কর্মক্ষেত্রে কথা বলুন ভেবেচিন্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কর্মজীবীদের দিনের একটা বড় সময় থাকতে হয় সহকর্মীদের সঙ্গে। একই অফিসে চার দেয়ালের মধ্যে কাজ করার ফলে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে অনেকের মধ্যেই। কখনো কখনো মনের কথাটিও বলা হয়ে যায় কাজের ফাঁকে। অনেক সময় আবেগের বশে ব্যক্তিগত বিষয় নিয়ে বেশি কথা বলা হয়ে যায়। বিপদটা ঘটে যায় তখনই। কর্মক্ষেত্রে ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলাটা অনেক সময় সমস্যা সৃষ্টি করে। আবার ব্যক্তিগত বিষয়গুলো একদমই যদি ভাগ না করেন, তাহলে অন্যদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও গড়ে ওঠে না। এমনটা মনে করেন করপোরেট কোচের মুখ্য পরামর্শক যিশু তরফদার। একান্ত ব্যক্তিগত বিষয়গুলো অন্যদের বলার ব্যাপারে নিজেকে নিয়ন্ত্রণ করা উচিত। যে তথ্য না জানালেই নয়, তা জানালে ভালো। কর্মক্ষেত্রে সবে প্রবেশ করেছেন এমন ব্যক্তিরাই এই ভুলটি বেশি করে থাকেন। এনারজিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেডের মানবসম্পদ বিভাগের প্রধান নুজহাত তাসনীম বলেন, ‘ব্যক্তিগত বিষয় অন্যদের সঙ্গে ভাগ করার কারণে অনেক সময় কাজের ওপর প্রভাব পড়ে। দেখা যায়, ব্যক্তিগত জীবনের সমস্যাগুলোকে কর্মক্ষেত্রে কোনো ঝামেলার সময় পটভূমিকা হিসেবে বিবেচনা করা হয়। বন্ধু ভেবে বলা কথাগুলো অনেক সময় আপনাকে কূটনামির কেন্দ্রবিন্দুতেও পরিণত করে।’কর্মক্ষেত্রে ব্যক্তিগত বিষয় সহকর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সময় কিছু বিষয় অবশ্যই মনে রাখা উচিত। জানিয়েছেন যিশু তরফদার ও নুজহাত তাসনীম— বাড়ির হাঁড়ির সব খবর সবাইকে জানানোর দরকার নেই। কোনো সুসংবাদ কিংবা দুঃসংবাদ জানাতে পারেন। ব্যক্তিগত পছন্দ-অপছন্দ নিয়ে কথা বলুন। উপন্যাস, ছবি নিয়ে কথা বলা যায়। তবে স্বামী-স্ত্রীর মনোমালিন্য কিংবা পারিবারিক বিষয়ের কোনো তথ্য বিস্তারিতভাবে অন্যের সামনে তুলে ধরবেন না। কথা বলার সময় আবেগ নিয়ন্ত্রণ করুন। ব্যক্তি বিশ্বাসযোগ্য কি না সেটি আগে যাচাই করুন। অনেকে কর্মক্ষেত্রে ব্যক্তিগত বিষয়ে কথা বলতে গিয়ে কান্নাকাটি করেন। তৎক্ষণাৎ সহানুভূতি দেখালেও পরে বিষয়টি নিয়ে অনেকেই হাসাহাসি করে থাকেন।  সহকর্মীদের সঙ্গে কথা বলার সময় একটু বুদ্ধিমত্তার পরিচয় দিন। আপনার সঙ্গে মানসিকতা ও রুচিতে মেলে এমন সহকর্মীর সঙ্গে কথা বলা যেতে পারে। মেধা, সততা ও যোগ্যতা প্রমাণ করা নিয়েই কর্মক্ষেত্রে ব্যস্ত থাকুন। পরচর্চা করবেন না। দু-একটি ব্যক্তিগত নিরীহ মন্তব্যই পরবর্তী সময়ে অনেক ঝামেলায় ফেলে দেয়। অন্য সহকর্মীকে পর্যালোচনা করার আগে নিজেকে পর্যালোচনা করুন। একান্ত ব্যক্তিগত বিষয়গুলো যদি ভাগ করে নিতেই চান, তাহলে প্রথমে ভেবে নিন—আপনি কী উদ্দেশ্যে তাঁকে কথাগুলো বলছেন, কোন সমস্যার সমাধান চাচ্ছেন তাঁর কাছে? নাকি এমনিই বলার জন্য বলছেন। আপনার সহকর্মী নিরপেক্ষভাবে কোনো ঘটনাকে বিচার করতে পারবেন কি না সেটা আগে নিশ্চিন্ত হয়ে নিন।  অফিসের বাইরে কিংবা অফিস বাহনের মধ্যে চালকের সামনে ব্যক্তিগত কথা বা অফিসের কোনো কথা বলবেন না। কর্মজীবনের কারণে ব্যক্তিগত জীবনে কোনো ঝামেলা হলে সেটা সহকর্মীদের না বলে ঊর্ধ্বতন কাউকে বলাই ভালো।