কর্মেই তিনি বেঁচে আছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাকেরুল হক চৌধুরী
জাকেরুল হক চৌধুরী

মৃত্যুর পরও কিছু মানুষ বেঁচে থাকেন তাঁদের কর্মে। মানুষের মধ্যে তাঁদের পাওয়া যায় সব সময়। তাঁদেরই একজন আমার বাবা জাকেরুল হক চৌধুরী, যিনি কখনো নতিস্বীকার করেননি, নীতিতে ছিলেন অটল। তিনি ছিলেন চট্টগ্রামের তথা দেশের আওয়ামী লীগের রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ। সবাই তাঁকে চিনতেন জাকের মিয়া নামে।
অনেক কাঠখড় পুড়িয়ে বাবা তাঁর অবস্থান তৈরি করেন। যৌবনে পা দিয়েই বাঁশখালীর সাধনপুর গ্রাম ছেড়ে জীবিকার সন্ধানে চলে আসেন চট্টগ্রাম শহরে। তখন নদীপথই ছিল বাঁশখালী থেকে শহরে আসার মাধ্যম। কর্মজীবন শুরু করেন মজিদ হোটেল থেকে। অল্প দিনের মধ্যে হোটেল ব্যবসা চালানোর অভিজ্ঞতা রপ্ত করে চলে যান লালদীঘির পশ্চিম পাড়ে। প্রতিষ্ঠা করেন ‘আমানিয়া হোটেল’। বাবার মুখে শুনেছি, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, মওলানা আবদুল হামিদ খান ভাসানী চট্টগ্রামে এলে আমানিয়া হোটেলে অবস্থান করতেন। পরে তিনি বিশ্বস্ত সহচর হয়ে ওঠেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের। বঙ্গবন্ধুর অনুরোধে তখনকার দিনে ইত্তেফাক সম্পাদক তফাজ্জল হোসেন মানিক মিয়াকে ইত্তেফাক পত্রিকার জন্য পাঁচ হাজার টাকা চাঁদা দিয়েছিলেন। এভাবে নানা কাজে বাবা বন্দী হয়ে যান আওয়ামী লীগ ও বঙ্গবন্ধুর ভালোবাসায়।
অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হয়ে বাবা চলে যান নিজ গ্রাম সাধনপুরে। জনসেবার হাতেখড়ি নেন ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে। তিনি দীর্ঘ ২২ বছর ইউনিয়ন বোর্ডের প্রেসিডেন্ট ও পরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন। জনসেবার জন্য চট্টগ্রাম জেলার সেরা চেয়ারম্যান হিসেবে পুরস্কার পেয়েছেন দুবার। ১৯৬১ সালে বাঁশখালী, চকরিয়া, কুতুবদিয়া থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতিতে প্রবেশ করেন। ১৯৬৫ সালে আবার বাঁশখালী ও আনোয়ারা থেকে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্সের নির্বাহী পরিষদের সদস্য ও চট্টগ্রাম হোটেল মালিক সমিতির সভাপতি ছিলেন।
সমাজসেবায় অনন্য অবদানের জন্য পাকিস্তান সরকার তাঁকে ‘তমগায়ে খেদমত’ উপাধিতে ভূষিত করে। কিন্তু পরবর্তী সময়ে স্বাধিকার আন্দোলন চলাকালে বঙ্গবন্ধুর আহ্বানে আইয়ুব খানের দেওয়া পদবি ঘৃণাভরে ত্যাগ করেন। সব রকম লোভ–লালসার ঊর্ধ্বে উঠে তিনি হয়ে রইলেন বঙ্গবন্ধুর বিশ্বস্ত। বঙ্গবন্ধুও ভোলেননি তাঁর সুখ-দুঃখের সাথিকে। ১৯৭৫ সালে দক্ষিণ চট্টগ্রামকে পটিয়া জেলায় উন্নীত করে তার গভর্নর নিযুক্ত করেন জাকেরুল হক চৌধুরীকে।
রাজনীতির কারণে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় তাঁকে শারীরিক ও মানসিক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমাদের সাধনপুরের বাড়িতে পাকিস্তানি সেনারা বোমা মেরেছে, আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। তিনি ১৯৫০ সাল থেকে শুরু করেছিলেন জনসেবা। জীবনের শেষ দিন পর্যন্ত তা করে গেছেন। ১৯৯৩ সালের ১১ জুলাই তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেন।