কর্ণফুলীর জন্য...

কর্ণফুলীর পানিতে রঙিন সাম্পান সারি সারি। বইঠা হাতে প্রস্তুত মাঝি। দরদর করে ঘামছে শরীর। দলনেতার তীক্ষ্ণ দৃষ্টি সামনে। হুইসেল পড়তেই বইঠার ছলাৎ ছলাৎ...। ওদিকে নদী দুই তীরে হর্ষধ্বনি, উল্লাসে ফেটে পড়ল হাজারো মানুষ। কারও হাতে ঢোল, কেউ দিচ্ছে শিস। দস্যি ছেলের দল নৌকায় সাউন্ড সিস্টেম বসিয়ে বাজিয়ে চলেছে গান।
কে নেই দর্শকের এই সারিতে? গরম উপেক্ষা করেই হাজির সব বয়সীরা। নদীতে নোঙর করা জাহাজ-নৌকায় উৎসুক মানুষের ভিড়।
কর্ণফুলী নদীতে সাম্পানবাইচ ঘিরে এমন উৎসবের আমেজ। ১১ বছর ধরে এ দৃশ্য চেনা হয়ে গেছে সবার। ৬ মে বিকেলে চট্টগ্রাম নগরের অভয়মিত্র ও চরপাথরঘাটা ঘাটে প্রাণের উৎসবে মেতে ওঠে মানুষ। কর্ণফুলী নদী রক্ষার আন্দোলনের অংশ হিসেবে ২০০৭ সাল থেকে এই অনুষ্ঠানের আয়োজন করে আসছে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমি। তিন দিনের আয়োজনের পোশাকি নাম ‘সাম্পান খেলা ও চাঁটগাইয়া সংস্কৃতি মেলা’। সাম্পানবাইচ হয় আয়োজনের শেষ দিনটায়। তার আগের দিন হয় সাম্পান শোভাযাত্রা। তবে এবার ব্যতিক্রমী আয়োজন ছিল নদীর বিভিন্ন ঘাটে ভাসমান মঞ্চে গান।

বিনি সুতোর মালা
ঘড়িতে তখন বিকেল পাঁচটা। রোদের তেজ কমে সূর্য ডুবি ডুবি করছে। রঙিন শামিয়ানা টানানো সাম্পান মঞ্চ এসে নোঙর করে কর্ণফুলীর কালুরঘাটে। মাইক্রোফোন হাতে নিয়ে আঞ্চলিক গানের শিল্পী গীতা আচার্য সুর তুললেন, ‘ওরে সাম্পানওয়ালা/ তুই আমারে করলি দিওয়ানা।’
মুহূর্তে ঘাটের কাজকর্ম স্তব্ধ হয়ে যায়। সবার চোখ মঞ্চে। যত দূর মাইকের আওয়াজ যাচ্ছে, সেখান থেকে ছুটে আসছে মানুষ। ভিড় জমে যায় ঘাটে। এরপর গান ধরেন শিল্পী মিলন আচার্য। গেয়ে শোনান ‘কর্ণফুলীর তীরে আঁর ঘর...।’ এ ছাড়া ছিল ত্রিপুরা নৃত্য। মুগ্ধ হয়ে নদীপাড়ের মানুষ উপভোগ করে এসব পরিবেশনা।
কর্ণফুলীকে বাঁচাতে প্রচারাভিযানের অংশ হিসেবে উজানে কাপ্তাইয়ের চন্দ্রঘোনা থেকে ভাটিতে বন্দর মোহনা পর্যন্ত ৫০ কিলোমিটারজুড়ে এই আয়োজন শুরু হয় ৪ মে। ৪ মের অনুষ্ঠানের নাম ‘দশ লক্ষাধিক নদী ব্যবহারকারীর মধ্যে বিনি সুতোর মালা’।
সকাল ১০টায় চন্দ্রঘোনা ফেরিঘাটে বাবুল জলদাসের ঢোলের বাজনা দিয়ে শুরু হয় কর্মসূচি। এরপর গানের মূর্ছনায় ভাটির দিকে এগিয়ে যায় ভাসমান মঞ্চ। কালুরঘাটে হয় শেষ অনুষ্ঠান। এর আগে ভাসমান মঞ্চটি চন্দ্রঘোনা ফেরিঘাট, গোচরা, লাম্বুর হাট, ফকিরখিল চৌধুরী হাট ও রিভারভিউ ঘাটে নোঙর করে অনুষ্ঠান চালাতে থাকে।

