
চট্টগ্রাম বন্দরের কর্ণফুলী নদী খনন প্রকল্প ঝুলে থাকায় চারটি ঘাট চার বছর ধরে ইজারা দিতে পারছে না চট্টগ্রাম সিটি করপোরেশন। এতে রাজস্ববঞ্চিত হচ্ছে সংস্থাটি।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, ঘাটগুলো হচ্ছে অভয় মিত্র, চাক্তাই, সদর ও লবণঘাট। এগুলো সর্বশেষ ইজারা দেওয়া হয়েছিল ২০১১ সালের ১৪ এপ্রিল থেকে ২০১২ সালের ১৩ এপ্রিল মেয়াদ পর্যন্ত (পুরো ১৪১৮ বাংলা সন)। এরপর ১৪১৯, ১৪২০ ও ১৪২১ সনে ঘাটগুলো ইজারা দেওয়া হয়নি। ১৪২২ সনের জন্য নগরের হাটবাজার ইজারা দেওয়ার প্রক্রিয়া শুরু করলেও এসব ঘাটের ইজারা কার্যক্রম স্থগিত রেখেছে করপোরেশন।
করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা আহমদুল হক প্রথম আলোকে বলেন, ‘ঘাটগুলো বুঝিয়ে দেওয়ার জন্য বন্দর কর্তৃপক্ষকে অনেকবার চিঠি দিয়েছি। মৌখিকভাবে অনুরোধও করেছি। কিন্তু এখনো কর্ণফুলী নদী খনন প্রকল্পের কাজ শেষ করতে পারেনি বন্দর কর্তৃপক্ষ। তাই ঘাট বুঝিয়ে দিচ্ছে না। ফলে ইজারাও দিতে পারছি না। এতে আমরা কোটি টাকার রাজস্ব হারাচ্ছি।’
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, ইজারা বন্ধ থাকলেও চাক্তাই ও লবণঘাটে নৌকা ভিড়ছে। ওঠানো-নামানো হচ্ছে মালামাল। এসব নৌকা থেকে নিয়মিতভাবে টোল আদায় করছেন স্থানীয় কিছু লোক। এদিকে অভয় মিত্র ও সদরঘাটে ছোট কিছু যাত্রীবাহী নৌকা ভিড়লে সংখ্যা খুবই কম। এখানে কাউকে টোল আদায় করতে দেখা যায়নি।
লবণঘাটে টোল আদায়ের দায়িত্বে থাকা আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, ‘আমরা করপোরেশনের কাছ থেকে অনুমতি নিয়ে টোল আদায় করছি।’
এ ব্যাপারে সিটি করপোরেশনের সহকারী ভূ–সম্পত্তি কর্মকর্তা এখলাস উদ্দিন বলেন, করপোরেশন কাউকে টোল আদায়ের অনুমতি দেয়নি। যদি কেউ টোল আদায় করে থাকেন, তা অবৈধ।
করপোরেশন ও বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্ণফুলী নদী খননের জন্য ‘ক্যাপিটাল ড্রেজিং ও ব্যাংক প্রটেকশন প্রকল্প’ নামের একটি প্রকল্প নেয়। বন্দর কর্তৃপক্ষ গত ২০১১ সালের ২৮ এপ্রিল ২২৯ কোটি ৫৪ লাখ টাকা ব্যয়ে ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়নের জন্য মালয়েশিয়ান মেরিটাইম অ্যান্ড ড্রেজিং করপোরেশনের সঙ্গে চুক্তি করে। ওই বছরের ১৫ মে প্রকল্পের কাজ শুরু হয়। এই প্রকল্পের কার্যক্রম পরিচালনা করার জন্য ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি থেকে কর্ণফুলী নদীর তীরে অবস্থিত ছয়টি ঘাটের ইজারা বন্ধ রাখার জন্য সিটি করপোরেশনকে অনুরোধ করে বন্দর কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে ঘাটগুলোর ইজারা কার্যক্রম বন্ধ রাখে করপোরেশন।
প্রসঙ্গত, এই প্রকল্প শেষ হওয়ার কথা ছিল ২০১৩ সালের ২ জানুয়ারি। এরপর প্রকল্পের মেয়াদ বাড়িয়ে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু বর্ধিত মেয়াদ শেষ হওয়ার এক বছর পরেও প্রকল্পের কাজ শেষ হয়নি।
সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ সূত্র জানায়, ১৪১৮ সনে ছয়টি ঘাট ইজারা দেওয়া হয়েছিল ৩৩ লাখ ১৭ হাজার ৯০০ টাকায়। বন্দর কর্তৃপক্ষ এসব ঘাট বুঝিয়ে না দেওয়ায় ১৪১৯ থেকে ১৪২১ সনে ইজারা কার্যক্রম বন্ধ ছিল। এতে এক কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয় করপোরেশন।
গত বছরের ১৩ অক্টোবর ছয়টি ঘাটের মধ্যে ফিশারি ঘাট ও নতুন ঘাট ইজারা দেওয়ার জন্য দরপত্র বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এর দুদিন পর এই কার্যক্রম স্থগিত রাখার অনুরোধ জানিয়ে সিটি করপোরেশনকে চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ। তবে বন্দরের অনুরোধ উপেক্ষা করে করপোরেশন ৪৫ লাখ টাকায় সাগর বণিক নামের এক ইজারাদারকে ছয় মাসের জন্য জন্য ঘাট ইজারা দেয়।
চট্টগ্রাম বন্দরের ভূ-সম্পত্তি কর্মকর্তা জিল্লুর রহমান প্রথম আলোকে বলেন, ক্যাপিটাল ড্রেজিং প্রকল্পের কাজ চলমান রয়েছে। এই প্রকল্প শেষ না হওয়া পর্যন্ত ঘাটগুলো বুঝিয়ে দেওয়া সম্ভব নয়।