কর্মী ও স্বজনদের প্রাণনাশের হুমকি ছিঁড়ে ফেলা হচ্ছে পোস্টার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সকালে পোস্টার টাঙানো হলে বিকেলে ছিঁড়ে ফেলা হচ্ছে। কর্মী ও স্বজনদের দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকি।
বাঘাইছড়ির উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে প্রার্থীদের নিয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা-সংক্রান্ত সভায় এই অভিযোগ করেছেন আওয়ামী লীগ ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থীরা। গত বৃহস্পতিবার এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমা।
৪ জুন বাঘাইছড়ি উপজেলার আট ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
সভায় বাঘাইছড়ি ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী অলিভ চাকমা বলেন, ‘সকালে পোস্টার টাঙালে বিকেলে ছিঁড়ে ফেলা হচ্ছে। কেউ এজেন্ট হওয়ার সাহস পাচ্ছেন না। এখনো প্রচারণার জন্য একটিবারও এলাকায় যেতে পারিনি। আমার ইউনিয়নে সব কেন্দ্রই ঝুঁকিপূর্ণ।’
বঙ্গলতলী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী (স্বতন্ত্র) অঙ্গত চাকমা বলেন, ‘আমার নির্বাচনী প্রচার বন্ধ রয়েছে। সমর্থকদের হুমকি দেওয়া হচ্ছে। নির্বাচনী প্রচারণা ও সমর্থকদের নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে সহযোগিতা চাচ্ছি।’
মারিশ্যা ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী সুমন চাকমা বলেন, ‘মনোনয়নপত্র জমা দেওয়ার পর এখনো এলাকায় যেতে পারিনি। কিছুদিন আগে আমার স্ত্রী-সন্তানদের সন্ত্রাসীরা বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দিয়েছে। আমার সমর্থক ও প্রস্তাবকারীদের কাছ থেকে মুঠোফোন কেড়ে নেওয়া হয়েছে।’
আমতলী ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী মো. শহীদ মিয়া বলেন, সাধারণ ভোটারদের হুমকি দেওয়া হচ্ছে।
বঙ্গলতলী ইউনিয়নের জনসংহতি সমিতির (এমএন লারমা) সমর্থিত প্রার্থী জ্ঞানজীব চাকমা বলেন, ‘দুষ্কৃতকারীরা আমার সমর্থকদের প্রতিদিন হুমকি দিচ্ছেন। তাদের সমর্থিত প্রার্থী যদি জয়ী না হন তাহলে মেরে ফেলা হবে। সে জন্য সাধারণ ভোটাররা আতঙ্কের মধ্যে রয়েছেন।’
সভায় আরও বক্তব্য দেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আলী হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. ওমর আলী, পৌরসভার প্যানেল মেয়র আব্দুল শুক্কুর, প্রেসক্লাবের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মুফিদুল আলম প্রার্থীদের উদ্দেশে বলেন, ভয়ের কোনো কারণ নেই। নির্বাচনের সময় পর্যাপ্ত পুলিশ, আনসার, বিজিবি, র্যাব ও সেনাসদস্য মোতায়েন থাকবেন।