পৃথিবীর সবকিছুতেই একধরনের সমঝোতা বিদ্যমান। মেসি বা রোনালদোর সঙ্গে দলের অন্যদের সমঝোতা ভালো বলেই ধমাধম গোল হয়। ক্রিজে থাকা দুই ব্যাটসম্যানের মধ্যে সমঝোতা না হলে একজন রানআউট হয়ে সাজঘরে ফিরে যায়। তবে সবকিছুরই যেমন ব্যতিক্রম থাকে, সমঝোতার ক্ষেত্রেও ব্যতিক্রম থাকা অস্বাভাবিক নয়। যেমন আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সমঝোতাই নেই! দেশে যে যার মতো রাজনীতি করছে। স্বাধীনতার সুখ! কিন্তু রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান দুটি দল যদি সমঝোতা, সংলাপ ইত্যাদি শব্দের বাস্তব প্রয়োগ না ঘটায়, তখনই ফর্মে চলে আসে হানাহানি, সংঘাত, মারামারি টাইপের শব্দ। এই শব্দগুলোকে অভিধানে আবদ্ধ করে রাখার জন্য বড় দুই দলের সংলাপ অত্যন্ত জরুরি।
পৃথিবীর সবাই বুঝলেও দুই দলের কর্তারা ব্যাপারটিকে পাত্তাই দিচ্ছেন না। এই তো কয়েক দিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ‘ভেরি ভেরি আর্জেন্ট’ চিঠি পাঠিয়ে সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দুই নেত্রীকে। কী চমৎকার ব্যাপার! বাংলাদেশের দুই রাজনৈতিক দল সংলাপ করছে কি না, এই চিন্তায় তাঁর বোধ হয় রাতে ঠিকমতো ঘুম হচ্ছে না। অবশ্য মার্কিন পররাষ্ট্রমন্ত্রীরা পরদেশ নিয়ে এত বেশি চিন্তা করেন যে নিজের দেশ নিয়ে চিন্তাভাবনার সময়ই পান না। আর আমাদের রাজনীতিবিদেরাও যেন ভিনদেশিদের সুযোগ করে দিচ্ছেন নাক গলানোর জন্য। তবে জন কেরি হয়তো বাংলাদেশের জনগণের ভালো চান বলেই সংলাপের অনুরোধ করেছেন। এটাই সমস্যা। যুক্তরাষ্ট্র প্রায়ই বিভিন্ন দেশের জনগণের ‘ভালো’ চায় এবং পরবর্তী সময়ে ভালো ব্যাপারটাই ওই সব দেশ থেকে উধাও হয়ে যায়! সে জন্যই আমাদের প্রধান দুই রাজনৈতিক দলের উচিত সমঝোতায় আসা। অন্তত ভিনদেশিরা যেন আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ, পদক্ষেপ ইত্যাদি কোনো ‘ক্ষেপ’ই নিতে না পারে, সে বিষয়ে একমত হওয়ার জন্য হলেও সংলাপে বসা উচিত। আশা করি, দুই দলের কর্তৃপক্ষ ব্যাপারটি ভেবে দেখবেন।