ৪০০ ফুট। ভাটার সময় নৌকা ভিড়ে না ঘাটে। তাই থিকথিকে কাদার মধ্যে বসানো হয়েছে ৪০০ ফুট দীর্ঘ বাঁশের সাঁকো। নড়বড়ে এ সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে নৌকায় উঠানামা করেন শত শত যাত্রী। বেশি ভোগান্তিতে পড়েন নারী ও শিশুরা। এ ঘাটের মাঝি এরশাদ আলী ও ইউসুফ আহমদ বলেন, ‘কর্ণফুলী ভরাট হয়ে গেছে। কিন্তু খনন করা হচ্ছে না। এ কারণে যাত্রীদের কষ্টের সীমা নেই।’একই দৃশ্য দেখা গেছে ফিরিঙ্গিবাজার ফেরিঘাটে। এখানে ফেরির পল্টুন থেকে নদীর দিকে ৪০০ ফুট কাদায় বিছানো হয়েছে বাঁশের চালি। ফেরির লাইনম্যান নুর আলম বলেন, ‘ভাটার সময় নৌকায় উঠতে গিয়ে প্রায় দিনই নারী বা শিশুরা দুর্ঘটনার শিকার হন। বাঁশের ফাঁকে পা আটকে যায়।’কর্ণফুলীর ঘাটে ঘাটে প্রতিদিন এভাবে চরম দুর্ভোগ পোহাচ্ছেন হাজার হাজার যাত্রী। ঘাট ইজারা দিয়ে সিটি করপোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগ কোটি টাকা রাজস্ব পেলেও অবকাঠামো উন্নয়ন ও যাত্রীদের দুর্ভোগ লাঘবে কোনো উদ্যোগ নেয় না বলে অভিযোগ ভুক্তভোগীদের।চাক্তাই থেকে পতেঙ্গা পর্যন্ত কর্ণফুলী নদীর উত্তর পাড়ে যাত্রী পারাপারের জন্য ঘাট রয়েছে ১৯টি। ফিরিঙ্গিবাজার ছাড়া বাকি ১৮ ঘাটের রক্ষণাবেক্ষণ করে সিটি করপোরেশন। ফিরিঙ্গিবাজারের দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের। ২০০৮-০৯ অর্থবছরে ১৮ ঘাট ইজারা দিয়ে সিটি করপোরেশন রাজস্ব পেয়েছে এক কোটি তিন লাখ ৪৭ হাজার ৭৬ টাকা। অভিযোগ রয়েছে, ১২ বছর ধরে এসব ঘাটের উন্নয়নে এক টাকাও খরচ করেনি সিটি করপোরেশন।জানা যায়, ১৯৯৮ সালে ১৮টির মধ্যে আটটি ঘাটের যাত্রীছাউনি ও লোহার সেতু নির্মাণ করা হয়। নদীর এ পাড়ের ঘাট রক্ষণাবেক্ষণ করে সিটি করপোরেশন। ওপাড়ের (দক্ষিণপাড়) ঘাট রক্ষণাবেক্ষণ করে পটিয়া পৌরসভা। সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত এ ব্যাপারে বলেন, ‘১০টি ঘাটের অবকাঠামোগত উন্নয়ন ও মেরামতে ৪০ লাখ টাকা ব্যয় করার সিদ্ধান্ত হয়েছে।’ ‘ঘাটে যাত্রীছাউনি, সাম্পান ও নৌকায় উঠার জন্য সেতু নির্মাণ ও মেরামতে এসব অর্থ ব্যয় করা হবে।’ সরেজমিনে অভয়মিত্র ঘাট, ফিরিঙ্গিবাজার ব্রিজঘাট, সদরঘাট ও চাক্তাইঘাটে দেখা যায়, জোয়ারের সময় যাত্রী পারাপারের নৌকাগুলো ঘাটে ভিড়তে পারলেও ভাটার সময় পারে না। বিশেষ করে সকালে ভাটার সময় দুর্ভোগে পড়েন যাত্রীরা। বাংলাবাজার থেকে ১৫ নম্বর ঘাট পর্যন্ত বন্দর কর্তৃপক্ষ মাঝেমধ্যে খনন করলেও সদরঘাট থেকে চাক্তাইঘাট অংশে খনন করা হয়নি। ৩ ফেব্রুয়ারি সকালে ফিরিঙ্গিবাজার ঘাটে সাম্পানমাঝি চাঁদমিয়া ও নুর আলম বলেন, ‘সদরঘাট ও চাক্তাইঘাট দিয়ে প্রতিদিন প্রায় ৩০ হাজার মানুষ চলাচল করেন। প্রায় সবাই ভোগান্তি পোহাচ্ছেন।’ অভয়মিত্রঘাটের উপইজারাদার আবদুল কুদ্দুস বলেন, ‘মূল ইজারাদার আসারুল হকের কাছ থেকে দুই লাখ ২০ হাজার টাকায় এ ঘাট ইজারা নিয়েছি। ছাউনি থাকলেও এক বছর ধরে বিদ্যুত্সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। বিল পরিশোধ না করায় বিদ্যুত্ বিভাগের লোকজন এক বছর আগে মিটার নিয়ে গেছে। এ ব্যাপারে সিটি করপোরেশনে অনেক বার ধরনা দিয়েও কাজ হচ্ছে না। এ ছাড়া একটি শৌচাগারও নেই। নেই কোনো নলকূপ।’ সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আবুল হাসনাত বলেন, ‘ এ ব্যাপারে আমি ব্যবস্থা নিচ্ছি।’ ব্রিজঘাট সাম্পানমালিক সমিতির সভাপতি জয়নব আলী বলেন, ‘লক্ষাধিক টাকা খরচ করে আমরা নিজেরাই ব্রিজঘাট ও অভয়মিত্রঘাটে বাঁশের চালি (সাঁকো) স্থাপন করেছি।’ ফিরিঙ্গিবাজার ঘাটে দেখা যায়, এ ঘাটের সংযোগ সড়কটি বিধ্বস্ত হয়ে গেছে। ১ ফেব্রুয়ারি রাতে ফেরির পল্টুনসংলগ্ন অস্থায়ী (বেইলি) সেতু ভেঙে গেছে। প্রায় ৩৫ টন লবণ বোঝাই একটি ট্রাক সেতু দিয়ে ফেরিতে উঠার সময় তা ভেঙে পড়ে। সড়ক ও জনপথ বিভাগের সদর ১ ও ২ শাখার উপসহকারী প্রকৌশলী সেগুন প্রসাদ বড়ুয়া বলেন, ‘ভেঙে যাওয়া সেতুর মেরামত চলছে।’