বাঙালিরা অন্যায় মেনে নেয় না। যত ছোটই হোক, অন্যায়ের প্রতিবাদ তারা করবেই। এটা যেনতেন কারও কথা নয়, আমাদের পাঠ্যবইগুলোতে এই কথা স্পষ্ট অক্ষরে লেখা আছে। প্রিন্টিং মিসটেকের কারণে কোনো কোনো বইয়ের ছাপা স্পষ্ট হয়নি, তবে সেটা কোনো সমস্যা না। সমস্যা হলো সেই প্রাগৈতিহাসিক আমল থেকে আমরা একইভাবে প্রতিবাদ করে আসছি। প্রশ্নপত্র ফাঁস থেকে শুরু করে রমনা পার্কের কমে যাওয়া ঘাস—ঘটনা যেটাই হোক হরতাল, মিছিল (সাধারণ বা বিক্ষোভ), মানববন্ধন, অনশন (আমরণ অথবা প্রতীকী), গাড়ি ভাঙচুর—এসব ছাড়া আমরা কোনো প্রতিবাদই করতে পারি না। কোনো মানে হয়? এত বড় একটা দেশে প্রতিবাদ করার কায়দা এত কম থাকবে, এটা কেমন কথা? এই ঘটনা আমাদের চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিচ্ছে পৃথিবী ঘুরলেও আমরা আগের জায়গাতেই স্টিল হয়ে পড়ে আছি। কী ভয়ংকর ব্যপার! একই রকম প্রতিবাদ দেখতে দেখতে জনগণের চোখ সয়ে গেছে। এসব ওল্ড মডেলের প্রতিবাদ এখন আর কারও গায়েই লাগে না। তা ছাড়া আমাদের কবি ভাইয়েরাও সব সময় পুরোনোকে ভুলে গিয়ে নতুনের জয়গান গাইতে বলেছেন। অথচ কর্তৃপক্ষ এই বিষয়কে পাত্তাই দিচ্ছে না। সবার মনে রাখা উচিত, কবিরা এটাও বলে গেছেন, যে দেশে কবি-সাহিত্যিকদের কথা গুরুত্ব দেওয়া হয় না, সে দেশ কখনো উন্নতি করবে না। তার পরও আমরা বিষয়টা নিয়ে ভাবছি না। এই যে দেশে এত এত গবেষক, তাঁরা করছেনটা কী? আরও নতুন এবং আরও আধুনিক কায়দায় কীভাবে প্রতিবাদ করা যায়, এসব নিয়ে তাদের কোনো মাথাব্যথাই নেই। আসলে ভালো জিনিস নিয়ে কেউ ভাবে না। অতএব, সরকারের উচিত অবিলম্বে প্রতিবাদের নতুন নতুন কায়দা বের করার জন্য বিশেষজ্ঞ নিয়োগ দেওয়া। তা না হলে জনগণ কিন্তু বেশিদিন চুপ করে থাকবে না। সবাই এক হয়ে এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করবে। অ্যাকশন, অ্যাকশন! ডাইরেক্ট অ্যাকশন!!