কর্মক্ষেত্রে গড়ে তুলুন সফলতার সংস্কৃতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের অন্য সব দেশের মতো অনেক দিন আগেই আমাদের দেশের করপোরেট হাউসগুলোর ভেতর-বাইরে লেগেছে আধুনিকতার ছোঁয়া। সময়ের সঙ্গে সঙ্গে বেড়েছে কাজের পরিধি; বেড়েছে প্রতিযোগিতা। এর মধ্যে টিকে থাকতে হচ্ছে আমাদের। সেই টিকে থাকার কৌশল নিয়ে চাকরিবাকরির সঙ্গে কথা বলেছেন সিটি ব্যাংকের প্রাতিষ্ঠানিক উন্নয়নপ্রধান এবং মানবসম্পদ কুশলী রিনাত আকতার

রিনাত আকতার ছবি:  মনিরুল আলম
রিনাত আকতার ছবি: মনিরুল আলম

সহকর্মীদের সঙ্গে ভালো আচরণ
কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে সারা দিন মিলেমিশে কাজ করতে হয়। এখানে যদি মনোমালিন্য কিংবা সম্পর্কের টানাপোড়েন চলে, তাহলে কাজের গতি কমে যায়। এ ক্ষেত্রে কোনো কারণে যদি আপনার সহকর্মীর আচরণ কিংবা কথাবার্তা অপছন্দ হয়ে থাকে, তাহলে তাঁকে কটাক্ষ না করে ভুলগুলো ভদ্রতার সঙ্গে বুঝিয়ে বললে নিশ্চয়ই কাজ হবে। অনেক সময় দেখা যায়, উচ্চপদস্থ কর্মকর্তা তাঁর অধীন কর্মীদের সঙ্গে দুর্ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। ভুল হলে তা শুধরিয়ে দেওয়া জরুরি। নিজের ব্যক্তিগত জীবন ও পেশাদারি জীবনকে আলাদা রাখার চেষ্টা করুন। নিজের সহকর্মীদের কোনো কথাকেই নেতিবাচক দৃষ্টিকোণ থেকে দেখা যাবে না। উচ্চপদস্থ কর্মকর্তাদের অবশ্যই তাঁর অধীন কর্মচারীর দুর্বলতা ও গুণাবলি নির্ণয় করতে হবে। এ জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে হবে।
বন্ধ করুন নিজের ঢোল পেটানো
নিজেকে নিয়ে অতিরিক্ত গর্ববোধ করা বোকামি ছাড়া আর কিছুই নয়। কেননা, এতে সহকর্মীদের সঙ্গে তিক্ততা বাড়ে। নিজের সুনাম নিজে করার মধ্যে কোনো গৌরব নেই। যখন আপনার ভালো কোনো অর্জন আসবে, দেখবেন ঠিকই সহকর্মীরা আপনার প্রশংসা করবেন। অন্যদিকে যখন আপনি নিজেই নিজের গুণগান করবেন, তখন আপনার সহকর্মীরা হীনম্মন্যতায় ভুগতে পারেন, যা তাঁর কাজের গতিকে কমিয়ে দিতে পারে।
আগে শ্রোতা পরে বক্তা
চেষ্টা করুন নিজেকে শ্রোতা হিসেবে পরিচয় দিতে। শুনুন সহকর্মী কী বলতে চান বা কী তাঁর মনের কথা। আগ বাড়িয়ে কথা বলে নিজেকে ‘বাচাল’ হিসেবে পরিচিতি দেওয়া অবশ্যই বুদ্ধিমানের কাজ হবে না। অনেক সময় বেশি কথা বলার কারণে নিজের ব্যক্তিত্ব ও সম্মান নষ্ট হওয়ার ভয় থাকে। শ্রোতা হওয়ার মাধ্যমে বিজ্ঞজন হিসেবে গণ্য হতে অবশ্যই ভালো লাগবে। আর আপনার এই আচরণের মাধ্যমে আপনি সবার কাছেই গ্রহণযোগ্য হয়ে উঠতে পারেন অল্প সময়েই।
