কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২২টি গ্রামীণ সড়ক সংস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়া উপজেলার প্রত্যন্ত এলাকায় অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় ২২টি গ্রামীণ সড়ক সংস্কারের কাজ চলছে। চলতি ডিসেম্বর মাসের শুরুতে এ কাজ শুরু হয়। বর্তমানে প্রায় ৫০ ভাগ কাজ শেষ হয়েছে। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পের আওতায় এ উপজেলার জন্য ২১ লাখ টাকা বরাদ্দ দেয়। যা দিয়ে উপজেলার ২২টি গ্রামীণ সড়ক সংস্কার করা হচ্ছে। সড়কগুলো হচ্ছে: উত্তর রাজানগর বগাবিলি সড়ক, ঠান্ডাছড়ি রিজার্ভপাড়া সড়ক, হোছনাবাদ ইউনিয়নের মরিয়মনগর ডিসি সড়ক, হোছনাবাদ সড়ক, নাজের চৌধুরী সড়ক, খোরশেদ আলম সড়ক, সৈয়দনগর সিকদার সড়ক, রফিক সড়ক, বাচাশাহ সড়ক, তালুকদারপাড়া সড়ক, রোটারি-বেতাগি ইউনিয়ন উচ্চবিদ্যালয় সড়ক, কমর আলী সড়ক, কালুরঘাট ভান্ডালজুড়ী সড়ক, হাজারীখীল সড়ক, ফকিরাঘাট সূর্য্যখোলা বিল সড়ক, পেকুয়া খাল সড়ক, চাষি সড়ক, হাজি রহমানি সড়ক, সাহেব নগর সড়ক, ডাক্তার ধীরেন্দ্র বাড়ি সড়ক, মোহাম্মদপুর দেওয়ানজী সড়ক ও মাস্টার নারায়ণ চন্দ্র সড়ক। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস বলেন, প্রকল্পের আওতায় উপজেলার ৩০০ জন অতি দরিদ্র মানুষ দৈনিক ১৭৫ টাকা বেতনে শ্রম দিয়ে সড়ক সংস্কারকাজ করছেন। যা দিয়ে ৪০ দিন পর্যন্ত কাজ চালানো যাবে। গত ডিসেম্বর মাসের শুরু থেকে প্রকল্পের আওতায় সড়কগুলোর সংস্কারকাজ শুরু হয়। ইতিমধ্যে ৫০ ভাগ শেষ হয়েছে। নাজের চৌধুরী সড়ক মেরামত ও সংস্কারকাজে নিয়োজিত শ্রমিকেরা জানান, প্রতিবছর আমন ধান ওঠার পর তাঁদের কোনো কাজ থাকে না। ফলে বেকার হয়ে পরিবার পরিজন নিয়ে এ সময়টা অভাবে দিনাতিপাত করতে হয়। মজুরি কম হলেও এ কাজ পাওয়ায় তাঁদের অভাব দূর হয়েছে।স্বনির্ভর ইউনিয়নের আন্নসিকদারপাড়া গ্রামের বাসিন্দা মফিজুর রহমান (৫৩) বলেন, ‘সড়কের অভাবে গ্রামের মানুষ শুকনো মৌসুমে বিলের মাঝখান দিয়ে এক কিলোমিটার পথ হেঁটে যাতায়াত করে। বর্ষাকালে ঘর থেকে বেরোনো সম্ভব হয় না। নাজের চৌধুরী সড়কটি হওয়ায় আমাদের কষ্ট লাঘব হবে।’ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, সরকারের অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্পটি শুধু অভাব ঘুচিয়েছে তা নয়, গ্রামীণ অবকাঠামোর উন্নয়নেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।