কর্মস্থলে কেমন সম্পর্ক জাকারবার্গ দম্পতির?

একই অফিস, প্রকল্প বা উদ্যোগে যদি স্বামী-স্ত্রী পাশাপাশি কাজ করেন, তাতে কি কোনো সমস্যা হয়? অনেকেই স্বামী-স্ত্রী পাশাপাশি কাজ করার বিষয়টিকে ভালোভাবে নেন না। কিন্তু বিশেষজ্ঞরা বলেন, দুজন পাশাপাশি কাজ করলে তার সঙ্গে কিছুটা রোমান্স যুক্ত থাকাটাই তো স্বাভাবিক। এতে তো তেমন কোনো সমস্যা নেই।
স্বামী-স্ত্রীর পাশাপাশি কাজের দুর্দান্ত উদাহরণ ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আর তাঁর স্ত্রী প্রিসিলা চ্যান। স্বামী-স্ত্রী পাশাপাশি কাজের সুবিধা কী তাঁরাই ভালো বলতে পারবেন। সম্প্রতি ফরচুন সাময়িকী আয়োজিত ‘ফরচুন’স ২০১৬ মোস্ট পাওয়ারফুল ওম্যান সামিট’ উপলক্ষে স্বামী-স্ত্রীর পাশাপাশি কাজের সুবিধার বিষয়টি তুলে ধরেন জাকারবার্গ পত্নী চ্যান।
জাকারবার্গ ও চ্যান মিলে কাজ করছেন ‘দ্য চ্যান জাকারবার্গ ইনিশিয়েটিভ’ নামের একটি দাতব্য উদ্যোগে, যা ২০১৫ সালে প্রতিষ্ঠিত হয়। এই উদ্যোগের মাধ্যমে চলতি শতকের মাধ্যমেই এ বিশ্ব থেকে রোগবালাই নির্মূলে ৩০০ কোটি ডলার বিনিয়োগ করা হচ্ছে।
ওই সামিটে স্বামী-স্ত্রীর কাজের সম্পর্ক নিয়ে প্রিসিলা চ্যান বলেন, ‘সত্যি বলতে কী, এটা সত্যিই মজার। আমরা একে অন্যের কাছ থেকে প্রচুর শিখতে পারি।’
প্রিসিলা আরও বলেন, ‘আমরা একে অন্যের পরিপূরক। আমরা যেসব প্রশ্নের সম্মুখীন হই, তা নিয়ে গভীরভাবে ভাবতে পরস্পরকে উৎসাহ ও চ্যালেঞ্জ দিয়ে থাকি।’ জাকারবার্গের প্রশংসা করে প্রিসিলা বলেন, জাকারবার্গ তাঁকে কোনো লক্ষ্যে অটুট থাকতে এবং মিশন থেকে মনোযোগ না সরাতে সাহায্য করেন। আর প্রিসিলা জাকারবার্গকে কোনো মিশনের বিষয় সম্পর্কে জানানোর পাশাপাশি দরকারি মানুষ ও সংস্কৃতি সম্পর্কে শেখান। প্রিসিলা বলেন, ‘আমরা একে অপরকে নানাভাবে সাহায্য করার চেষ্টা করি। কোনো কোনো সময় এটা অস্বস্তি অবশ্য তৈরি করে। কিন্তু সত্যিই তাতে মজাই আছে।’
উল্লেখ্য, ২০১২ সালে জাকারবার্গ ও প্রিসিলা বিয়ে করেন। আগে তাঁদের মধ্যে সম্পর্ক ছিল। গত বছর তাঁদের ঘরে এসেছে মেয়ে ম্যাক্স। তাঁর জন্মের সময় মোট সম্পদের ৯৯ শতাংশ দাতব্য কাজে খরচের ঘোষণা দিয়েছে এ দম্পতি।
তথ্যসূত্র : বিজনেস ইনসাইডার।
আরও পড়ুন