ছুরিতে হাত কেটেছে গোরকঘাটার হিন্দুপাড়ার দীপংকরের (২৮)। সকাল নয়টায় জরুরি বিভাগে ছুটে যান তিনি। কিন্তু সেখানে কোনো চিকিত্সক নেই। দীপংকরের হাত থেকে রক্ত ঝরছিল। তাঁর হাঁকডাকে চিকিৎসকের খোঁজে বের হন চতুর্থ শ্রেণীর কর্মচারী প্রকাশ দাশ। পরে তিনি অন্তর্বিভাগ থেকে চিকিত্সা কর্মকর্তা সুমন সেনকে ডেকে আনেন। এরপর জরুরি বিভাগে চিকিত্সা নিতে আসেন বড় মহেশখালী জাগিরাঘোনার কামাল হোসেন ও আনোয়ারা বেগম। কিন্তু তাঁরাও চিকিত্সকের জন্য অপেক্ষা করতে থাকেন। জানা গেল, জরুরি বিভাগের দায়িত্বে ছিলেন উপসহকারী কমিউনিটি চিকিত্সা কর্মকর্তা আব্দুল মান্নান। তিনি তখন হাসপাতালের সম্মেলন কক্ষে স্বাস্থ্য অধিদপ্তরের একটি কর্মশালায় রয়েছেন। অন্তর্বিভাগের অবস্থা আরও করুণ। অন্য ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে ধার করে আনা দুজন চিকিত্সক দিয়ে চলছে চিকিত্সাসেবা। গত বুধবার মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ সব দৃশ্য চোখে পড়ে।সরেজমিনে দেখা গেছে, বহির্বিভাগে দুই শতাধিক রোগীর লাইন। একটি টিকিট পাওয়ার আশায় দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন রোগীরা। দুটি কক্ষে রোগীদের চিকিত্সা দিচ্ছেন মাতারবাড়ি ও শাপলাপুর ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল সার্জন মোহাম্মদ সাইফুল্লাহ ও সুমন সেন। হোয়ানকের কালাগাজিরপাড়ার বাসিন্দা সেলিম উদ্দিন জানান, ‘টিকিটের জন্য লাইনে দাঁড়াতে হয়েছে আধঘণ্টা আর চিকিত্সকের দেখা পেতে সময় লেগেছে এক ঘণ্টা।’ মেডিকেল সার্জন মোহাম্মদ সাইফুল্লাহ জানান, ‘প্রয়োজনীয় চিকিৎসক না থাকায় এখানে অতিরিক্ত দায়িত্ব পালন করছি।’ হাসপাতাল সূত্র জানায়, ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জন চিকিৎসক থাকার কথা থাকলেও আছেন মাত্র দুইজন। ১৭০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ৯৬টি পদ শূন্য।স্বাস্থ্য কর্মকর্তা মাহফুজুল হক দাপ্তরিক কাজে প্রায় ব্যস্ত থাকেন। বাকি থাকেন একজন। এ কারণে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র থেকে দুইজন চিকিত্সক ধার করতে হয়েছে বলে জানান মাহফুজুল হক। জরুরি বিভাগে দায়িত্ব পালন না করে আব্দুল মান্নান কর্মশালায় কেন? এমন প্রশ্ন করলে তিনি বলেন, ‘স্বাস্থ্য অধিদপ্তরের আদেশে কর্মশালা হচ্ছে, একজনকে তো পাঠাতে হয়। তাই মান্নানকে পাঠিয়েছি।’