সবারই শিক্ষাজীবন শেষে তাড়া থাকে কর্মক্ষেত্রে ঢোকার। প্রকৌশলীরাও এর ব্যতিক্রম নন। কিন্তু এ ক্ষেত্রে চাকরির আগে স্বল্পকালীন প্রশিক্ষণের সুযোগ না থাকায় সমস্যায় পড়তে হয় তাঁদের। অনেক কিছুরই ব্যবহারিক ও বাণিজ্যিক প্রয়োগে ঝামেলা পোহাতে হয়। চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীদের এমন সব সমস্যা সমাধানে এগিয়ে এসেছে বাংলাদেশ ট্রেনিং ইনস্টিটিউট অব কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (বিটিআইসিআই)। আয়োজন করে মাসব্যাপী প্রশিক্ষণের। ১২ মে শুরু হওয়া এ প্রশিক্ষণ কর্মশালা শেষ হয় ১৪ জুন। সমাপনী দিনে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়।কর্মশালায় শিক্ষার্থীদের বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র, মোটর, জেনারেটর, ট্রান্সফরমার, যান্ত্রিক কম্পন, কারখানার উৎপাদন প্রক্রিয়া ও নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর প্রশিক্ষণ দেওয়া হয়। এ ছাড়া বিদ্যুৎ তৈরির প্রক্রিয়া, বণ্টনব্যবস্থা এবং বিভিন্ন সফ্টওয়্যারের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা নিয়ন্ত্রণের ওপরও আলোচনা হয় । এ প্রশিক্ষণ দলের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চুয়েটের তড়িৎকৌশল বিভাগের শিক্ষক সম্পদ ঘোষ। প্রশিক্ষণ দেন কোপেনহেগেনের জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশ প্রকৌশলী দলের সদস্য তরুণ কান্তি সরকার। তিনি বলেন, বাস্তব অভিজ্ঞতা না থাকায় চাকরি জীবনের প্রথমে প্রকৌশলীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। বাস্তবসম্মত এ উচ্চতর প্রশিক্ষণ তাঁদের সমস্যা কাটিয়ে উঠতে সহায়ক হবে।প্রশিক্ষণের পাশাপাশি খেলাধুলা, ভ্রমণ ও বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশেষ করে, শীতলক্ষ্যা নদীর তীরে বেড়ানো, প্রীতি ভলিবল ম্যাচ ও নৌকা ভ্রমণ শিক্ষার্থীদের আনন্দ দেয়। সমাপনী দিনে দক্ষ প্রকৌশলী গঠনে টিআইসিআইয়ের কেন্দ্রীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন টিআইসিআইয়ের নির্বাহী পরিচালক মো. সেলিম হোসেন। প্রশিক্ষণে অংশ নেওয়া তড়িৎকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী জয়িতা বিশ্বাস বলেন ‘এ প্রশিক্ষণ নেওয়ার ফলে আমরা কারখানায় ব্যবহূত অনেক নতুন প্রযুক্তির সঙ্গে পরিচিত হতে পেরেছি। এসব বিষয় আমাদের কর্মজীবনে সহায়ক হবে।’