কর্মসংস্থান ব্যাংকে ২২৬ নিয়োগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রমালিকানাধীন কর্মসংস্থান ব্যাংক সম্প্রতি ডাটা এন্ট্রি অপারেটর পদে লোকবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুসারে, কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে মোট ২২৬ জন নিয়োগ দেওয়া হবে। পদটিতে আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয়েই। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া, আবেদন করা যাবে ১৫ মে, ২০১৭ তারিখ পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আবেদনকারীকে টাইপিংয়ের ক্ষেত্রে প্রতি মিনিটে ইংরেজিতে ২৮ শব্দ এবং বাংলায় ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। এ ছাড়া আবেদনকারীকে কম্পিউটার বা ডাটা এন্ট্রি-সংক্রান্ত কমপক্ষে ছয় মাসের প্রশিক্ষণ গ্রহণের সনদসহ নিয়োগকারী কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত স্ট্যান্ডার্ড অ্যাপিচুড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

শিক্ষাগত এবং অন্যান্য যোগ্যতার পাশাপাশি আগামী ১৫ মে, ২০১৭ তারিখে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে। তবে মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩২ বছর। কিন্তু মুক্তিযোদ্ধা বা শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের সন্তানের ক্ষেত্রে বয়সসীমা হতে হবে ১৮ থেকে ৩০ বছর।

আবেদন প্রক্রিয়া

কর্মসংস্থান ব্যাংকে ডাটা এন্ট্রি অপারেটর পদে আবেদনের জন্য আবেদনকারীকে অনলাইনে www.bdjobs.com/kb এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে। অনলাইনে সঠিকভাবে আবেদনপত্র পূরণের পর আবেদনকারীদের Applicants Copy প্রদান করা হবে। আবেদনকারীদের সেটি হয় ডাউনলোড অথবা প্রিন্ট করে রাখতে হবে। আবেদনকৃত প্রার্থীদের মধ্য থেকে প্রাথমিকভাবে যাচাই বাছাই শেষে যোগ্য প্রার্থীদের এমসিকিউ/লিখিত পরীক্ষার সময় এবং স্থান তাদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের ফলাফল প্রকাশের সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রের সত্যায়িত ফটোকপি ব্যাংকের কর্মী ব্যবস্থাপনা, প্রশিক্ষণ ও মানবসম্পদ বিভাগে জমা দিতে হবে।

বেতন-ভাতা এবং অন্যান্য সুবিধা

ডাটা এন্ট্রি অপারেটর পদে চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীদের মাসে ১০ হাজার ২০০ টাকা থেকে শুরু করে ২৪ হাজার ৬৮০ টাকা হারে বেতন দেওয়া হবে।

বিস্তারিত জানতে যোগাযোগ

কর্মসংস্থান ব্যাংক

১, রাজউক অ্যাভিনিউ, ঢাকা-১০০০

ওয়েবসাইট : www.karmasangsthanbank.gov.bd