কর্তৃপক্ষ ভাবছে কি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি শেষ হওয়া অলিম্পিকে বাংলাদেশের অর্জন কী? উত্তরে সেই পুনরাবৃত্তি—সান্ত্বনা পুরস্কার ছাড়া আর কিছু জোটেনি অর্জনের ঝুলিতে। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নিতে পেরেই আমরা তৃপ্তির ঢেকুর তুলতে ব্যস্ত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনো ‘খেলায় জয়লাভের চেয়ে অংশগ্রহণই বড় কথা’ নীতিতে বিশ্বাস রেখেছে। তবে এতে দোষ নেই প্রতিযোগীদের। তাঁদের প্রতিভা নিয়েও নেই সন্দেহের অবকাশ। প্রতিভার উর্বর ভূমি এই বাংলাদেশে পাকা জহুরির যে বড় অভাব! তা না হলে বিশ্বজয়ী শুটাররা কেন রাজপথে অনুশীলনে নামবেন? কেনই-বা দুই দিন পরপর যত্রতত্র অনুশীলনের দায়ে শুটারদের হেনস্তা করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী!

রস‍+আলোর প্রতিবেদনে প্রকাশ, ২৭ অক্টোবর রাজধানীর গুলিস্তানে ফুটপাতের অবৈধ দোকান উচ্ছেদের সময় হকারদের সঙ্গে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কর্মচারী ও একদল যুবকের দফায় দফায় পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। ঘটনাস্থলে সে সময় দুই তরুণ শুটার পিস্তল ও রিভলবার হাতে অনুশীলনে নেমেছিলেন। ফলে সাধারণ জনগণ তাঁদের সন্ত্রাসী ভেবে ভুল করে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও চড়াও হয় তাঁদের ওপর!

এবারই প্রথম নয়, এর আগে গাইবান্ধা, মাগুরা ও ঢাকার ইস্কাটনেও একই ঘটনা ঘটতে দেখা গেছে! প্রতিভাবান শুটাররা অনুশীলনের উপযুক্ত স্থান না পেয়ে রাজপথ কিংবা জনবহুল এলাকা বেছে নিয়েছিলেন। কেনই-বা নেবেন না, শুটিং ফেডারেশন যে তাঁদের দিতে পারেনি কোনো শুটিং কমপ্লেক্স। এমনকি শুটিং করার কোনো টার্গেটও দিতে পারেনি তারা। ফলে তরুণ উদীয়মান শুটাররা টার্গেট হিসেবে অনেক সময় বেছে নিয়েছেন সাধারণ মানুষকেই। তাঁরা যে বিশ্বের যেকোনো সেরা শুটারের চেয়ে দক্ষ তার প্রমাণও তাঁরা রেখেছেন। কারণ, বুঝেশুনে সাধারণ মানুষের পা কিংবা তুলনামূলক সহনশীল অঙ্গেই গুলি বিদ্ধ করেছেন তাঁরা। আসলে আমাদের শুটারদের নিশানা নিখুঁত; খুঁত রয়ে গেছে কেবল প্রতিভা অন্বেষণকারী ও পরিচর্যাকারীদের নজরে।

এভাবে চলতে থাকলে অচিরেই দেশ প্রতিভাশূন্য হয়ে যাবে, সন্দেহ নেই। রাজপথে এভাবে শুটিং অনুশীলন আর কত দিন? নিজের খেয়ে শুটাররা আর কত দিন বনের মোষ তাড়াবেন? শুটিং ফেডারেশন যদি দায়িত্ব না-ই নেয়, তাহলে অন্তত এফডিসিতে তো তাঁদের জন্য কর্মসংস্থান করা যায়। কেননা, বাংলাদেশের চলচ্চিত্রে ভালো শুটারের (ক্যামেরা) যে বড়ই অভাব। আশা করি, কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ভাববে।