কর্মকর্তা একজন দায়িত্ব দুই উপজেলায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নির্বাচন কর্মকর্তা রয়েছেন একজন। কিন্তু তাঁকে দায়িত্ব পালন করতে হয় দুই উপজেলায়। এ ছাড়া অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর পদ খালি দুবছর ধরে। ফলে নির্বাচনসংশ্লিষ্ট দাপ্তরিক কাজ ব্যাহত হচ্ছে পটিয়া উপজেলা নির্বাচন কার্যালয়ে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দশম জাতীয় সংসদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন জেলা ও উপজেলা পর্যায়ে ভোট গ্রহণের সার্বিক প্রস্তুতি শুরু করেছে। নির্বাচন মৌসুমে নতুন ভোটার নিবন্ধন, ছবি তোলা ও ভোটারের ঠিকানা পরিবর্তনসহ সংশ্লিষ্ট বিষয়ে দাপ্তরিক কাজ বেড়ে যায়। তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটরকে সার্বক্ষণিক কর্মস্থলে উপস্থিত থাকতে হয়। কিন্তু গত মে মাস থেকে আনোয়ারায় উপজেলা নির্বাচন কর্মকর্তা না থাকায় সেখানে ভারপ্রাপ্ত হিসেবে সপ্তাহে দুদিন দায়িত্ব পালন করেন পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা। এ ছাড়া, অফিস সহকারী-কাম কম্পিউটার অপারেটর না থাকায় চন্দনাইশ নির্বাচন কার্যালয়ের কম্পিউটার অপারেটরকে সপ্তাহে এক দিন ধার করে এনে কাজ করানো হয় পটিয়ায়।
নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১৭টি ইউনিয়নে প্রায় দুই লাখ ৫০ হাজার ভোটার রয়েছেন। আগামী নির্বাচনে ৯৯টি ভোটকেন্দ্রের জন্য ৯৯ জন প্রিসাইডিং, ৫৩০ জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও এক হাজার ৬০ জন পোলিং এজেন্ট নিয়োগসহ নির্বাচন পরিচালনার আনুষঙ্গিক কাজের প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। পশ্চিম পটিয়ার পাঁচ ইউনিয়নের ভোটকেন্দ্রের দায়িত্বও পটিয়া নির্বাচন কার্যালয়ের। কিন্তু জনবলের অভাবে ভোট গ্রহণের প্রস্ততিমূলক কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে হিমশিম খাচ্ছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
জানতে চাইলে পটিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মনিরুজ্জামান আনোয়ারায় অতিরিক্ত দায়িত্ব পালন এবং চন্দনাইশ থেকে ধার করে কম্পিউটার অপারেটর এনে কাজ চালানোর কথা স্বীকার করেন।
প্রথম আলোকে তিনি বলেন, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে কাজের চাপ বাড়ছে। অন্য উপজেলা থেকে ধার করা লোক দিয়ে নির্বাচনী কাজ চালানো সম্ভব হবে না। তাই সাময়িকভাবে স্থানীয় একজন যুবককে দৈনিক ভিত্তিতে নিয়োগ দিয়ে কাজ চালানোর ব্যবস্থা করা হয়েছে।