কর্মজীবনের প্রথম পাঠ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের চোখে জীবন গড়ার স্বপ্ন, সে স্বপ্নের প্রথম সিঁড়ি কর্মজীবন। কারও ইচ্ছে উচ্চপদে চাকরি করা, কারও শিক্ষক হয়ে সমাজে আলো ছড়ানো। সে জন্য চাই নিজেকে তৈরি করা। কর্মজীবনে মানুষের সঙ্গেই হবে যত লেনাদেনা। তাই মানুষের কাছে যেতে চান তাঁরা, কথা বলতে চান, সঙ্গে কিছু উপার্জনও। নারী বিপণনকর্মীরা কর্মজীবনের প্রথম পাঠ নিচ্ছেন বাণিজ্য মেলায়। তাঁদের বেশির ভাগই কলেজ-বিশ্ববিদ্যালয়ে পড়েন। মেলায় ঢুকতেই বিভিন্ন প্যাভিলিয়নে চোখে পড়ে লাল-নীল শাড়িতে রূপসী তরুণীদের প্রাণবন্ত ব্যস্ততা। কয়েক বছর ধরেই বিপণনের কাজে মেয়েদের অংশগ্রহণ বাড়ছে। অবশ্য কম্পিউটার মেলা, আবাসন মেলা, বইমেলায়ও কাজ করতে বেশ আগ্রহ দেখাচ্ছেন তরুণীরা। যেভাবে এলেন তাঁরা: ইউনিলিভারের প্যাভিলিয়নে নারীকর্মীদের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁদের কেউ এবারই প্রথম এসেছেন। কেউ কেউ এসেছেন গতবারের মেলায় যাঁরা কাজ করেছেন তাঁদের সহযোগিতায়। অবশ্য তাঁদের একটা পরীক্ষাও দিতে হয়েছে। তাঁরা জানান, অনেক সময় বিশ্ববিদ্যালয়গুলোতে মেলায় কর্মী চেয়েও বিজ্ঞপ্তি দেওয়া হয়। এভাবে ব্যক্তিগত যোগাযোগ ও বিজ্ঞপ্তি দেখে অনেকে বিভিন্ন মেলায় খণ্ডকালীন কাজ করতে আসেন।নিরাপত্তা: নারীদের কাজ করার ক্ষেত্রে প্রধান বাধা হচ্ছে নিরাপত্তাহীনতা। তবে বাণিজ্য মেলায় একটা নিরাপত্তাবেষ্টনী রয়েছে যার ভেতর মেয়েরা নিজেদের নিরাপদ ভাবেন। তা ছাড়া স্টল-প্যাভিলিয়নগুলোতে তাঁরা বিশেষ সুবিধাও পান।মেলা ঘুরে দেখা যায়, বেশির ভাগ নারীকর্মী কাজ করছেন বড় বড় প্যাভিলিয়নে। এর মধ্যে বেশি নারীকর্মী চোখে পড়ে বাংলালায়ন, ইউনিলিভার, মার্কস, এইচআরসি, তালুকদার গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, মৌসুমি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের প্যাভিলিয়নে। কারণ, ছোট স্টলে কাজ করা স্বস্তিদায়ক নয় বলে মনে করেন তাঁরা। মার্কসের প্যাভিলিয়নে কাজ করতে আসা সিটি কলেজের ছাত্রী আঞ্জুমান আরা বলেন, ‘ছোট স্টলগুলোতে কাজ করে ততটা স্বস্তি পাওয়া যায় না।’ প্যাভিলিয়নগুলোতে নারীকর্মীর পাশাপাশি কাজ করছেন পুরুষেরাও। তাঁদের কাছ থেকে বেশ সহযোগিতা পাচ্ছেন বলে জানান সংশ্লিষ্ট কর্মীরা। তা ছাড়া, পালাভিত্তিক দায়িত্ব ভাগ করে দেওয়ায় বিশ্ববিদ্যালয় বা কলেজে ক্লাস করতেও নারীকর্মীদের তেমন সমস্যা হচ্ছে না। আবার কোনো কোনো স্টলের মালিক রাতের পালার কর্মীদের বাসায় পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করছেন। মেলা থেকে সঞ্চয়: লেখাপড়ার ফাঁকে কাজ করার সুযোগ, চাকরির আগাম স্বাদ ও হাতখরচ পাওয়ার আনন্দ অন্য রকম নারীকর্মীদের কাছে। এ প্রসঙ্গে ইউনিলিভারের প্যাভিলিয়নের কর্মী নাসিরাবাদ মহিলা কলেজের ছাত্রী ইসরাত পারভীন জানান, এরপর পৃষ্ঠা ২ কলাম ৪‘ভবিষ্যতে মাল্টিন্যাশন্যাল (বহুজাতিক) কোম্পানিতে কাজ করার ইচ্ছে আছে। তাই এখন থেকেই নিজেকে প্রস্তুত করে নিচ্ছি।’ একই প্যাভিলিয়নের সাবিহা খালেদ ক্রেতাদের সঙ্গে কথা বলার অভিজ্ঞতা কাজে লাগাতে চান কলেজের শিক্ষক হয়ে। মৌসুমি ইন্ডাস্ট্রিজের এক কর্মী নাম প্রকাশ না করে জানালেন, ভবিষ্যতে সুযোগ পেলে অন্যান্য মেলায়ও কাজ করবেন তিনি। এখান থেকে অর্জিত টাকা দিয়ে ল্যাপটপ কেনার ইচ্ছে রয়েছে তাঁর। বাংলালায়নের কর্মী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রিয়াঙ্কা বলেন, ‘শখের কাজের টাকা পছন্দের জিনিস কিনে এখানেই শেষ করে যাব।’ বাংলালায়নের কর্মীরা জানান, কর্তৃপক্ষ তাঁদের বলেছে—এই মেলায় যাঁদের কাজের মান ভালো হবে তাঁদের স্থায়ীভাবেই বিপণন বিভাগে চাকরি দেওয়া হবে।আছে কিছু সমস্যাও: মেলায় ভালো দিকগুলোর পাশাপাশি রয়েছে কিছু সমস্যাও। একাধিক নারীকর্মী জানান, প্রথমদিকে আশপাশ বেশ পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও এখন পরিবেশ খুবই খারাপ, বিশেষ করে শৌচাগারগুলো। মার্কস প্যাভিলিয়নের আঞ্জুমান আরা বলেন, ‘শৌচাগারের পরিবেশ আরও ভালো করা দরকার।’দুপুরে আসেন ‘দাদারা’: ‘মেয়েরা বাইরে কাজ করবেন আর বখাটেরা তাদের বিরক্ত করবে না, তা তো হওয়ারই না।’ বখাটেদের উৎপাত সম্পর্কে কথাগুলো বলছিলেন ম্যালেরিয়া প্রতিরোধক মশারি বিক্রেতা প্রতিষ্ঠান মার্কেট এক্সএসের কর্মী মিথিলা। তিনি জানান, ‘দুপুরে মেলা খানিকটা নীরব হলে এ সময়টাতে উপস্থিত হন ক্রেতারূপী দাদারা, যাঁরা হয়তো আশপাশেই থাকেন।’মধুর কিছু সম্পর্ক: একটি স্টলে যখন একদল তরুণ-তরুণী এক মাস কাজ করেন, স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজের ছাত্রী, ইউনিলিভারের বিক্রয়কর্মী সাবিহা খালেদ বলেন, ‘এখানে কিছু সম্পর্ক গড়ে ওঠে ক্ষণিকের জন্য, কিন্তু কখনো কখনো তা দাগ কেটে যাওয়ার মতো।’