কর্তৃত্ব হাতছাড়া হচ্ছে কিরচনার দম্পতির
আর্জেন্টিনার রাজনীতিতে একসময় একচ্ছত্র কর্তৃত্ব ছিল প্রেসিডেন্ট ক্রিস্টিনা ফার্নান্দেজ কিরচনার ও তাঁর স্বামী নেস্তর কিরচনারের। ক্রিস্টিনার আগে নেস্তরই ছিলেন দেশটির প্রেসিডেন্ট। তাঁর জনপ্রিয়তার ওপর ভর করেই ক্রিস্টিনা নির্বাচনের বৈতরণী পার হয়েছিলেন। ক্ষমতা ও রাজনীতিতে একচ্ছত্র নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিলেন এই দম্পতি। কিন্তু কিছু ভুল পদক্ষেপের কারণে সেই নিয়ন্ত্রণ ক্রমেই হাতছাড়া হয়ে যাচ্ছে। জনপ্রিয়তা কমছে, তীব্র হচ্ছে সমালোচনা ও বিরোধিতা। ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে তাঁর দেশের সাবেক প্রেসিডেন্ট নেস্তরের একটি ব্যাপারে মিল রয়েছে। তা হলো, তাঁরা সাংবাদিকদের তেমন পছন্দ করেন না। সুইস বাবা ও ক্রোয়েশিয়ান মায়ের সন্তান নেস্তর প্রেসিডেন্ট থাকাকালে কোনো সংবাদ সম্মেলনই করেননি। সমালোচকেরা বলছেন, স্ত্রী প্রেসিডেন্ট হলেও ক্ষমতার কলকাঠি নাড়েন আসলে গত বছর কংগ্রেসের সদস্য নির্বাচিত হওয়া নেস্তরই। নির্বাহী সিদ্ধান্তগুলোও তিনি নেন। তিনি বিরোধিতা সহ্য করতে পারেন না। তাই বিরোধীদের দমনের জন্য তিনি তাঁদের নানাভাবে হয়রানি করেন। এমন তিনি করছেন সান্তা ক্রুজ প্রদেশের গভর্নর থাকার সময় থেকে। ১৯৯১ সাল থেকে তিনি তেল ও প্রাকৃতিক গ্যাসে সমৃদ্ধ ওই প্রদেশের গভর্নর ছিলেন। তাঁর রাজনীতির শুরুও সেখানে। ২০০৩ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে তিনি চলে আসেন প্রেসিডেন্টের বাসভবন কাসা রোসাডায়। তাঁর মেয়াদ পূর্তির পর ২০০৭ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হন ক্রিস্টিনা। অথচ প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার পর দেশের বিপর্যস্ত অর্থনীতিকে চাঙা করে নেস্তর ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। অর্থনীতির বিপর্যয়ের জন্য তিনি দায়ী করেছিলেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বেসরকারীকরণকে। অবস্থা বদলাতে তিনি অর্থনীতিতে রাষ্ট্রের নিয়ন্ত্রণ বাড়িয়ে দেন। খামারজাত পণ্যের রপ্তানি মূল্য বাড়ানোর এবং সরকারি নজরদারি কঠোর করার সুফলও পান। এই সাফল্যে তিনি হয়ে ওঠেন নায়ক। ক্ষমতাসীন হয়ে ক্রিস্টিনা স্বামীর নীতিই বহাল রাখেন। ক্ষমতাসীন পেরোনিস্ট মুভমেন্টের বাম ধারার অনুসারী এই দম্পতি হয়ে ওঠেন রাজনীতির নিয়ন্ত্রক।সমালোচকেরা বলছেন, এই কর্তৃত্ব তাঁদের স্বেচ্ছাচারী করে তুলেছে। তাঁরা বিরোধীদের হয়রানি, স্বজনপ্রীতি, অবৈধ সম্পদ অর্জন এবং সব প্রতিষ্ঠান ধ্বংস করেছেন। