এখানে (পুষ্টিবিষয়ক কর্মশালায়) একজন মহিলা ডাক্তার দিয়ে কেন কর্মশালা উপস্থাপন করা হলো? উপযুক্ত একজন পুরুষ দিয়ে উপস্থাপন করা হলে বিশৃঙ্খলা হতো না।’পুষ্টিবিষয়ক একটি কর্মশালায় বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে আর্সেনিকবিষয়ক অপর এক কর্মশালায় এমন মন্তব্য করেন নাঙ্গলমোড়া ইউনিয়নের চেয়ারম্যান কামাল উদ্দীন। চেয়্যারম্যানের বক্তব্য নারীবিদ্বেষী এবং দায়িত্বজ্ঞানহীন উল্লেখ করে ক্ষোভ প্রকাশ করেছেন কর্মশালায় সংশ্লিষ্ট কর্মকর্তারা। তাঁরা ওই চেয়ারম্যানের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান। কর্মশালায় অংশগ্রহণকারী একাধিক সূত্র জানায়, গত সোমবার বেলা ১১টায় হাটহাজারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে পুষ্টিবিষয়ক একটি কর্মশালা উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা এবং বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা অংশ নেন। কর্মশালাটি উপস্থাপন করেন হাটহাজারী স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কর্মকর্তা (পুষ্টি) তানজিলা তাবিবা চৌধুরী ও অপর একজন পুরুষ সহকর্মী। এতে বক্তব্য দিতে না ডাকায় কর্মশালার শেষ দিকে চিৎকার করে মিলনায়তন থেকে বেরিয়ে যান চেয়ারম্যান কামাল উদ্দীন। এর পরই বেলা একটার দিকে একই মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে আর্সেনিকবিষয়ক অন্য এক কর্মশালা শুরু হয়। এতে বক্তব্য দিতে দাঁড়িয়ে আগের কর্মশালায় তাঁকে বক্তব্য দিতে না দেওয়ায় নারী উপস্থাপকের প্রতি ক্ষোভ প্রকাশ করেন কামাল উদ্দীন। এ প্রসঙ্গে চিকিৎসা কর্মকর্তা তানজিলা তাবিবা চৌধুরী বলেন, ‘চেয়ারম্যানের এ ধরনের মন্তব্য করা উচিত হয়নি। সুশিক্ষিত মানুষ কখনো এ ধরনের মন্তব্য করতে পারেন না।’ তিনি জানান, কর্মশালায় চেয়ারম্যানের বক্তব্য দেওয়ারও কোনো সিদ্ধান্ত ছিল না। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহিউদ্দিন বলেন, বিসিএস পরীক্ষার মাধ্যমে চিকিৎসকেরা প্রথম শ্রেণীর কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন। এখানে নারী-পুরুষ বিভাজন করার কোনো সুযোগ নেই। যোগাযোগ করা হলে চেয়ারম্যান কামাল উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘আসলে আমি বোঝাতে চেয়েছি ডাক্তার মেয়েটির ম্যাচিউরিটি (পরিপক্বতা) আসেনি।’