ফল ছাড়া পৃথিবীর কথা চিন্তাই করা যায় না। আরে ভাই, পৃথিবীটাই তো ফলের মতো। ছোটবেলা থেকেই সবাই পড়ে এসেছে—পৃথিবী কমলালেবুর মতো চ্যাপ্টা। ফল না থাকলে তো পৃথিবীর অস্তিত্বই হুমকির মুখে পড়বে। মানুষ পড়ালেখা, কাজকর্ম—খেলাধুলা এসব কেন করে? একটু ভালো ফল পাওয়ার আশায়। ফল নিয়ে মাতামাতি তো হবেই। তা ছাড়া জাতীয় অর্থনীতিতে ফলের অবদানও কেউ অস্বীকার করতে পারবে না।তবে দরকারি-অদরকারি-সরকারি নানা বিষয় নিয়ে মন্ত্রণালয় থাকলেও ফলবিষয়ক কোনো মন্ত্রণালয় নেই। এই বৈষম্যের বিরুদ্ধে ফলপ্রেমী জনগণের রুখে দাঁড়ানোটা সময়ের দাবি হয়ে দাঁড়িয়েছে। সবাই ভুলেই গেছে, পৃথিবীর সবচেয়ে বড় একটি আবিষ্কারে ফলের অবদানই বেশি।কোথাকার কোন নিউটনের মাথায় যদি আপেল না পড়ত, তাহলে জীবনেও মাধ্যাকর্ষণ তত্ত্ব আবিষ্কৃত হতো না। বুঝুন তাহলে, ফলের কী গুরুত্ব! জাতীয় কবি কাজী নজরুল ইসলামও ফলের গুরুত্বটা ভালোভাবে বুঝতে পেরেছিলেন। এ জন্যই ‘কাঠবিড়ালী, পেয়ারা তুমি খাও’ কিংবা ‘লিচু-চোর’ টাইপের অসংখ্য কবিতা লিখে রেখে গেছেন। শুধু পেয়ারা বা লিচু নয়, পর্যায়ক্রমে আম, জাম, কাঁঠাল, তরমুজ, বাঙ্গি—সব ফল নিয়েই কবিতা লিখতেন তিনি। সময়ের অভাবে লিখতে পারেননি। তবে কবি বুঝতে পারলেও অন্যরা ফলের গুরুত্বটা ঠিক বুঝতে পারছে না। বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থাই দেখুন। ফলের গুরুত্ব বিবেচনা করে তারা ‘ফল’ নামের একটা আস্ত সেমিস্টারই চালু করেছে। অথচ সেই সেমিস্টারে ভর্তি হলে শিক্ষার্থীদের একটা ফলও দেওয়া হয় না। ফল পাওয়ার আশায় দূর-দূরান্ত থেকে মানুষ ফল সেমিস্টারে ভর্তি হতে আসে। কিন্তু নিজস্ব ক্যাম্পাসের কথা বলে যেমন ভাড়া করা বাড়িতে ক্লাস নেয়, একইভাবে তারা ফল সেমিস্টারের নামে শিক্ষার্থীদের ভর্তি করে ফল দেয় না। এটা কি প্রতারণা নয়? বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আর কী দোষ, সরকার নিজেই তো ফল দেওয়ার নামে লুকোচুরি খেলছে। কদিন আগে এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হলো, রাজনৈতিক নেতাদের পাশ কাটিয়ে সব পত্রিকার পাতায় ছাপা হলো শিক্ষার্থীদের ‘ভি’ চিহ্ন দেখানো ছবি। কিন্তু কাউকেই ফল দেওয়া হলো না। আশ্চর্য ব্যাপার! এ ধরনের লুকোচুরি কি কোমলমতি শিক্ষার্থীদের মনে প্রভাব ফেলবে না? নিশ্চয়ই ফেলবে। কে জানে, হয়তো এ কারণেই এসএসসির পর লাখ লাখ শিক্ষার্থী ঝরে পড়ে। অথচ প্রত্যেক শিক্ষার্থীকে যদি ফল দেওয়া হতো, বিদেশি রীতিতে ‘ভি’ চিহ্ন না দেখিয়ে সবাই যদি আম, কাঁঠাল, বাঙ্গি হাতে নিয়ে ছবি তুলত, তাহলে কি ভালোই না লাগত! কিন্তু কর্তৃপক্ষ তা বুঝল না। তবে আশা করি, কর্তৃপক্ষ মুক্তচিন্তার চর্চা করবে এবং বিষয়গুলো নিয়ে চিন্তা করবে। তা না হলে এর ফল কিন্তু ভালো হবে না বলে দিচ্ছি!