কর্মস্থলেও যেন শিশু করতে পারে মাতৃদুগ্ধ পান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিশুর সুস্থ্য বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। মডেল: ওয়াজিরা, ছবি: অধুনা
শিশুর সুস্থ্য বিকাশে মায়ের দুধের বিকল্প নেই। মডেল: ওয়াজিরা, ছবি: অধুনা

মায়ের বুকের দুধ শিশুর জন্য শ্রেষ্ঠ খাবার। জন্মের পর প্রথম ছয় মাসে শিশুকে শুধুই মায়ের দুধ পান করাতে হবে। শুধু মায়ের বুকের দুধ।
এ নিয়ে প্রচার-প্রচারণা, বিশেষজ্ঞ পরামর্শ, বিশ্ব স্বাস্থ্য সংস্থাসহ আরও অনেক শিশুবান্ধব আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ ও উদ্যোগ সত্ত্বেও এখনো বিশ্বজুড়ে মাত্র ৩৮ শতাংশ শিশু মায়ের বুকের দুধ পান করে থাকে। চলতি আগস্ট মাসের প্রথম সপ্তাহ এ বছর বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ হিসেবে পালিত হচ্ছে। মাতৃদুগ্ধপানের হিতকরী ফল অপরিসীম। বিশ্বজুড়ে মাতৃদুগ্ধপানকে সুরক্ষা করা, উৎসাহিত করা ও সমর্থন দেওয়ার জন্য রয়েছে অনেক সংগঠন। এদেরই উদ্যোগে আগস্টে পালিত হচ্ছে মাতৃদুগ্ধপান সপ্তাহ।
মাতৃদুগ্ধপানের সুফল জনসমাজে ব্যাপক প্রচারের তাগিদ এখনো রয়েছে। জন্ম থেকে প্রথম ছয় মাসে যে শিশুরা শুধু মায়ের বুকের দুধ পান করে, তাদের জীবনের হয় শ্রেষ্ঠ সূচনা।
* শুধু মায়ের বুকের দুধ পান করলে শিশুরা পায় সঠিক পুষ্টি, পায় সুস্থ বাড়ন আর মগজের বিকাশের জন্য সব ধরনের পুষ্টি উপকরণ।
* শিশুরা পায় শ্রেষ্ঠ সুরক্ষা। শ্বাসনালি সংক্রমণ, ডায়রিয়া ও অন্যান্য জীবনঘাতী রোগ থেকে রক্ষা পায়।
* শিশুরা সুরক্ষা পায় স্থূলতা থেকে, অসংক্রামক রোগ যেমন হাঁপানি ও ডায়াবেটিস থেকেও পায় সুরক্ষা।
* বিশ্ব স্বাস্থ্য সংস্থার লক্ষ্য হলো শিশুরা যাতে প্রথম ছয় মাস শুধু মাতৃদুগ্ধপান করে, এভাবে এর হার অন্তত ৫০ শতাংশ বাড়ানো।
সে জন্য কিছু পরামর্শ রয়েছে সংস্থাটির।
মায়ের বুকের দুধের সব ধরনের বিকল্পের বিজ্ঞাপন ও বিপণন সীমিত করা। এ ব্যাপারে বিপণনের আন্তর্জাতিক বিধির মনিটরিং ও যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে। ছয় মাস মাতৃত্ব ছুটিকে উৎসাহিত করতে হবে। মায়েদের বেতনসহ ছুটি দিতে হবে। শিশুকে তখন শুধু মায়ের বুকের দুধ দিতে হবে। শিশুকে তখন শুধু বুকের দুধ দিতে মায়েদের ক্ষমতায়ন করা জরুরি। ছয় মাস বেতনসহ মাতৃত্ব ছুটি যাতে মায়েরা পান তা বাস্তবায়ন করতে হবে।