শোভাযাত্রা, পালাগানে নদী রক্ষার আকুতি
বয়স পঁয়ষট্টি জিন্নাত আলীর। কর্ণফুলী পাড়ের ইছানগর সদরঘাট সাম্পান মাঝি কল্যাণ সমিতির উপদেষ্টা। এখনো সাম্পান চালান। নিজের সাম্পান নিয়ে এসেছেন কর্ণফুলী রক্ষার শোভাযাত্রায়। কথা তুলতে ক্ষোভ ঝাড়েন। তিনি বলেন, ‘একসময় আমরা কর্ণফুলীতে প্রতিদিন গোসল করতাম। স্বচ্ছ জলে বড়শি ফেললেই মাছ ধরা যেত। এখন পানিতে পোড়া মবিল আর নালার আবর্জনার গন্ধ।’
কর্ণফুলীর অতীতের কথা শোনান চরপাথরঘাটা মাদ্রাসাপাড়ার মাঝি আবদুল গফুর (৫৮)। কৈশোর থেকেই সাম্পান মাঝি। জানালেন, হাতের বইঠায় টেনে যাত্রী পারাপার করতে প্রতিদিন আট-দশবার শুশুকের নাচ দেখতেন।
সাম্পানের পাশেই লাফ দিয়ে নেচে আবার পানির নিচে হারিয়ে যেত। এখন সেই দৃশ্য কল্পনাও করা যায় না। তাঁর কণ্ঠে আক্ষেপ, ‘শহরে দিন দিন আলোর ঝলকানি বাড়ছে আর কর্ণফুলীর জল ঘোলা হচ্ছে।’
কর্ণফুলী দখল ও দূষণমুক্ত করার দাবিতে বিভিন্ন ব্যানার, প্ল্যাকার্ড নিয়ে তিন শর বেশি সাম্পান মাঝি ১০ কিলোমিটার নদীপথে শোভাযাত্রা করেন ৫ মে। বন্দর মোহনা হয়ে ঐতিহ্যবাহী সদরঘাটে এসে শেষ হয় শোভাযাত্রা। রাতে চর পাথরঘাটায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) মাঠে অনুষ্ঠিত হয় পালাগান। আঞ্চলিক গানে রাতভর দর্শকদের মাতিয়ে রাখেন কবিয়াল হারুন লেদু ও আবুল মোস্তফা।

সাত মিনিটে জাহাঙ্গীর মাঝির জয়
৬ মে বিকেল পাঁচটা। নদীর উত্তর তীরের অভয়মিত্র ঘাট থেকে শুরু হয় সাম্পানবাইচ। প্রতিযোগিতায় আটটি সাম্পান। একেক সাম্পানে নয়জন করে মাঝিমাল্লা বেয়ে চলেছেন দাঁড়। কার আগে কে ভিড়বেন দক্ষিণ পাড়ের চরপাথারঘাটায়? তুমুল লড়াই। মাত্র সাত মিনিটে মাঝি জাহাঙ্গীর আলমের দল পৌঁছে যায় তীরে। মাঝ বরাবর প্রায় এক কিলোমিটার নদীপথ পাড়ি দিলেন মাঝিরা।
জিতে খুবই খুশি চারপাথরঘাটার ৪০ বছর বয়সী জাহাঙ্গীর মাঝি। এ নিয়ে সাতবার চ্যাম্পিয়ন হলেন তিনি। কেমন লাগছে জানতে চাইলে চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বলেন, ‘জিতিয়েরে বড় ভালা লাগের।’ বাইচে প্রথম রানারআপ হাকিম আলী ও দ্বিতীয় রানারআপ হয় ফজল মাঝির দল।
এই আয়োজন নিয়ে চট্টগ্রাম আঞ্চলিক সাংস্কৃতিক একাডেমির চেয়ারম্যান আলীউর রহমান বলেন, কর্ণফুলী রক্ষায় সচেতন মানুষ নীরব। তাই এবার সাম্পান মাঝিরাই বইঠা হাতে নদীতে নেমেছেন। কর্ণফুলী রক্ষায় সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতেই প্রতিবছর এই আয়োজন করা হয়। এটি এখন কর্ণফুলীর উত্তর ও দক্ষিণ পাড়ের মানুষের প্রাণের উৎসবে পরিণত হয়েছে।