কর্মজীবী মায়ের উভয়সংকট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাড়িতে ছেলেটা অসুস্থ, অফিসে এসেও দুশ্চিন্তা কাটছে না। বারবার ফোন করতে হচ্ছে। এদিকে একটু পরই জরুরি মিটিং। মডেল: জিনিয়া। ছবি: অধুনা
বাড়িতে ছেলেটা অসুস্থ, অফিসে এসেও দুশ্চিন্তা কাটছে না। বারবার ফোন করতে হচ্ছে। এদিকে একটু পরই জরুরি মিটিং। মডেল: জিনিয়া। ছবি: অধুনা

তাশফিয়া নাজনীনের অফিসে আজ খুব জরুরি একটা মিটিং। সব দায়িত্ব তাঁর কাঁধে। অনেক দিন ধরে খেটেখুটে মিটিংয়ের কাগজপত্র তৈরি করেছেন। ক্লায়েন্টদের কাছ থেকে সময় বের করতেও বহু বেগ পেতে হয়েছে। এদিকে তাঁর তিন বছরের ছোট্ট ছেলেটার রাত থেকে জ্বর। কমারও লক্ষণ নেই। বাড়িতে শ্বশুর-শাশুড়ি আছেন, কিন্তু শরীর খারাপ হলে ছেলেটা মা ছাড়া কিচ্ছু বোঝে না। ছেলের মলিন মুখের দিকে তাকিয়ে তাশফিয়া মিটিং-টিটিংয়ের কথা ভাবতেই পারছেন না। এদিকে অফিস থেকেও বারবার ফোন আসছে। কী করবেন তাশফিয়া? 
চাকরিজীবী মায়েদের জন্য এই সমস্যা নতুন কিছু নয়। অফিসের দায়িত্ব আর সংসারের দায়িত্ব, দুটো একটু আলাদা। যে সম্পর্ক ভালোবাসায় গড়া, তাকে তো আর নিয়মে বাঁধা যায় না। অসুখ-বিসুখ হলে সন্তানের মা ছাড়া চলবে না, এটাই স্বাভাবিক। যারা একক পরিবারে বাস করে, তাদের সমস্যা আরও বেশি। অসুস্থ সন্তানকে কাজের লোকের ওপর ভরসা করে রেখে আসতে হয়। আর সন্তানের শরীর খারাপ হলে পূর্ণ মনোযোগ মিটিংয়ের দিকেও থাকে না বেশির ভাগ ক্ষেত্রে।
কিউবির জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক শামিমা আক্তারের কাছে বিষয়টা তুলতেই সঙ্গে সঙ্গে বুঝে নিলেন। বললেন, ‘আমার কাছে মন দিয়ে কাজ করাটা খুবই জরুরি। আমি যদি মানসিকভাবে বিপর্যস্ত থাকি, চাইলেও মন দিয়ে কাজ করতে পারব না। এই ব্যাপারটা বুঝতে হবে। মনে রাখতে হবে, সংসার এবং অফিসের কাজ—কোনোটাই কিন্তু কোনোটার প্রতিদ্বন্দ্বী নয়। দুটোই সামলে চলতে হবে।’
পরিস্থিতি বুঝে সিদ্ধান্তটা নিতে হবে নিজেকেই। এ ক্ষেত্রে আসলে নিজের বিচক্ষণতার ওপর নির্ভর করা ছাড়া উপায় নেই। তবু এ সমস্যা সামলে নিতে কী করা যেতে পারে, সে সম্পর্কে কিছু ধারণা দিলেন শামিমা আক্তার।
 শুরু থেকেই কর্মক্ষেত্রকে একটি পরিবার মনে করতে হবে। সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক রাখতে হবে। নিজের সমস্যার কথা জানিয়ে মিটিংয়ের প্রস্তুতি তাঁদের নিতে বলতে পারেন। যেন অফিসে এসেই আপনি সরাসরি আপনার প্রেজেন্টেশন শুরু করতে পারেন। এতে সময় বাঁচবে। মিটিং শেষ হওয়া মাত্র দেরি না করে বাড়ি যেতে পারবেন। আর একান্তই মিটিংয়ে হাজির হতে না পারলেও তাঁরা যেন দায়িত্ব নিয়ে অফিসের দিকটা সামলে নিতে পারেন, সে জন্য তাঁদের আগেই টেলিফোনে পুরো বিষয়টি বুঝিয়ে বলা যেতে পারে।
 চাকরিজীবী মায়েদের আগে থেকেই এ ধরনের সমস্যার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। বড় কাজগুলোকে ছোট ছোট ভাগে বিভক্ত করে ফেলতে হবে।
 পরিবারের দিক থেকে সবার আগে দায়িত্ব নিতে হবে সন্তানের বাবাকে। স্ত্রীকে যদি অফিসে যেতেই হয়, স্বামী যেন ব্যাপারটা বোঝেন এবং বাসার দিকটা সামলে নিতে পারেন।
 কাজের লোকের কাছে রেখে আসতে ভরসা না পেলে কাছের কোনো বন্ধু বা আত্মীয়কে অনুরোধ করতে পারেন আপনার অনুপস্থিতিতে বাসায় থাকার জন্য।