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রেসিডেন্টের চারজন ব্যক্তিগত সচিবকে তদন্তের সম্মুখীন হতে হয়েছে। তাঁদের দুজন হুলিও দানিয়েল আলভারেজ ও ফারিয়ান গুটিরেজ সম্প্রতি পদত্যাগ করেছেন। নেস্তর নিজেও ক্ষমতায় থাকাকালে তাঁদের সম্পদ নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন। অভিযোগ আছে, ২০০৮ সালে আর্জেন্টিনার মুদ্রা পেসোর ব্যাপক দরপতনের আগে তিনি ২০ লাখ মার্কিন ডলার কিনেছিলেন। তবে এ ব্যাপারে তিনি বলেছেন, হোটেলের শেয়ার কেনার জন্য তিনি পেসোকে ডলারে রূপান্তরিত করেছিলেন। সান্তা ক্রুজের গভর্নর থাকাকালে নেস্তর খনিজ সম্পদের আয় দিয়ে সরকারি খাতে কর্মসংস্থান সৃষ্টি ও অবকাঠামো তৈরি করেন, যা সাধারণ মানুষের কাছে তাঁর জনপ্রিয়তা বাড়িয়েছে। সেখানে তেল উত্তোলনকারী কোম্পানিগুলোর কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। প্রদেশের প্রায় ৬০ কোটি ডলার ‘গায়েব’ হওয়ার ঘটনার সঙ্গেও তাঁর নাম জড়িত। সান্তা ক্রুজের কয়েকজন বন্ধুকে তিনি বুয়েনস আইরেসেও নিয়ে আসেন। বোন এলিসিয়াকে বানান সামাজিক উন্নয়নমন্ত্রী। সান্তা ক্রুজের হুলিও ডি ভিডো ২০০৩ সাল থেকে পরিকল্পনামন্ত্রী। তিনি গভর্নর থাকাকালে ভিডো ছিলেন সান্তা ক্রুজের অর্থমন্ত্রী। ভিডোর স্ত্রীও উচ্চ পদ পেয়েছেন। নেস্তর সরকারের হয়রানি ভালোভাবেই টের পেয়েছে তেল উত্তোলন ও বিপণনকারী প্রতিষ্ঠান শেল। ২০০৪ সালে শেল পেট্রলের দাম বাড়ালে তিনি এ প্রতিষ্ঠানের তেল না কিনতে দেশবাসীকে আহ্বান জানান। অন্যদিকে কম তেল সরবরাহ করার অভিযোগে ২০০৬ সালে শেলকে আটবার জরিমানা করা হয়। অন্যদিকে সরকারের একটি মহল আর্জেন্টিনায় শেলের সব সম্পদ রাষ্ট্রের কাছে বিক্রির জন্য চাপ দিতে থাকে।এদিকে সরকারের সমালোচনা করায় বর্তমানে হয়রানির মুখে পড়েছে প্রভাবশালী গণমাধ্যম ক্লারিন। কংগ্রেসে নতুন গণমাধ্যম আইন নিয়ে বিতর্কের প্রস্তুতি চলছে। এটি পাস হলে ক্লারিন তার রেডিও ও টেলিভিশনের অনেক অংশ বিক্রি করতে বাধ্য হবে। আর্জেন্টিনার ফুটবল কনফেডারেশন ক্লারিনের সঙ্গে চুক্তি বাতিল করে লিগ ম্যাচ সরাসরি সম্প্রচারের ব্যাপারে রাষ্ট্রীয় চ্যানেলের সঙ্গে চুক্তি করেছে।সরকারের বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের কারণে সর্বশেষ জনমত জরিপে ক্রিস্টিনার জনপ্রিয়তা ২০ শতাংশে নেমে এসেছে। গত বছর ক্ষমতাসীন দল কংগ্রেস নির্বাচনে কার্যকর সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। কংগ্রেসের প্রধান প্রধান কমিটির নিয়ন্ত্রণও হাতছাড়া হওয়ার পর্যায়ে। একই রকম পদক্ষেপ অব্যাহত থাকলে অচিরেই তা হাতছাড়া হয়ে যাবে।