কর্তৃপক্ষ নির্বিকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসকভারি চ্যানেলের জনপ্রিয় একটা অনুষ্ঠান হলো ম্যান ভার্সেস ওয়াইল্ড। বাংলাদেশের চ্যানেলগুলো অনুকরণপ্রিয়। ডিসকভারির অনুকরণে তারা ছাত্রলীগের বর্তমান অবস্থা নিয়ে একটা অনুষ্ঠান বানাতে পারে। নাম হবে ম্যান ভার্সেস ছাত্রলীগ! বর্তমানে মারামারি, দখল, টেন্ডারবাজি ইত্যাদি নানা ধরনের সৃজনশীল কাজে সবাইকে হার মানিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ছাত্রলীগ। অবস্থা এমন যে ছাত্রলীগকে মারামারি, দখল, টেন্ডারবাজির ক্ষেত্রে চ্যাম্পিয়নদের লীগ হিসেবে দ্বিধাহীন কণ্ঠে ঘোষণা দিয়েছেন বিশেষজ্ঞরা। কিন্তু টানা কয়েক বছর চ্যাম্পিয়ন হওয়ার পরও কর্তৃপক্ষ ছাত্রলীগের কর্মীদের যথাযথ মর্যাদা দিচ্ছে না, যা খুবই হতাশাজনক। ফিফা, আইসিসির মতো বিশ্বমানের সংগঠন প্রতিবছর একজন বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত করে তাকে আনুষ্ঠানিকভাবে পুরস্কার দেয়। কিন্তু পুরস্কার দেওয়া দূরে থাক, ছাত্রলীগের সেরা কর্মীর নাম ঘোষণা করার কোনো উদ্যোগও নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পত্রপত্রিকাগুলো অবশ্য মাঝেমধ্যে অস্ত্রসহ ছাত্রলীগের কর্মীদের ছবি দিয়ে চিহ্নিত করে সবাইকে জানাতে চায় যে এই কর্মীটাই সেরা। কিন্তু কর্তৃপক্ষ পাত্তাই দেয় না। কদিন পর সবাই ভুলে যায় সেই নিবেদিতপ্রাণ সেরা কর্মীকে। কোনো মানে হয়? এ দেশে কি প্রকৃত প্রতিভার মূল্য কখনোই দেওয়া হবে না? অথচ কর্তৃপক্ষ চাইলেই ছাত্রলীগের কর্মীদের মধ্য থেকে বছরের সেরা বন্দুকবাজ, সেরা বোমাবাজ, সবচেয়ে বেশিসংখ্যক জায়গা দখলকারী, সবচেয়ে বেশি দূর পর্যন্ত প্রতিপক্ষকে ধাওয়াকারীর নাম ঘোষণা করে পুরস্কার দিতে পারত। কিন্তু আফসোস, কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেওয়াকে গুরুত্ব না নিয়ে নীরব ভূমিকা পালন করাকেই অধিক গুরুত্ব দিচ্ছে। তবে এতে দমে যায়নি ছাত্রলীগের নিবেদিতপ্রাণ কর্মীরা। বোলিং পিচে যেভাবে নিয়মিত বিরতিতে উইকেট পড়ে, ঠিক সেভাবেই তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের ওপর দফায় দফায় হামলা চালিয়ে যাচ্ছে। তবে বর্তমানে তাদের কর্মকাণ্ড নির্দিষ্ট কিছু শিক্ষাপ্রতিষ্ঠানেই সীমাবদ্ধ। তবে কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ গ্রহণ করলে দেশের প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে ছাত্রলীগ তাদের নৈপুণ্য প্রদর্শন করতে সমর্থ হবে। প্রয়োজনে বিজ্ঞাপন দিয়ে নতুন সদস্য সংগ্রহ করা যেতে পারে। ‘আপনি কি মারামারি, কাটাকাটি, ইট-পাটকেল, গুলি ছোড়া কিংবা ধাওয়া করাতে আন্তজেলা বা জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন? তা হলে আর দেরি নয়, আজই দলে দলে যোগ দিন এসব ক্ষেত্রে স্বনামধন্য চ্যাম্পিয়নদের লীগ ছাত্রলীগে।’ এ ধরনের বিজ্ঞাপন তরুণদের মধ্যে ভালো সাড়া ফেলবে বলে ভাবছেন বিশেষজ্ঞরা। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে।