কর্মক্ষেত্রে কি শান্তি আছে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাজের পরিবেশ কাজের স্পৃহা বাড়িয়ে তোলে। ছবি: কবির হোসেন
কাজের পরিবেশ কাজের স্পৃহা বাড়িয়ে তোলে। ছবি: কবির হোসেন

প্রতিদিনের একটি বড় অংশ আমরা কাটাই কর্মক্ষেত্রে, মানে কাজের জায়গায়। ফলে এই দীর্ঘ সময়টা কেমন যাচ্ছে, সেটা অনেক ক্ষেত্রেই নির্ধারণ করে আমাদের সার্বিক ভালো থাকা, না থাকা। চাকরি বা কাজ যে শুধু আমাদের আর্থিক নিরাপত্তা দেয় তা নয়, আমাদের নিজস্ব আত্মপরিচয়ও তৈরি করে। নিজের আত্মমর্যাদা, নিজের প্রতি আত্মবিশ্বাস বাড়ায়। কাজের মাধ্যমে আমাদের নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয় এবং সামাজিক অবস্থানও দৃঢ় হয়। শুধু তা-ই নয়, কাজ যত সামান্যই হোক, এর মাধ্যমে আমাদের মেধা, মনন, দক্ষতা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সমাজ তথা রাষ্ট্রের কাজে লাগানোর সুযোগ ঘটে। কর্মী, বস ও বসের বস—সবকিছুর ওপর নির্ভর করে কর্মক্ষেত্রে শান্তি। এমনকি কাজের পুরো পরিবেশটা কর্মিবান্ধব কতখানি, সেটাও গুরুত্বপূর্ণ।
১০ অক্টোবর ছিল বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। বিশ্বব্যাপী মানসিক স্বাস্থ্যসচেতনতায় ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ ১৯৯২ সালে দিবসটি প্রবর্তন করে। তখন থেকে সারা বিশ্বে দিবসটি পালন করা হচ্ছে। এ বছরের মূল প্রতিপাদ্য ‘কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য’। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের একটি প্রতিবেদন অনুযায়ী বছরে গড়ে ৩৬ কর্মদিবস বিষণ্নতার কারণে নষ্ট হয়। ইউরোপে কাজ-সংক্রান্ত বিষণ্নতার কারণে বছরে ৬১৭ বিলিয়ন ডলার খরচ হয়।

কর্মক্ষেত্র কখন মানসিক চাপের কারণ?
কর্মক্ষেত্র যেমন হতে পারে একজন মানুষের ভালো থাকার অন্যতম উৎস, তেমনি এই কাজই হতে পারে মনঃসামাজিক চাপ এবং অনুৎপাদনশীলতার অন্যতম কারণ।

কাজের চাপ (অতিরিক্ত কাজ বা কাজ কম থাকা)
ব্যক্তির কর্মক্ষমতার অতিরিক্ত কাজ ও জটিল কাজ (যখন অনেক কাজ অল্প সময়ে স্বল্প ব্যবস্থাপনার মধ্যে করতে হয়) যেমন মানসিক চাপ তৈরি করতে পারে, তেমনি কম কাজ বা সেখানে ব্যক্তির দক্ষতা ঠিকভাবে ব্যবহৃত না হলেও সেটা বিষণ্নতা তৈরি করতে পারে।

কাজের সঠিক মূল্যায়ন বা স্বীকৃতি না পাওয়া
মূল্যায়নের বড় একটা মাপকাঠি বেশির ভাগ ক্ষেত্রে বেতন বা পারিশ্রমিক হলেও এর আর্থিক লাভের সঙ্গে সম্মান ও মর্যাদাও সম্পর্কিত। এ ছাড়া মৌখিক প্রশংসা, কাজের স্বীকৃতি, পুরস্কার ইত্যাদির মাধ্যমেও ব্যক্তি মূল্যায়িত হতে পারে।

মানসিক চাপ না থাকলে ফুরফুরে মেজাজে থাকতে পারেন অফিসে। মডেল: তাসনুভা
মানসিক চাপ না থাকলে ফুরফুরে মেজাজে থাকতে পারেন অফিসে। মডেল: তাসনুভা

কাজে একঘেয়েমি
উদ্দীপনাহীন কাজ যেমন বিরক্তি, উদ্যমহীনতা তৈরি করে, তেমনি আপাতভাবে অর্থহীন, অপছন্দের কাজ মনের ওপর চাপ ফেলতে পারে।

