কর্মক্ষেত্রে এগিয়েছে চট্টগ্রামের নারীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত ক্ষেত্রে চট্টগ্রামের নারীরা পুরুষের সমকক্ষ হয়ে উঠতে না পারলেও আগের তুলনায় এগিয়েছে। শিক্ষা ক্ষেত্রেও নারীরা এখন আর পিছিয়ে নেই। এসব সত্ত্বেও নারী নির্যাতন ঘটছে সমাজ ও পরিবারে পুরুষতান্ত্রিক মনোভাবের অবসান না হওয়ায়। বিশ্ব নারী দিবস উপলক্ষে চট্টগ্রামের তিন নারী ব্যক্তিত্ব এ অভিমত জানিয়েছেন। কথা বলেছেন মেখ্যাইউ মারমানারী নির্যাতন বন্ধে আইনের সঠিক প্রয়োগ নেইবেগম মুশতারী শফীবিশিষ্ট লেখিকা ও নারীনেত্রী বেগম মুশতারী শফীর মতে, পেশাগত দিক থেকে আগের তুলনায় নারী অনেকটাই এগিয়েছে। চিকিৎসা, আইন-আদালত ও অন্যান্য পেশায় নারীর অংশগ্রহণের চিত্র অনেকটাই বদলেছে। বাংলাদেশের পোশাকশিল্প টিকে আছে লক্ষাধিক নারীর শ্রমের ওপর। তবে নারীরা এখনো পুরুষের তুলনায় অনেক পিছিয়ে। কেননা নারীর অনুকূলে সমাজ নেই, রাষ্ট্র নেই, নেই তার পরিবার। এর জন্য নারীকে সর্বপ্রথম নিজেকেই সচেতন হতে হবে। একবিংশ শতাব্দীতে এসেও নারী এখনো ধর্ষণ, হত্যাসহ আত্মহত্যার প্ররোচনার শিকার হচ্ছে। দেশে আইন আছে কিন্তু আইনের সঠিক প্রয়োগ নেই। মুশতারী শফী বলেন, আমরা এখনো চট্টগ্রামের ইয়াসমিন কিংবা সীমা চৌধুরীর হত্যার বিচার দেখতে পাইনি। নীতিমালা থাকা সত্ত্বেও আইনের ফাঁক দিয়ে অপরাধীরা পার পেয়ে যাচ্ছেন। সমাজে এখনো পুরুষতান্ত্রিক মনোভাব কাজ করছে বলেই নারীরা এখনো পিছিয়ে। মেয়েদের শিক্ষার ব্যাপারেও এখনকার অভিভাবকেরা অনেক সচেতন বলে মনে করেন তিনি। মেয়েরা স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে। নিজের পায়ে দাঁড়াচ্ছে। তবে এখনো কিছু লোক আছে যারা ধর্মের দোহাই দিয়ে নারী শিক্ষা কিংবা নারী অধিকারকে অপশিক্ষা নামে আখ্যায়িত করে থাকে। এসব গোঁড়ামি থেকে বেরিয়ে আসতে হবে বলে তিনি মনে করেন। একদিকে নারীর জন্য সম্ভাবনার দুয়ার খুলছে অন্যদিকে বন্ধ হচ্ছেফেরদৌস আরা আলীমআজকের নারীরা সব পেশাতেই যোগ দিচ্ছে বলে মনে করেন লেখিকা ফেরদৌস আরা আলীম। তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ দেশের মন্ত্রিপরিষদে বেশ কয়েকজন নারী আছেন। কিন্তু মাঝারি ও ছোট পরিসরে যেসব নারী কাজ করছেন তাঁরা ক্ষমতায়িত নন। এ স্তরের নারীরা নানাভাবে নির্যাতনের শিকার হচ্ছেন। পথে-ঘাটে, কর্মক্ষেত্রে নারীর ওপর সব ধরনের নির্যাতন বেড়েছে। যে পেশায় নারীর সম্মান থাকছে না সে পেশায় নারীদের অংশগ্রহণ কমছে কিংবা নারী নিজেই সরে আসছেন। দেখা যাচ্ছে, একদিকে নারীর জন্য সম্ভাবনার দুয়ার খুলছে অন্যদিকে বন্ধ হচ্ছে।