থাকুন সময়ের সঙ্গে আধুনিক
যে কেউ নিশ্চয়ই চান, তাঁর সহকর্মীরা সময়ের সঙ্গে নিজেকে আপ-টু-ডেট রাখুন। চাল-চলন, পোশাক-আশাক, কথাবার্তায় স্মার্ট ব্যক্তিত্বকে সবাই পছন্দ করেন। আধুনিক প্রযুক্তিনির্ভর সমাজে নিজেকে যতটুকু মানানসই রাখা যায়, ততই ভালো। বিভিন্ন ধরনের ডিভাইস ব্যবহারের ধারণা আপনাকে এগিয়ে রাখবে। এ ছাড়া নিজেকে যখন আধুনিক রাখছেন, তখন আপনি অফিসে হয়ে উঠবেন সবার মধ্যমণি। একদিকে সহকর্মীর, অপরদিকে আপনার ঊর্ধ্বতন কর্মকর্তার পছন্দের পাত্র হয়ে উঠতে পারবেন। হয়তো এ কারণে আপনি আপনার সফলতার সিঁড়ি সহজেই আহরণ করতে পারবেন।
বিপদ থেকে উদ্ধারে সব সময় প্রস্তুত থাকুন
অনেক সময় সহকর্মী এমন কিছু বিপদে পড়তে পারেন, হয়তো একটু সাহায্যই পারে তাঁকে বিপদ থেকে রক্ষা করতে। তখন অবশ্য প্রথম আপনাকেই সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিতে হবে। যদি সাহায্য করতে অপারগ হন, তাহলে তাঁকে সাহায্য করার অন্য পথ অবলম্বন করতে হবে। অন্য কাউকে দিয়ে হলেও তাঁকে বিপদ থেকে উদ্ধার করতে হবে। এই সাময়িক সাহায্য হয়তো আপনার জীবনকে বদলে দিতে পারে। অনেক সময় দেখা যায়, সহকর্মী অর্থনৈতিক সমস্যায় ভুগছেন। সে ক্ষেত্রে যতটা সম্ভব তাঁকে অর্থনৈতিক সাহায্যে এগিয়ে আসা উচিত। শুধু তা-ই নয়, অন্য কোনো পারিবারিক সমস্যা কিংবা পেশাগত সমস্যায়ও আপনি তাঁকে সাহায্য করে যোগ্য সহকর্মীর ভূমিকা অবলম্বন করতে পারেন।
ক্ষমতার জোর, ক্ষণিকের দৌড়
ক্ষমতার জোর খাটিয়ে অধীন কর্মচারীদের অপদস্থ করে রাখা কখনোই গ্রহণযোগ্য না। কেননা, আজ হয়তো আপনি আপনার ক্ষমতার অপব্যবহার করছেন, কাল হয়তো আপনার ওপরের কেউ আপনার ওপর তাঁর ক্ষমতার অপব্যবহার করবেন। তা ছাড়া কর্মচারী যদি মানসিক প্রশান্তিতে কাজ করতে না পারেন, তাহলে কাজের স্বয়ংসম্পূর্ণতা আসে না। অন্যদিকে কাজে আত্মসন্তুষ্টি না এলে সেখানে কাজের পরিবেশ থাকে না এবং চাকরি পরিবর্তনের প্রবণতা বেশি দেখা যায়।
ঝুঁকি নেওয়ার সাহস করুন
