সহকর্মীদের মধ্যে গড়ে উঠতে পারে সেরা বন্ধুত্বের সম্পর্ক। কর্মস্থলে প্রচণ্ড চাপের মধ্যে প্রাত্যহিক দায়িত্ব ও অভিজ্ঞতা ভাগাভাগি প্রভৃতি বিষয়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বন্ধুত্ব তুলনামূলক শক্তিশালী ও অতুলনীয়। যুক্তরাজ্যের ল্যাংকেস্টার বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এ ব্যাপারে যুক্তি ও প্রমাণ তুলে ধরেছেন ইমোশন স্পেস অ্যান্ড সোসাইটি সাময়িকীতে।গবেষকেরা কর্মস্থলকে ‘আধুনিক যুগের সামাজিক সংঘ’ হিসেবে বর্ণনা করেছেন। তাঁরা যুক্তরাজ্যের বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বশীল ৪০ জন ব্যক্তির সাক্ষাৎকার নেন। তাঁদের বিভিন্ন ধরনের বন্ধুত্বের ব্যাপারে প্রশ্ন করা হয়। তাঁদের পরিমণ্ডল সম্পর্কে অনুসন্ধানের ভিত্তিতে সবচেয়ে শক্তিশালী ও সবচেয়ে দুর্বল বন্ধুত্বের সম্পর্কগুলোও চিহ্নিত করা হয়। এতে স্পষ্ট হয়ে ওঠে, কর্মস্থলের বন্ধুত্বই হয় সবচেয়ে শক্তিশালী ও কার্যকর। আবার কর্মস্থলে চাপ যত বেশি হয়, বন্ধুত্ব হয় তত দৃঢ়। এমনকি ব্যক্তিগত মতামতের অনেক অমিল সত্ত্বেও এ ধরনের বন্ধুত্ব গড়ে ওঠে এবং অটুট থাকে। কর্মস্থলের বন্ধুত্ব শক্তিশালী হওয়ার কারণ হিসেবে গবেষকেরা বলেন, কর্মক্ষেত্রে একজন ব্যক্তির মানসিক চাপের সময়ে সবচেয়ে বেশি সহায়তার সুযোগ থাকে। আর প্রচণ্ড চাপের কর্মস্থলে সহকর্মীরা ঘণ্টার পর ঘণ্টা পাশাপাশি অবস্থান করেন। তাই এ সম্পর্কের আবেদন এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। সহকর্মীরা তাঁদের অভিজ্ঞতা ভাগাভাগি করে মোকাবিলা করেন প্রতিদিনের বিভিন্ন সমস্যা। শীর্ষ কর্মকর্তার ভূমিকাও এখানে গুরুত্বপূর্ণ। কঠোর মেজাজের কর্মকর্তার অধীনে কাজ করলে সহকর্মীদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। অস্ট্রেলিয়ান হেরাল্ড।