কর্মস্থলে মায়েরা যাতে শিশুকে বুকের দুধ দিতে পারেন তেমন নীতি প্রণয়ন করতে হবে। শক্তিশালী করতে হবে স্বাস্থ্যব্যবস্থাকে। সব হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্র যেন মাতৃদুগ্ধপান সাপোর্ট করে। স্বাস্থ্যব্যবস্থায় শিশুবান্ধব হাসপাতাল উদ্যোগ উৎসাহিত করতে হবে।
মায়েদের জন্য চাই সহযোগিতা। মাতৃদুগ্ধপান সম্পর্কে গর্ভবতী ও দুগ্ধবতী মায়েদের জন্য থাকতে হবে পরামর্শ। লোকসমাজেও এ উদ্যোগ ছড়িয়ে যাবে।
১ থেকে ৭ আগস্ট বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ।
‘কাজের মাঝে শিশু করবে মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’ এই প্রতিপাদ্য নিয়ে পলিত হচ্ছে এ সপ্তাহটি। ১৯৯৩ সালে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহে মাতৃবান্ধব কর্মস্থল উদ্যোগের যে অভিযান শুরু হয় ২০১৫ সালে সে উদ্যোগই আরও স্পষ্টভাবে প্রতিধ্বনিত হলো। এই উদ্যোগে সরকারই শুধু নয় সব প্রতিষ্ঠান ও জনগণও শামিল হবে, কর্মস্থলে যাতে মায়েরা বুকের দুধ দিতে পারে শিশুকে। এবার প্রতিপাদ্যের সঙ্গে সাতটি বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে। এগুলো হলো: সুযোগ, মাতৃত্বকালীন ছুটি, মাতৃত্বকালীন সুবিধা বা নগদ সহায়তা, স্বাস্থ্য সুরক্ষা, চাকরির সুরক্ষা এবং বৈষম্যহীনতা, মাতৃদুগ্ধদানের জন্য বিরতি এবং দুগ্ধদানের সুব্যবস্থা।
ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও সবল জাতি হিসেবে গড়ে তুলতে শিশুকে মাতৃদুগ্ধপান করাতে উদ্বুদ্ধকরণ, এ ব্যাপারে সব সচেতনতা সৃষ্টি করা, মায়েদের কর্মস্থল ও ঘরের বাইরে অন্যত্র শিশুকে বুকের দুধ পানের জন্য অবাধ সুযোগ-সুবিধা দেওয়ার উদ্যোগ নিতে সংশ্লিষ্ট সবাইকে সচেতন করাই এসব হলো এবার এই বিশ্ব মাতৃদুগ্ধপান সপ্তাহ পালনের উদ্দেশ্য।
কর্মস্থলে মাতৃত্বকালীন সুরক্ষা দিয়ে মা ও শিশু উভয়ের সুস্বাস্থ্য, সুখ, বিশ্রাম ও দুশ্চিন্তামুক্ত অবস্থা থাকে। মা চাকরিতে নিরাপত্তা, টাকা-পয়সা ও চিকিৎসা সুবিধা পাওয়ায় পরিবার লাভবান হয়। শিশু কাছে থাকলে মায়ের মনেও প্রশান্তি থাকে। মাতৃত্বকালীন ছুটিতে মা-বাবা দুজনই সন্তানের দায়িত্ব সমানভাবে পালন করবেন। এতে শিশুর রোগ ও অসুখ হয় কম, এতে পরিবারের চিকিৎসা ব্যয়ও অনেক কমে যায়। নিয়োগকর্তা সন্তুষ্ট ও কর্মঠ জনবল পেয়ে লাভবান হন, কারণ মা কম অনুপস্থিত থাকেন, বিনিয়োগের তিনগুণ লাভ হয়। কর্মজীবী মহিলার জন্য মাতৃত্বকালীন সুরক্ষা ও অধিকার প্রতিষ্ঠার ফলে সম-অধিকার, মানবসম্পদ উন্নয়ন, সম্পদ ও সমাজের কল্যাণ বৃদ্ধি পায়।
লেখক: পরিচালক, ল্যাবরেটরি সার্ভিসেস বিভাগ, বারডেম জেনারেল হাসপাতাল, ঢাকা।