প্রতিটি প্রতিষ্ঠানের নিজস্ব নীতি থাকে। প্রতিযোগিতায় টিকে থাকার জন্য অনেক সময় ঝুঁকি নিতে হয়। হয়তো এই ঝুঁকি আপনাকে আপনার সহকর্মীদের কাছে করে দিতে পারে ভালোবাসার পাত্র। ত্যাগের মহিমা ভোগের আনন্দে মূর্ছা যায়, যদিও আমরা সবাই শৈশবে ভাবসম্প্রসারণ পড়েছি: ‘ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ’। আসলেই তা-ই, যখন আপনি আপনার সহকর্মীর জন্য নিজ স্বার্থ ত্যাগ করছেন, এতে আপনার মহানুভবতা প্রকাশ পায়। আপনার সহকর্মী হয়তো এই ঋণ কখনোই শোধ করতে পারবেন না, কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকবে, যা হয়তো আগে অসম্ভব ছিল। এ অবস্থায় আপনিও হয়তো সহযোগিতা পেতে পারেন আপনার সহকর্মীর কাছ থেকে।
পারস্পারিক বোঝাপড়ার মাধ্যমে সমস্যার সমাধান খুঁজুন
সহকর্মীদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলে যেকোনো প্রতিষ্ঠানে সব ধরনের বড় পদক্ষেপ নেওয়া সম্ভব। কেননা, একজনের বুদ্ধির চেয়ে দশজনের বুদ্ধির মূল্য অনেক বেশি। তা ছাড়া আন্তবিভাগীয় সম্পর্কে টানাপোড়েন থাকলে সেই প্রতিষ্ঠানের উন্নয়ন ও অগ্রযাত্রা ব্যাহত হয়। এখন করপোরেট হাউসগুলোতে আন্তবিভাগীয় কোন্দল দেখা যায়। যেখানে বিপণন বিভাগ চাইবে তাদের পণ্যের বিপণন ও বিজ্ঞাপনের জন্য অধিক খরচ করতে, অপরদিকে হিসাব বিভাগ চাইবে কী করে অল্প বাজেটে তা সম্পন্ন করা যায়। সে ক্ষেত্রে নিজের সৃজনশীলতার ব্যবহার আবশ্যক। কী করে কম বাজেটে বিপণন বাড়ানো যায়, সেদিকে খেয়াল করতে হবে। মূলত মানসিকতার পরিবর্তন আনা জরুরি।
সততাই শ্রেষ্ঠ নীতি
সততা এক অমূল্য রতন। চেষ্টা করুন আপনি আপনার সহকর্মীর কাছে সৎ ও বিশ্বাসযোগ্য ব্যক্তির একজন হতে। হয়তো এই বিশ্বাস আপনাকে বহুগুণ এগিয়ে নিয়ে যাবে। আপনার সফল ক্যারিয়ার গড়ায় একধাপ এগিয়ে যাওয়ার ক্ষেত্রে সফলতার মার নেই। অপরদিকে যখন আপনি আপনার উচ্চপদস্থ কর্মকর্তার বিশ্বাস জোগাতে সক্ষম হবেন, পরবর্তী সময়ে অনেক ক্ষেত্রে আপনি আপনার কর্মকর্তার কাছে অন্য রকম প্রাধান্য পাবেন।
পরিষ্কার থাকুন এবং পরিষ্কার রাখুন
থাকুন ফিটফাট আর চনমনে। পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা করপোরেট সংস্কৃতির একটা অংশ। চেষ্টা করুন আপনার ডেস্ক কিংবা ডেস্কের আশপাশ পরিষ্কার রাখতে, যেটা আসলে আপনার সহকর্মীদের সহজে দৃষ্টি আকর্ষণ করতে পারে। আর চেষ্টা করুন পরিষ্কার জামাকাপড় পরতে এবং পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে। করপোরেট হউসগুলো কর্মচারীদের করপোরেট শিষ্টাচারের ওপর নানা রকম প্রশিক্ষণ দেয়। উদ্দেশ্য একটাই, আদবকেতা ও পোশাক-আশাক সম্পর্কে কর্মীদের সচেতন করা।
অনুলিখন: শাকিল চৌধুরী