কর্মীদের নিয়ন্ত্রণে যোগ্য নেতার অভাব
আবাসিক ছাত্রাবাসে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা, ক্যাম্পাসে ফাও খাওয়া, চাঁদাবাজিসহ নানা অনৈতিক কর্মকাণ্ডে বাধা পাওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ বেপরোয়া হয়ে ওঠে বলে অভিযোগ পাওয়া গেছে। তাই ক্যাম্পাসে একের পর এক সন্ত্রাসী ঘটনায় জড়িয়ে পড়ছে কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল কর্মী। এসব কর্মীকে নিয়ন্ত্রণ করার জন্য আদর্শিক নেতার অভাব আছে বলে মনে করছেন ছাত্র-শিক্ষকেরা। জানা গেছে, চট্টগ্রাম নগর রাজনীতিতে আওয়ামী লীগের নেতৃত্বের মধ্যে বিভক্তি আছে। একদিকে এবিএম মহিউদ্দিন চৌধুরী, অন্যদিকে তাঁর বিরোধীদের অবস্থান স্পষ্ট। মহিউদ্দিন চৌধুরীর বিরোধীদের মধ্যে আ জ ম নাসির অন্যতম। চট্টগ্রামের ছাত্রলীগের রাজনীতিতে আ জ ম নাসিরের বড় ধরনের প্রভাব আছে বলে মনে করা হয়।অনুসন্ধানে জানা গেছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও আ জ ম নাসির সমর্থকদের বিরাট প্রভাব আছে। একইভাবে মেয়র সমর্থকদের সংখ্যাও কম নয়। তবে আ জ ম নাসির সমর্থকেরা মোটামুটি সংগঠিত। তবে তাঁরা চলমান আন্দোলনে অনেকটা নিষ্ক্রিয় বলে জানা গেছে। কেউ কেউ গোপনে চলমান আন্দোলনে সমর্থন দিয়ে যাচ্ছেন। যদিও মেয়র সমর্থকেরা উপাচার্যবিরোধী আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দলীয় সূত্র জানায়, মেয়র সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা কমপক্ষে পাঁচটি অংশে বিভক্ত। তাঁদের নিবৃত্ত রাখা পুলিশের জন্য কঠিন হয়ে পড়ে। ক্যাম্পাসে নানা সন্ত্রাসমূলক কর্মকাণ্ডে এরা জড়িত বলে অভিযোগ উঠেছে। হাটহাজারী ও জিআরপি থানায় দায়ের হওয়া বিভিন্ন ফৌজদারি মামলার আসামিদের তালিকায় মেয়র সমর্থকদের সংখ্যা বেশি বলে জানা গেছে। পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, আবু ইউসুফ উপাচার্য হিসেবে দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ১৬ শিক্ষার্থী বহিষ্কার হন, যাঁদের বেশির ভাগ মেয়রপন্থী। বহিষ্কার হওয়া কয়েকজন ছাত্র ফৌজদারি মামলারও আসামি। তাঁদের বিরুদ্ধে ছিনতাই, চাঁদাবাজি, শাটল ট্রেনের বগি দখলে রাখা, মাদক ব্যবহার ও শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আছে বলে জানা গেছে। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এরশাদ হোসেন এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘ছাত্রলীগ বিশাল একটি সংগঠন। এই সংগঠনের কেউ কেউ অপরাধে জড়াতে পারে। তবে কেউ অপরাধ করলে তাঁদের আইনের আওতায় আনতে হবে। আমরা এ বিষয়ে আপত্তি করব না।’ এরশাদ আরও বলেন, ‘আমি নিজেও মেয়রের অনুসারী। আমাদের মধ্যে আগে বিভক্তি ছিল। এখন আমরা ঐক্যবদ্ধ। বছরখানেক আগে মেয়র আমাদের গালিগালাজ করেন। আমাদের দাবির ব্যাপারে তিনি কোনো ভূমিকা রাখেননি। তিনি শুধু উপাচার্যের কথা শোনেন। তাই ছাত্রলীগের অস্তিত্বের জন্য আমরা উপাচার্যকে হঠাতে আন্দোলন শুরু করেছি।’আ জ ম নাসির সমর্থক হিসেবে পরিচিত বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন ক্যাম্পাসে খুনখারাবি, ছিনতাই, ফাও খাওয়া, মাদক নেওয়াসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়া ছাত্রদের দুর্বৃত্ত বলে অভিহিত করেন। তিনি প্রথম আলোকে বলেন, প্রকৃত ছাত্রলীগের কেউ চাঁদাবাজি, সন্ত্রাস, খুনখারাবি করতে পারেন না। এসবের দায়ভারও ছাত্রলীগ নেবে না। তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।জয়নাল অভিযোগ করে বলেন, ‘ক্যাম্পাসে সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা জারি করে বিশ্ববিদ্যালয় প্রশাসন অগণতান্ত্রিক অপশক্তিকে আধিপত্য বিস্তারের সুযোগ করে দিয়েছে। আমরা ক্যাম্পাসে জাতীয় দিবস পালন করতে পারি না। একুশে আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে মিছিল করতে গিয়ে আমাদের সহপাঠীদের অভিযুক্ত করা হয়েছে। আমরা তো এই রকম ক্যাম্পাস চাইনি।’জয়নাল বলেন, ‘বিশ্ববিদ্যালয় বহিষ্কার হওয়া ছাত্রদের কয়েকজন নিরীহ। বন্ধুদের সঙ্গে অপ্রীতিকর ঘটনায় জড়িয়ে পড়ার মতো তুচ্ছ ঘটনায় কেউ কেউ বহিষ্কার হয়েছেন।’