সারা দেশেই নারী নির্যাতনের হার বেড়েছে বলে মনে করেন তিনি। চট্টগ্রামও এর বাইরে নয়। ধর্মীয় গোঁড়ামি এবং সমাজে পুরুষতান্ত্রিক মনোভাবই নারী অগ্রযাত্রার পথে অন্তরায় বলে মনে করেন তিনি।চট্টগ্রামে নারী শিক্ষার হার বেড়েছে বলে জানান ফেরদৌস আরা আলীম। সামাজিক অবস্থান বাড়ার সঙ্গে সঙ্গে অভিভাবকেরা মেয়েদের লেখাপড়ার ব্যাপারে সচেতন হচ্ছেন। ফলাফলও ভালো হচ্ছে। কিন্তু নারীরা প্রকৃত শিক্ষায় শিক্ষিত হচ্ছে কি না সে প্রশ্ন থেকেই যায়। এজন্য নারী-পুরুষ উভয়কেই হাতে হাত মিলিয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে তিনি জানান।রাজনীতিতে নারীদের প্রভাব বাড়ছেরেহেনা কবিরসিটি করপোরেশনের শিক্ষা বিভাগের স্ট্যান্ডিং কমিটির সদস্য অ্যাডভোকেট রেহেনা কবির রানু বলেছেন, পেশাগত ক্ষেত্রে আগের চেয়ে নারীরা অনেক এগিয়েছে। তিনি বলেন, আইন পেশাতেই চট্টগ্রামে বর্তমানে ২৫০ জন মহিলা আইনজীবী কাজ করছেন। এ ছাড়া আগের চেয়ে অনেক বেশিসংখ্যক নারী সরকারি ও বেসরকারি সংস্থায় কাজ করছেন। স্থানীয় রাজনীতিতেও নারীদের ভূমিকা বাড়ছে। ব্যবসায়ে উদ্যোক্তা রূপে আবির্ভাব ঘটেছে চট্টগ্রামের নারীদের। চট্টগ্রামের বেশ কিছু নারী পোশাক ডিজাইনিংয়ের ক্ষেত্রে দারুণ সফলতা দেখিয়েছেন। তবে সব মিলিয়ে নারীরা এখনো পর্যন্ত পুরুষের অবস্থানে আসতে পারেননি চট্টগ্রামের নারীরা। সমাজে পুরুষতান্ত্রিক মনোভাবই নারী অগ্রযাত্রার পথে মূল অন্তরায় বলে জানালেন রেহেনা কবির রানু। তিনি বলেন, পুরুষতান্ত্রিক মনোভাব পরিবার, সমাজ, রাষ্ট্রে সব ক্ষেত্রেই বিরাজমান। এর একটি উদাহরণ টেনে তিনি বলেন, ‘সাধারণ হোক আর সংরক্ষিত আসন থেকেই হোক আমরা জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধি। হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও মহিলা কমিশনার বলে আমাদের সব ক্ষেত্রে কাজের দায়িত্ব দেওয়া হয় না। পুরুষতান্ত্রিক এ বাধাগুলো দূর করতে এবং ইতিবাচক মনোভাব তৈরি করতে প্রথমেই পরিবারগুলোকে এগিয়ে আসতে হবে।’ নারী নির্যাতন বিষয়ে তিনি বলেন, সমাজের নানা ক্ষেত্রে নারীরা নির্যাতনের শিকার হচ্ছেন। তবে শিক্ষিত নারীরা নিজের অধিকারের ব্যাপারে সচেতন হচ্ছেন। গণমাধ্যমের প্রচার-প্রচারণাও আগের তুলনায় অনেক বেড়েছে। গণমাধ্যমের কারণে কোনো কিছু আর ধামাচাপা দিয়ে রাখা যাচ্ছে না। প্রয়োজনে নারীরা আদালতেরও আশ্রয় নিচ্ছেন। নারীরা শিক্ষার ক্ষেত্রে এখন অনেক এগিয়েছেন। বিগত কয়েক বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফল পর্যালোচনা করলেই তার প্রমাণ মিলবে। নারী শিক্ষার ব্যাপারে চট্টগ্রামের পরিবারগুলোতে অনুকূল মনোভাব তৈরি হয়েছে বলে তিনি মনে করেন।