অনির্দিষ্ট দায়িত্ব বা কাজ
কর্মী যখন বুঝে উঠতে পারেন না তাঁর কাছ থেকে কী প্রত্যাশা করা হচ্ছে অথবা প্রত্যাশাগুলো যদি তাঁর দায়িত্বের সঙ্গে খাপ না খায়, তাহলেও কাজে অনাগ্রহ আসতে পারে।
বৈষম্য, পদোন্নতি, কাজের চাপ, বেতন-ভাতা ইত্যাদি নানা কিছুতেই সহকর্মীদের সঙ্গে সমানভাবে মূল্যায়িত না হওয়া চাপদায়ক মনে হতে পারে।

পারস্পরিক সম্পর্ক
ঊর্ধ্বতন কর্মকর্তার অপর্যাপ্ত, অবিবেচক, কর্তৃত্বমূলক ও অসহযোগী সুপারভিশন, সহকর্মীদের সঙ্গে খারাপ সম্পর্ক, মানসিকভাবে হেনস্তা হওয়া (সূক্ষ্ম সমালোচনা, অশোভন মন্তব্য, যৌন হয়রানি, ব্যক্তিগত বিষয়ে অহেতুক কৌতূহল বা নাক গলানো) ইত্যাদি মানসিক উদ্বেগ, বিষণ্নতা বাড়িয়ে দেয়।

কাজের চারপাশ
শব্দ, ধুলা, আলো, কর্মঘণ্টা ইত্যাদি শারীরিক ও মানসিক সমস্যা বাড়িয়ে দিতে পারে।

কাজ ও ঘরের দ্বন্দ্ব
ব্যক্তিগত বিষয়ে কর্মক্ষেত্রের অসহযোগিতা, কাজের বিষয়ে পরিবারের অসহযোগিতা ইত্যাদি।

মানসিক চাপে কর্মক্ষেত্রে প্রভাব
কর্মক্ষেত্রে চাপ যেমন নানা মানসিক উপসর্গ (মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, মনঃসংযোগ না করতে পারা, কাজে অনুৎসাহ, আত্মবিশ্বাস কমে যাওয়া ইত্যাদি) সৃষ্টি করতে পারে, তেমনি মানসিক চাপ শারীরিক অনেক উপসর্গ হিসেবেও প্রকাশিত হতে পারে। যেমন মাথাব্যথাসহ শরীরের নানা জায়গায় ব্যথা, পেটে সমস্যা, শ্বাস নিতে কষ্ট হওয়া, বমি বমি ভাব, ঘুমে সমস্যা। শারীরিক ও মানসিক সমস্যার কারণে ব্যক্তি অনাগ্রহী হয়ে উঠতে পারে।

কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন
কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন

কখন বুঝবেন আপনার সহকর্মী মানসিকভাবে খারাপ আছেন?
 কর্মস্থলে প্রায়ই অনুপস্থিতি বা সময়মতো না আসা
 কাজের গুণগত মান কমে যাওয়া, সময়মতো কাজ শেষ করতে না পারা
 নিজেকে গুটিয়ে নেওয়া
 কাজে প্রায়ই ভুল করা, মনে রাখতে না পারা
 সহকর্মীদের সঙ্গে দূরত্ব বা সম্পর্কের অবনতি
 আচার-আচরণ বা ব্যবহারের দৃশ্যমান পরিবর্তন
 নিজের প্রতি যত্ন কমে যাওয়া।

নিজের কর্মক্ষমতা কীভাবে বাড়াবেন?
প্রতিদিন করুন—
শরীরের যত্ন
নিয়মিত হাঁটুন বা ব্যায়াম করুন, পুষ্টিকর খাবার খান, নিয়মিত ঘুমের অভ্যাস করুন।

ইতিবাচক আবেগের চর্চা
রসবোধ চর্চা, নিজের ভালো লাগা-মন্দ লাগা দৃঢ়ভাবে প্রকাশ, ক্ষমা করে দেওয়া, সবকিছুর জন্য কৃতজ্ঞ থাকা, এমন কিছু না করা, যা নিজের কাছে গ্রহণযোগ্য নয় বা নিজেকে ছোট করে, রাগ নিয়ন্ত্রণ।

আত্মিক যত্ন
অর্থপূর্ণ কাজ করা, জীবনের অর্থ খোঁজা, মূল্যবোধের চর্চা করা।

বুদ্ধিবৃত্তির চর্চা
মনকে সব সময় মুক্ত, কৌতূহলী, সজাগ ও সৃজনশীল রাখা, প্রতিদিন নতুন কিছু জানার ও শেখার চেষ্টা করা।

সামাজিক জীবন
পরিবার, বন্ধুবান্ধবের সঙ্গে সময় কাটানো, বিনোদনমূলক কাজ, সহকর্মীদের সঙ্গে সময় দেওয়া।